ভাইরাল সংস্কৃতিতে শিল্পচর্চা হারাচ্ছে: নমিরা
তারেক মোহাম্মদ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
তাশদিক আহমেদ নমিরা।
তাশদিক আহমেদ নমিরা। ২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে মিডিয়ার আলোয় প্রথম পা রাখেন। এরপর মডেল ও অভিনেত্রী হিসেবে ছুঁয়েছেন দর্শকের মন, আর নৃত্যশিল্পী হিসেবে গড়ে তুলেছেন নিজস্ব ঠিকানা।
সম্প্রতি ঘুঙুরের নতুন সুরে শুরু করেছেন ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। পাশাপাশি অভিনয়ের ব্যস্ততাও চলছে সমানতালে। এসব নিয়ে সাম্প্রতিক দেশকালের সঙ্গে আলাপ করেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মোহাম্মদ…
‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’র গল্পটা শুনতে চাই?
আট বছর ধরে আমি বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখিয়েছি। টিনেজ বয়স থেকেই ইচ্ছা ছিল নিজের একটি নাচের স্কুল দেওয়ার। চার বছর বয়স থেকে নাচ শিখছি, আর মায়ের স্বপ্ন ছিল আমি নৃত্যশিল্পী হই। সেই ইচ্ছা আর স্বপ্ন থেকেই উদ্যোগটা নিলাম। ছোট পরিসরে শুরু করেছি। ক্লাসিক্যাল, ফোক ও মডার্ন—তিন ধরনের নাচই শেখানো হচ্ছে। শুক্রবারে ক্লাসিক্যাল আর শনিবারে মডার্ন নাচের ক্লাস হয়।
শিশুরা চার বছরের প্রোগ্রামে ভর্তি হতে পারবে। যারা শখে নাচ শিখতে চান কিংবা ছোটবেলায় শেখার সুযোগ পাননি, তাদের জন্য আছে এক বছরের প্রোগ্রাম। আমি চাই, এই একাডেমি থেকে প্রকৃত নৃত্যশিল্পী তৈরি হোক। শিক্ষিত পরিবারের সন্তানেরাও নাচ শিখতে এগিয়ে আসুক।
ইদানীং ভাইরাল হওয়ার নেশায় নাচের সঙ্গে সম্পর্ক নেই—এমন অনেকেও মঞ্চে পারফর্ম করছেন। এ বিষয়ে কী বলবেন?
একজন নৃত্যশিল্পী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। এতে সংস্কৃতি বিকৃত হচ্ছে। দর্শক হয়তো বিনোদন পাচ্ছেন, কিন্তু শিল্পচর্চা হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমাদের সংস্কৃতির মান নিচে নেমে যাবে।
নাচের শো করছেন?
তিন বছর ধরে থার্টিফার্স্ট নাইটে সিঙ্গাপুরে নাচের শো করছি। সেখানকার আয়োজকরা সময় মেপে, নিয়ম মেনে কাজ করেন এবং শিল্পীদের যথেষ্ট সম্মান দেন। এ বছরও দেশের বাইরে শো করার কথাবার্তা চলছে।
অভিনয়ে ব্যস্ততা কেমন?
আগামী ৭ ডিসেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এ ছাড়া মুরাদ পারভেজের পরিচালনায় একটি একক নাটকে কাজ করেছি। শিগগিরই চয়নিকা চৌধুরীর একটি নাটকেও কাজ করব। সব মিলিয়ে নাটকের ব্যস্ততা বেড়েছে।
ইদানীং জনপ্রিয় তারকাদের অশালীন ছবি ও ভিডিও এআই দিয়ে বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রযুক্তির এই অপব্যবহার নিয়ে কী বলবেন?
বিষয়টি দুঃখজনক। কাউকে এভাবে অসম্মান করার অধিকার কারো নেই। যারা এমন করছেন, তাদের আইনের আওতায় আনা দরকার।
