কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ইতিহাস: ১০ লাখ ডলারের কোয়ান্টাম সমীকরণ
আসিফ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
বিজ্ঞানের জগৎ এবং গণিতের কঠিন সমীকরণ সমাধানের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান OpenAI তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) ব্যবহার করে গণিত ও কোয়ান্টাম ফিজিক্সের একটি ঐতিহাসিক ও অত্যন্ত জটিল সমস্যার সমাধান বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে যা মানব গবেষকদের কাছে অধরা ছিল, তা এভাবে এআই দিয়ে সমাধান হওয়াকে বিজ্ঞানীরা বিজ্ঞানের ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে দেখছেন।
পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্বের জানা সমস্ত মৌলিক শক্তি ১৭টি কণার মিথস্ক্রিয়ার মাধ্যমে কাজ করে। এই কণাগুলোকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় “কোয়ান্টাম ফিল্ড” বা ক্ষেত্র। পদার্থবিজ্ঞানীরা কণা ত্বরক যন্ত্রে (যেমন: Large Hadron Collider) কণাগুলোর সংঘর্ষ ঘটিয়ে কী ঘটবে, তা এই গণিত দিয়ে বেশ সুন্দরভাবে হিসাব করতে পারেন।
তবে গাণিতিক দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বে কিছু বড় শূন্যতা বা অসম্পূর্ণতা ছিল। এই গাণিতিক ভিত্তিকে শক্ত করার জন্য যে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হয়, তাকে বলা হয় ইয়াং-মিলস প্রবলেম।
গাণিতিক বিশ্বে অন্যতম সেরা এই সমীকরণটি সমাধানের জন্য বা গণিতের “মিলেনিয়াম প্রাইজ প্রবলেম” এর অংশ হিসেবে ১০ লাখ (১ মিলিয়ন) ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এর মূল লক্ষ্য দুটি: ১. প্রমাণ করা যে এই কোয়ান্টাম ফিল্ড থিওরি গাণিতিকভাবে সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং নিখুঁতভাবে অস্তিত্বশীল। ২. প্রমাণ করা যে এতে একটি ধনাত্মক “মাস গ্যাপ” (Mass Gap) রয়েছে, যা বাস্তব জগতের কণাগুলোর ভরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানব বিজ্ঞানীদের দীর্ঘ প্রচেষ্টা
১৯৮০ এর দশকে গণিতবিদ তাদেউস বালাবান এই সমস্যার প্রথম অংশ অর্থাৎ “অস্তিত্ব প্রমাণের” জন্য হাজার হাজার পৃষ্ঠার একটি স্থূল বা প্রাথমিক গাণিতিক রূপরেখা তৈরি করেছিলেন। কিন্তু সেটি এতটাই দীর্ঘ, জটিল এবং অসম্পূর্ণ ছিল যে কোনো মানুষই তা এককভাবে শেষ করতে পারছিলেন না। বালাবান নিজেও একপর্যায়ে এই ক্লান্তিকর কাজ ছেড়ে দেন।
পরবর্তী দশকগুলোতে বহু গণিতবিদ চেষ্টা করেও এই কঠিন পথ পার হতে পারেননি। সমস্যাটির মূল বাধা নতুন কোনো ধারণা বা তত্ত্বের অভাব ছিল না; মূল বাধা ছিল বিশাল গাণিতিক হিসাব-নিকাশের কাজের পরিমাণ এবং মানুষের ধৈর্যের সীমা।
মানুষের যে জায়গায় ক্লান্তি বা বিরক্তি আসে, কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক সেই জায়গাতেই দারুণ কার্যকর। এআই মডেলগুলো ক্লান্তিহীনভাবে জটিল সংখ্যা ও দীর্ঘ গাণিতিক যুক্তির মধ্য দিয়ে কাজ চালিয়ে যেতে পারে।
গবেষকরা বুঝতে পারেন যে, প্রমাণের এই বিশাল গাণিতিক কাঠামো তৈরি ও যাচাইয়ের কাজে এআই হতে পারে দারুণ উপযোগি হাতিয়ার। ওপেন এআই তাদের শক্তিশালী ও অভ্যন্তরীণ মডেলে উপযুক্ত প্রম্পট ও নির্দেশিকা প্রদান করে। ফলে মডেলটি অবিরত কাজ করে কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স সংক্রান্ত এই গাণিতিক প্রমাণের জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম হয়।
এই ঐতিহাসিক সাফল্যের ঠিক আগেই দুজন মানব গণিতবিদ- লেভেন্ট আলপোগে (Levent Alpöge, যিনি ওপেন এআই -এর প্রধান প্রতিদ্বন্দ্বী 'Anthropic'-এ কর্মরত) এবং এথান সাসম্যান (Ethan Sussman, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গণিতবিদ)- এই একই প্রমাণ নিয়ে কাজ করছিলেন। তারাও বালাবানের কাজকে এগিয়ে নিচ্ছিলেন এবং তাদের অগ্রগতির খবর পাবলিক গিটহাব রিপোজিটরিতে শেয়ার করছিলেন। ঠিক যখন তারা সাফল্যের খুব কাছাকাছি (মাত্র কয়েক সপ্তাহ দূরে) ছিলেন, তখনই ওপন এআই তাদের ফলাফল প্রকাশ করে দেয়। এটি গবেষকদের জন্য কিছুটা হতাশাজনক হলেও এআই-এর অবিশ্বাস্য গতিকে তুলে ধরে।
হার্ভার্ড ইউনিভার্সিটির তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মাইকেল আর. ডগলাসের মতে, এটি গণিত ও পদার্থবিজ্ঞানে একটি মাইলফলক বা যুগান্তকারী অগ্রগতি। গত ৫০ বছর ধরে গণিতবিদরা যে কোয়ান্টাম ফিল্ড থিওরিকে শতভাগ নির্ভুল গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করছিলেন, এআই-এর মাধ্যমে তার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখান থেকে প্রমাণ হয় যে, এআই কেবল লেখালেখি বা ছবি আঁকার মতো কাজেই সীমাবদ্ধ নয়; বরং এটি গণিত ও পদার্থবিজ্ঞানের সবচেয়ে কঠিন এবং সুদূরপ্রসারী প্রান্তিক গবেষণাগুলোতেও মানুষের চেয়ে দ্রুত গতিতে বড় সাফল্য এনে দিতে পারে।
লেখক: বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত
