Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গামা-রে বার্স্ট: পদার্থবিজ্ঞানের নতুন চ্যালেঞ্জ

Icon

আসিফ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

গামা-রে বার্স্ট: পদার্থবিজ্ঞানের নতুন চ্যালেঞ্জ

মহাকাশে বিজ্ঞানীরা এমন অনেক দৃশ্য দেখেছেন যা কল্পনারও অতীত- অন্য গ্রহের অরোরা, লুব্ধকের আশেপাশের নক্ষত্রের ধস কিংবা ব্ল্যাক হোলের চারপাশের আগুনের বলয়। তবে এর কোনোটিই জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় “মহাবিশ্বের শক্তি দানব” গুলোর সমকক্ষ নয়। মহাশূন্যের দূরদূরান্তে মাঝেমধ্যে অত্যন্ত রহস্যময় ও তীব্র আলোর ঝলক দেখা যায়, যা সমগ্র মহাবিশ্বকে কাঁপিয়ে তোলে। এগুলোকে বলা হয় গামা-রে বার্স্ট (GRBs)। 

এই অতিপ্রাকৃতিক বিস্ফোরণগুলো আলোর প্রায় কাছাকাছি গতিতে তীব্র বিকিরণ ও শক্তির বিম ছড়ায়, যা বর্তমানে প্রচলিত পদার্থবিজ্ঞানের অনেক প্রতিষ্ঠিত সূত্র ও ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

মহাবিশ্বের সবচেয়ে চরম ঘটনাগুলোর একটি হলো এই জিআরবি। নক্ষত্রের বিশাল বিস্ফোরণ বা সুপারনোভা এমনিতেই প্রচণ্ড শক্তিশালী, কিন্তু জিআরবি-র তুলনায় সেগুলো নেহাত ছোট পটকার মতো। 

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ব্রেন্ডন ও কনরের মতে, হিরোশিমার পারমাণবিক বোমার শক্তির চেয়ে প্রায় “এক মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ” বেশি শক্তি নির্গমন করতে পারে এই বিস্ফোরণগুলো। সূর্যের পুরো জীবদ্দশায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এই বিস্ফোরণগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার চেয়ে বেশি শক্তি বিকিরণ করে। এই চরম বিস্ফোরণগুলো বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এগুলোর মাধ্যমে মহাবিশ্বের প্রথম প্রজন্মের নক্ষত্র ও ছায়াপথ সৃষ্টির রহস্য উদঘাটন করা সম্ভব। এমনকি এদের তীব্র আলো দূর মহাবিশ্বের নানা অজানা তথ্য জানার কাজে প্রোব বা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।

গামা-রে বার্স্ট তুলনামূলকভাবে আধুনিক এক আবিষ্কার। ১৯৬০ এর দশকে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষা শনাক্ত করার জন্য ভেলা (Vela) স্যাটেলাইট বহর মহাকাশে পাঠায়। ১৯৬৭ সালের ২ জুলাই, ভেলা স্যাটেলাইটগুলো এমন এক বিকিরণ শনাক্ত করে যা পারমাণবিক বিস্ফোরণের মতো মনে হলেও এর প্যাটার্ন পুরোপুরি মিলছিল না। 

পরবর্তীতে জানা যায় যে বিকিরণটি পৃথিবী বা বায়ুমণ্ডলের নয়, বরং মহাশূন্যের গভীর থেকে এসেছে। ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে বিজ্ঞানীরা এমন ১৬টি ঘটনা খুঁজে পান, যা জ্যোতির্বিজ্ঞানজগতে এক অভূতপূর্ব ধাঁধার সৃষ্টি করে।

দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন তারা জিআরবি-র কার্যপদ্ধতি পুরোপুরি বুঝতে পেরেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সুপারনোভা ছাড়াই বিস্ফোরণ: সম্প্রতি এমন কিছু দীর্ঘস্থায়ী জিআরবি দেখা গেছে, যেগুলো বড় নক্ষত্রের মৃত্যুর ফলে ঘটে বলে ধারণা করা হলেও সেগুলোতে সুপারনোভার চিরাচরিত কোনো লক্ষণই পাওয়া যায়নি। 

বিজ্ঞানীদের ধারণা ছিল এসব বিস্ফোরণে পর্যায় সারণীর ভারী মৌল (যেমন সোনা) তৈরি হয়। কিন্তু এ যাবৎকালের সবচেয়ে উজ্জ্বল জিআরবিতে কোনো প্রত্যাশিত ভারী মৌলের সন্ধান মেলেনি। সাত ঘণ্টা ধরে চলা একটি জিআরবি এমনভাবে একটানা শক্তি বিকিরণ করেছে যা কোনো প্রচলিত তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। 

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী এরিক বার্নস এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জিলিয়ান রাস্টিনেজাদ-এ মতে, এসব ঘটনা আমাদের চিন্তাভাবনা ও পদার্থবিজ্ঞানের ভিত্তিকেই যেন চ্যালেঞ্জ জানাচ্ছে।

বর্তমানে বিজ্ঞানীরা প্রতিদিন গড়ে অন্তত একটি করে জিআরবি শনাক্ত করছেন, তবুও এগুলোর পেছনের আসল চালিকাশক্তি কী- তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। যদি বিজ্ঞানীরা এই চরম বিস্ফোরণগুলোর সঠিক ব্যাখ্যা খুঁজে পেতে ব্যর্থ হন, তবে এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের গভীর অজ্ঞতা এবং পদার্থবিজ্ঞানের বড় ধরনের ত্রুটিগুলোকেই সবার সামনে উন্মোচন করবে। এই অদম্য শক্তিধর বিস্ফোরণগুলো হয়তো একদিন আমাদের মহাবিশ্বকে বোঝার সম্পূর্ণ নতুন কোনো দিগন্ত উন্মোচন করে দেবে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকা অবলম্বনে

লেখক: বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫