সমুদ্রের তলদেশে এআই ডেটা সেন্টারে বিপন্ন তিমির আবাস
আসিফ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির বিপ্লব জীবনকে যত দ্রুত গতিশীল করছে, তার পেছনে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ শক্তি খরচ এবং হার্ডওয়্যারের শীতলীকরণের এক বিশাল সংকটের গল্প। হাজার হাজার সার্ভার নিয়ে গঠিত বিশাল সব ডেটা সেন্টার সচল রাখতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ এবং ঠান্ডা পানির প্রয়োজন হয়।
এই সমস্যার অভিনব ও ব্যয়সংকোচি এক সমাধান হিসেবে প্রযুক্তিবিদরা এখন সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছেন। তবে ‘সায়েন্টিফিক আমেরিকান’-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এক চিত্র, যুক্তরাষ্ট্রের উপকূলে প্রস্তাবিত এই বিশাল জলরুদ্ধ ডেটা সেন্টারগুলো তৈরি হতে চলেছে এমন সব জায়গায়, যা মহাবিপন্ন তিমির নিরাপদ আবাসস্থলের ঠিক মাঝখানে অবস্থিত।
সাধারণত ডেটা সেন্টারগুলো ডেটা প্রসেস করার সময় প্রচুর তাপ উৎপন্ন করে। যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়ে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে ল্যান্ডবেসড বা ভূগর্ভস্থ কেন্দ্রগুলো প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার বা মিষ্টি পানি ব্যবহার করে।
কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী বিশাল মিশ্রের ভাষায়, সমুদ্রের পানি কোনো খরচ ছাড়াই এক বিশাল প্রাকৃতিক থার্মাল সিংক বা তাপ অপসারক হিসেবে কাজ করতে পারে। মাইক্রোসফট এর আগে স্কটল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার উপকূলে ছোট পরিসরে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছিল। বর্তমানে চীনের সাংহাই ও হাইনান দ্বীপের উপকূলে কিছু ছোট আকারের জলরুদ্ধ ডেটা সেন্টার চালু রয়েছে।
ডিপগ্রিন হোর্ল্ডিং এলএলসি নামে একটি মার্কিন ডেভেলপার কোম্পানি এখন যে মাপের প্রকল্প হাতে নিতে চাইছে, তা অতীতে কল্পনারও বাইরে। আলাস্কার কুক ইনলেট এবং মেইন উপসাগরে এই সাবসি-কম্পিউট হাব বা ডেটা সেন্টার পডগুলো বসানোর পরিকল্পনা করা হয়েছে, যা শত শত জোয়ার-ভাটার টারবাইন দ্বারা চালিত হবে।
কুক ইনলেটের প্রস্তাবিত প্রকল্পটি প্রায় এক হাজার ৬৫০ একর এলাকাজুড়ে বিস্তৃত হওয়ার কথা, যা এক হাজারেরও বেশি ফুটবল মাঠের সমান! এই বিশাল প্রকল্পের দুটি বড় দিক সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। পানির নিচে ডেটা সেন্টারের পাম্প, ফ্যান এবং শত শত টারবাইন থেকে অবিরাম নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হবে।
আলাস্কার কুক ইনলেটে মাত্র ৩০০টি বেলুগা তিমির একটি অতি সংবেদনশীল অবদমিত তিমি গোষ্ঠী বাস করে। হিমবাহের পলির কারণে ওই অঞ্চলের পানি এত ঘোলা যে তা দেখতে চকোলেট মিল্কের মতো মনে হয়; ফলে বেলুগা তিমিরা তাদের খাবার শিকার, প্রজনন ও চলাচল করার জন্য চোখের বদলে সম্পূর্ণভাবে ‘ইকোলোকেশন’ বা শব্দের ওপর নির্ভর করে। এই অস্বাভাবিক কৃত্রিম শব্দ তাদের জীবনচক্রকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে মেইন উপসাগরে বাস করে বিপন্ন প্রজাতির উত্তর
আটলান্টিক রাইট তিমি, যাদের সংখ্যা বর্তমানে চারশর নিচে নেমে গেছে। গবেষকদের মতে, পানির নিচের অতিরিক্ত কোলাহল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মারাত্মক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়।
ডেটা সেন্টারগুলো মূলত সমুদ্রের পানি দিয়ে তাদের তাপ দূর করবে। কিন্তু এই অতিরিক্ত উষ্ণ পানি যখন পুনরায় সমুদ্রে ফিরে আসবে, তখন তা সংবেদনশীল সামুদ্রিক জীবকূলের ওপর বড় আঘাত হানবে। একইভাবে অতীতে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে মেইন উপসাগরের রাইট তিমিরা তাদের পুরোনো খাদ্যক্ষেত্র ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল।
পরিবেশগত ধ্বংসযজ্ঞের আশঙ্কায় স্থানীয় স্তরে ক্ষোভ ও প্রতিরোধ দানা বাঁধতে শুরু করেছে। মেইনের ইস্টপোর্ট শহর ইতিমধ্যে শিল্পভিত্তিক ডেটা সেন্টারের পারমিটের ওপর স্থগিতাদেশ বা মোরাটরিয়াম জারি করেছে। স্থানীয় পাসামাকোডি উপজাতিও এই প্রকল্পের সঙ্গে কোনো ধরনের সহযোগিতায় অস্বীকৃতি জানিয়েছে। আলাস্কায়ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আইনি হস্তক্ষেপে নেমেছে।
প্রকল্পটির তদারককারী সংস্থা ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন প্রাথমিক প্রস্তাবগুলোকে তথ্যের ঘাটতি ও স্থানীয় আদিবাসীদের যথাযথ সম্পৃক্ততার অভাবে ‘ত্রুটিপূর্ণ’ বলে ঘোষণা করলেও সংশোধিত প্রস্তাবগুলো এখনো পর্যালোচনার টেবিলে রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের নীতিমালা মার্কিন আইন প্রণেতারা সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইন এবং তিমির সুরক্ষাসংক্রান্ত আইনগুলো শিথিল করার কথা ভাবছেন, যা পরিবেশবাদীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
প্রযুক্তির সীমাহীন ক্ষুধা এবং পৃথিবীর আদিমতম ও নিঃশব্দ প্রাণিকূলের অস্তিত্বের এই লড়াই আমাদের সামনে এক গভীর নৈতিক প্রশ্ন তুলে ধরেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সংরক্ষণ ও মেধা প্রসারের দৌড়ে আমরা কি আমাদের গ্রহের অমূল্য জীববৈচিত্র্যকে বলির পাঁঠা বানিয়ে ফেলছি?
সূত্র : সায়েন্টিফিক আমেরিকা
