Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মস্তিষ্ক একটি প্রেডিকশন ইঞ্জিন

Icon

আসিফ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

মস্তিষ্ক একটি প্রেডিকশন ইঞ্জিন

অনিশ্চয়তা যেন আমাদের জীবনের এক অনিবার্য ও স্থায়ী অংশে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, রাজনীতির দ্রুত বদল, সামাজিক মূল্যবোধের রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির কারণে আমাদের চারপাশের পরিবেশ আজ আগের চেয়ে অনেক বেশি অপ্রকাশ্য ও জটিল। 

প্রশ্ন হলো, এই সার্বক্ষণিক অনিশ্চয়তার মুখে আমাদের মন ও মস্তিষ্ক কীভাবে কাজ করে? প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান-এ প্রকাশিত একটি নিবন্ধে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে মানব মস্তিষ্কের কার্যপ্রণালী এবং বিবর্তনীয় ইতিহাসের আলোকে।

নিউরোসায়েন্টিস্টদের মতে, মানুষের মস্তিষ্ক মূলত জন্মগতভাবেই একটি প্রেডিকশন ইঞ্জিন বা ভবিষ্যদ্বাণী করার যন্ত্র। বিবর্তনের দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের মস্তিষ্ক এমনভাবে গড়ে উঠেছে যাতে এটি চারপাশ থেকে উপলব্ধ তথ্যগুলো বিশ্লেষণ করে আত্মরক্ষা ও বেঁচে থাকার জন্য সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। আমরা কখনোই ভবিষ্যৎ শতভাগ নিশ্চিতভাবে জানতে পারি না, তবে অতীতে ঘটে যাওয়া অভিজ্ঞতা এবং বর্তমানের তথ্যের ভিত্তিতে মস্তিষ্ক একটি সম্ভাব্য পথ ঠিক করে নেয়। 

প্রাচীনকাল থেকেই মানুষ এমন সব বিপদের মুখোমুখি হয়েছে যা অনেকটাই অনুমানযোগ্য ছিল- যেমন খাদ্যের সন্ধান করা বা নিরাপদ আশ্রয়ের খোঁজ করা। কিন্তু বর্তমান যুগের সংকটগুলো অনেক বেশি মাত্রায় জটিল ও অপ্রত্যাশিত।

প্রবন্ধটিতে ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক ইটন ফায়ার দাবানলের সময়কার দুটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে। নিউরো সায়েন্টিস্ট হ্যারিসন এবং সাইকোলজিস্ট গ্যালেন বাকওয়ালটারের অভিজ্ঞতা থেকে দেখা যায়, যখন চারপাশ হঠাৎ করে চরম অনিশ্চয়তা এবং ধ্বংসের মুখে পড়ে, তখন মানুষের মস্তিষ্ক কীভাবে তাৎক্ষণিক সিদ্ধান্তহীনতা এবং বিপদের মুখোমুখি হয়। যখন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট evacuation বা পলায়ন নির্দেশনা ছিল না, তখন লরা এবং গ্যালেন উভয়কেই তীব্র অনিশ্চয়তার মধ্যে জীবন বাঁচানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। 

এই ধরনের ঘটনাগুলো দেখায় যে, যখন আমাদের কাছে সঠিক তথ্য বা পূর্বাভাসের সুযোগ থাকে না, তখন মস্তিষ্কের ওপর চাপ চরম পর্যায়ে পৌঁছে যায়।

বিজ্ঞান বলে যে মানুষ এমন পরিবেশে টিকে থাকতে অভ্যস্ত যেখানে হ্যাজার্ড বা বিপদগুলো কিছুটা পরিমাপযোগ্য। কিন্তু যখন চারপাশের পরিস্থিতি এত দ্রুত বদলাতে থাকে যে কোনো নিয়মের বা সম্ভাবনার হিসাব মেলানো যায় না, তখন মস্তিষ্ক অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে। এই ধরনের দীর্ঘস্থায়ী ও অনিয়ন্ত্রিত অনিশ্চয়তা মানুষের মধ্যে মানসিক ও শারীরিক অসুস্থতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অতিরিক্ত উদ্বেগে কেবল মানসিক অবসাদই তৈরি হয় না, বরং এটি আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে।

অনিশ্চয়তা মানবজীবনের একটি ধ্রুব সত্য। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত চারপাশের বিশৃঙ্খলাকে একটি নিয়মের কাঠামোর মধ্যে আনতে চেষ্টা করে। এছাড়াও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিতে চায়। তবে আধুনিক জীবনের গতি ও বহুমুখী অনিশ্চয়তা সেই জৈবিক ধারণার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। 

এই বৈজ্ঞানিক উপলব্ধি আমাদের নিজেদের মানসিক চাপ বুঝতে এবং কঠিন পরিস্থিতিতে স্থিতিস্থাপকতা (Resilience) বা সহনশীলতা অর্জন করতে সাহায্য করে। অনিশ্চয়তাকে অস্বীকার না করে বরং এর সাথে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতিই পারে আমাদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকা অবলম্বনে

লেখক: বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫