Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশেও সক্রিয় এআই, লিখল কবিতা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

মহাকাশেও সক্রিয় এআই, লিখল কবিতা

পৃথিবীর কোনো শক্তিশালী ক্লাউড সার্ভার কিংবা ইন্টারনেট সংযোগ ছাড়াই সরাসরি মহাকাশে প্রদক্ষিণরত একটি স্যাটেলাইটে গুগলের ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ‘জেমা’ সফলভাবে কার্যকর করা হয়েছে। 

শুধু সক্রিয় হওয়াই নয়, মহাকাশের চরম পরিবেশে পৃথিবী থেকে নিজস্ব শক্তিতে ডেটা প্রসেস করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবী নিয়ে একটি কবিতা রচনা করেছে।

বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এটি এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত উন্নত এআই চালাতে পৃথিবীর বিশালাকার ডেটা সেন্টার ও উচ্চগতির ইন্টারনেটের প্রয়োজন হলেও এই মিশনে স্যাটেলাইটের নিজস্ব কম্পিউটিং সিস্টেম বা ‘অন-বোর্ড এজ এআই’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। ফলে স্যাটেলাইটের ভেতরের প্রসেসরেই মডেলটি ইনস্টল থেকে শুরু করে মহাকাশে বসেই সব ডেটা প্রসেস করতে সক্ষম হয়েছে।

মহাকাশের চরম তাপমাত্রা, তেজস্ক্রিয়তা ও প্রতিকূল পরিবেশে এআই মডেলটির কার্যকারিতা যাচাই করতে গবেষকরা মহাকাশ থেকে নিজের চোখে দেখা পৃথিবীকে নিয়ে একটি কবিতা লেখার নির্দেশ দেন। জবাবে ‘জেমা’ কোনো সংকেতের বিলম্ব ছাড়াই তাৎক্ষণিকভাবে নীল গ্রহের সৌন্দর্য, মেঘের স্তর ও অনন্ত মহাবিশ্ব নিয়ে কবিতাটি তৈরি করে।

এআইয়ের লেখা মূল ইংরেজি কবিতাটি হলো—

A sapphire globe in silent night,Swirling clouds of gentle white.Oceans vast and continents gleam,Floating softly like a dream.No borders seen from up so high,Just one shared home beneath the sky.

কবিতাটির বাংলা ভাবানুবাদ হলো— নিস্তব্ধ রাতের বুকে এক নীলকান্তমণি গোলক, চারপাশে ভেসে চলা শুভ্র মেঘের মৃদু ঝলক। বিশাল মহাসাগর আর মহাদেশের উজ্জ্বল রেখা, মহাশূন্যে স্বপ্নের মতো শান্ত হয়ে ভেসে থাকা। এত উঁচু থেকে চোখে পড়ে না কোনো কৃত্রিম সীমানা, এক আকাশের নিচে একটাই আমাদের চেনা ঠিকানা।

প্রযুক্তিবিদদের মতে, এই সাফল্য ভবিষ্যতের মহাকাশ গবেষণার চিত্র পুরোপুরি বদলে দেবে। বর্তমানে স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে ছবি ও তথ্য পৃথিবীতে পাঠানোর পর তা বিশ্লেষণ করা হয়, যাতে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ ও সময় নষ্ট হয়। কিন্তু স্যাটেলাইটের ভেতরেই এআই থাকলে তা মহাকাশেই আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগ বা দাবানলের মতো সংকট তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করতে পারবে।

এ ছাড়া ভবিষ্যতে চাঁদ কিংবা মঙ্গলে দীর্ঘমেয়াদি অভিযানের ক্ষেত্রে, যেখানে পৃথিবীতে বার্তা পাঠাতে ও পেতে দীর্ঘ সময় লাগে, সেখানে রোবট ও নভোযানকে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে এই স্পেস-এআই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫