Logo
×

Follow Us

মঞ্চ

সময়ের সঙ্গে ছুটে চলা সূচনা

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

সময়ের সঙ্গে ছুটে চলা সূচনা

সাদিয়া রশ্নি সূচনা। ছবি: সাম্প্রতিক দেশকাল

যান্ত্রিক শহরের কোলাহলে দর্শক-শ্রোতাকে স্বস্তি দেয় যে উপস্থিতি, তার নাম সাদিয়া রশ্নি সূচনা। চলতি সময়ের ব্যস্ততম উপস্থাপকদের একজন তিনি। টেলিভিশন, করপোরেট ইভেন্ট, বিজ্ঞাপনচিত্র, কোথায় নেই সূচনা? এক সন্ধ্যায় ছুটে চলার ফাঁকে নিজের ব্যস্ত দিনের গল্প শোনালেন তিনি।

ক্যারিয়ারের শুরুটা বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ দিয়ে। সূচনা বলেন, “আমার ক্যারিয়ারের প্রথম শো বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’। ২০২১ সাল থেকে শুরু করে আজও আছি এই শোর সঙ্গে। জীবনের অংশ হয়ে গেছে শোটি।”

ঈদে কুকিং শো করেছেন, তবে একুশে টেলিভিশনের ‘একুশের রেসিপি’ তার কাছে আলাদা ভালোবাসার জায়গা। দুই বছর ধরে চলছে অনুষ্ঠানটি। আরটিভিতে করছেন গ্ল্যামার শো। চ্যানেল আইতে নতুন করে শুরু করেছেন ‘দারুণ দুপুর’, যা প্রচারিত হয় শনিবার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে ছয় দিন। 

এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের তারকাদের সাক্ষাৎকার নেওয়া হয়। বছরের শেষ ভাগে প্রতিবারের মতো বাড়ে করপোরেট শোর চাপ। এর সঙ্গে আছে ইউএনডিপিতে চাকরি আর ব্যক্তিগত পড়াশোনা।

বর্তমানে তার তিনটি বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে: আরএফএল, বিকাশ ও ওয়ালটন। তিনি বলেন, ‘প্রতিটি কাজের জন্য দর্শকের দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। তারা বিভিন্ন মাধ্যমে ভালো লাগার কথা জানাচ্ছে।’

উপস্থাপনা থেকে অভিনয়ে এসেছেন সূচনার সমসাময়িক অনেকেই। তাকে কবে নাটকে দেখা যাবে, এই প্রশ্নে তার উত্তর নিরুত্তাপ। ‘আমার কাছে ১২ মাসে ১২টি নাটকের স্ক্রিপ্ট আসে। গল্প ও প্রোডাকশন হাউস পছন্দ হয় না। তা ছাড়া আমি উপস্থাপনা ও উন্নয়নমূলক কাজে অধিকাংশ সময় ব্যস্ত থাকি। অভিনয়ের জন্য সময় বের করা মুশকিল। আর পড়াশোনায় সময় দিতে হয়।’

সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মাস্টার্স শুরু করেছেন সূচনা। কাছাকাছি আরেকটি বিষয়ে মাস্টার্স আগেই করা আছে। 

তিনি বলেন, ‘আমি শিশুদের নিয়ে কাজ করতে ভালোবাসি। শিশুদের নিয়ে কাজ করতে গেলে দক্ষতা অর্জন করতে হয়। ইচ্ছা আছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ সময় শাড়িতেই দেখা যায় সূচনাকে। সাধারণ দেশি সাজে তিনি ছড়ান মুগ্ধতার রেশ, নেটাগরিকদের মন্তব্যে যা স্পষ্ট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শাড়ি পরতে ভালোবাসি। জীবন উদযাপনের জন্য আড়ম্বর লাগবে বিশ্বাস করি না। ছবি তোলার জন্য আলাদা কোনো আয়োজনও থাকে না। বেশির ভাগ সময় হাতের স্মার্টফোনেই ধরা পড়ে মুহূর্তগুলো।’

মুদ্রার উল্টো পিঠের মতো সাইবার বুলিংয়ের অভিজ্ঞতাও আছে সূচনার। হাসতে হাসতেই বললেন, দুর্গাপূজা উপলক্ষে তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। ‘নেতিবাচক মন্তব্যের পাশাপাশি প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি। বাজে মন্তব্য ঢেকে গেছে মানুষের ভালোবাসায়। ওপার বাংলার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও প্রচুর ইতিবাচক সাড়া পেয়েছি।’

ফেসবুকে প্রায়ই পাওয়া যায় সূচনার নামে ভুয়া আইডি। বিষয়টি মাঝেমধ্যে তিনি নিজেই পোস্ট করে জানান। তার ভাষায়, ‘আমার যত ফেক আইডি, তত শাড়িও নেই, এমনটিই মনে হয় মাঝে মাঝে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হয়। আমার শুভাকাঙ্ক্ষীরা সচেতন। তারা আমাকে জানায়, নিজেরাই রিপোর্ট করে দেয়।’

ডিপফেকেরও শিকার হয়েছেন তিনি। একে দেখছেন খ্যাতির বিড়ম্বনা হিসেবে। ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর হতে হবে। পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তনও জরুরি’—মন্তব্য তার।

চাকরি, উপস্থাপনা আর পড়ালেখার চাপ সামলে জীবন চালানোর রহস্য কী? এখানেও সাবলীল সূচনা। ‘সময় মানুষকে চালিয়ে নিতে শেখায়। সময়ের সঙ্গে চলছি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫