Logo
×

Follow Us

মঞ্চ

মঞ্চে আসছে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

মঞ্চে আসছে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’

‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ নাটকের মহড়া। ছবি: সংগৃহীত

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবনের নিঃসঙ্গতা ও বেদনার ইতিহাস নিয়ে মঞ্চে আসছে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নতুন নাটক ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’। 

দলটির ৩১তম এ প্রযোজনার উদ্বোধনী প্রদর্শনী আগামী ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। পরদিন ২০ নভেম্বর একই স্থান ও সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী দেখা যাবে।

নাটকটির প্রেক্ষাপট ১৭৯০ সালের এক নিঃসঙ্গ গোধূলি। মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধির পাশে এসে দাঁড়িয়েছেন বয়সের ভারে ন্যুব্জ এক নারী। একসময় যার জীবন ঘিরে ছিল রাজপ্রাসাদের জৌলুশ, ক্ষমতা ও ঐশ্বর্য; আজ তিনি সব হারিয়ে ইতিহাসের এক নিঃসঙ্গ সাক্ষী। খোশবাগের সাধারণ মানুষের কাছে তিনি শুধু নবাবের বিধবা স্ত্রী নন, পরম মমতাময়ী ‘বেগমআম্মা’। মানুষের ভালোবাসাই হয়ে উঠেছে তার জীবনের শেষ সম্বল।

‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ নাটকটি রচনা করেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, সিরাজউদ্দৌলার সমাধির সামনে দাঁড়িয়ে লুৎফুন্নেসার স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে হীরাঝিলের রঙিন দিন, সিরাজের সঙ্গে বিয়ে ও ভালোবাসার স্মৃতি, নবাবি অন্দরমহলের সম্পর্ক, দ্বন্দ্ব এবং ক্ষমতার অন্তরালে চলতে থাকা ষড়যন্ত্র।

স্মৃতির পরতে পরতে আরও জীবন্ত হয়ে ওঠে ফৈজির করুণ পরিণতি, মোহনলালের ভূমিকা, পলাশীর প্রান্তরে মীরজাফর ও ইংরেজদের বিশ্বাসঘাতকতা। পরাজয়ের পর সিরাজের পলায়ন, মহানন্দার তীরে নৌকা ভেড়ানো, দানশা ফকিরের কাছে ধরা পড়া, জিনজিরা হাভেলির বন্দিজীবন এবং শেষ পর্যন্ত খোশবাগে তার সমাধির কথা উঠে আসে এক বিপর্যস্ত সময়ের ইতিহাসে। সিরাজের মৃত্যুর পর নবাবি পরিবারের ওপর নেমে আসা নির্যাতন ও অপমানের স্মৃতিও লুৎফুন্নেসার বয়ানে উঠে আসে।

নির্দেশক শামীম সাগর বলেন, ‘ইতিহাসের ধুলোবালু জমে থাকা পাতায় যে নারী চরিত্রগুলো বারবার উপেক্ষিত কিংবা অধরা থেকে গেছে, তাদের অন্তর্গত আকুতি, বেদনা ও নিঃশব্দ কান্নাকে মঞ্চে মূর্ত করে তোলার এক আন্তরিক প্রয়াস বেগমআম্মা লুৎফুন্নেসা। 

প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এ নাটক দর্শককে শুধু অতীতের মুখোমুখি করে না, প্রশ্ন তোলে ইতিহাসে শেষ পর্যন্ত কে অমর হয়ে থাকেন? যিনি ক্ষমতা জয় করেন, নাকি যিনি মানুষের হৃদয় জয় করেন?’

নাটকটিতে অভিনয় করেছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। মঞ্চ, আলো, আবহসংগীত ও প্রকাশনায় শামীম সাগর, কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু এবং রূপসজ্জায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫