মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের অদৃশ্য বিপদ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
আধুনিক বিশ্বে প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাদ্য ও পানীয়র মোড়ক—সবকিছুতেই প্লাস্টিক ব্যবহারের সহজলভ্যতা। কিন্তু এই সুবিধার পেছনের কালো দিকটি এখন স্পষ্টভাবে আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে।
বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা বলছে, বাতাস, পানীয় ও খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা এখন মানবদেহের রক্ত, ফুসফুস এমনকি মস্তিষ্কের টিস্যু পর্যন্ত পৌঁছে গেছে। তবে এই কণাগুলো ঠিক কীভাবে আমাদের শরীরে রোগ বা শারীরিক ক্ষতি ডেকে আনে, তা নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা এই রহস্যের এক গুরুত্বপূর্ণ উত্তর খুঁজে পেয়েছেন।
প্লাস্টিক সহজে পচনশীল নয়। পরিবেশে পড়ে থাকা বড় বড় প্লাস্টিক বর্জ্য সূর্যর আলো, বাতাস ও ঢেউয়ের ঘর্ষণে ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়, যেগুলোর ব্যাস সাধারণত ৫ মিলিমিটারের কম হয়ে থাকে। এগুলোই মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। বর্তমানে মানুষের রক্তপ্রবাহ থেকে শুরু করে ফুসফুস এবং মস্তিষ্কের গভীরেও এগুলোর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে আসছিলেন গবেষকরা।
সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, মাইক্রোপ্লাস্টিক কেবল একটি নিষ্ক্রিয় বহিরাগত বস্তু হিসেবে শরীরে ঘুরে বেড়ায় না; বরং এটি অত্যন্ত সক্রিয়ভাবে শরীরের ভেতরের পরিবেশের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়।
ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো যখন মানবদেহের জলীয় অংশের সংস্পর্শে আসে, তখন পানি ও প্লাস্টিকের উপরিভাগের মিথস্ক্রিয়ায় অত্যন্ত সক্রিয় কিছু অণু তৈরি হয়। এগুলোকে বলা হয় রি-অ্যাক্টিভ অক্সিজেন স্পিসিজ (জঙঝ) বা উচ্চমাত্রায় সক্রিয় অণু (যেমন হাইড্রোক্সিল র্যাডিক্যাল)।
মানুষের শরীরের কোষ ও টিস্যুগুলোর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। ফলে শরীরে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিকগুলো যেন এক একটি ‘স্থায়ী ছোট্ট কারখানার’ মতো কাজ করে, যা ক্রমাগত এই ক্ষতিকর ও সক্রিয় অণুগুলো উৎপাদন করতে থাকে। যখন শরীরে এই রি-অ্যাক্টিভ অক্সিজেন স্পিসিজ অতিরিক্ত মাত্রায় তৈরি হতে থাকে, তখন কোষগুলোর ভেতর অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয়। এর ফলে কোষ ও প্রোটিনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এমনকি রক্তের লোহিত রক্তকণিকার আকার পরিবর্তন এবং তাদের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো তাৎক্ষণিক জৈবিক প্রভাবও দেখা গেছে।
এই কোষীয় ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রদাহ (Inflammation) সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন হলো অনেক মারাত্মক রোগ, যেমন—হৃদরোগ, ডায়াবেটিস, স্নায়ুবিক জটিলতা এবং বিভিন্ন ধরনের ক্যানসারের মূল কারণ।
গবেষকরা লক্ষ্য করেছেন যে শরীরের ভেতরে থাকা নির্দিষ্ট কিছু উপাদান (যেমন কিছু লিপিড) বা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ এই ক্ষতিকর র্যাডিক্যাল তৈরির প্রক্রিয়াকে কিছুটা ধীর বা প্রতিহত করতে পারে। তবে মানুষের শরীরে ঠিক কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমে আছে এবং দীর্ঘ মেয়াদে এটি কীভাবে শরীর থেকে নিষ্কাশিত হয়, সে বিষয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে।
মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত এই নতুন আবিষ্কারটি মানবজাতির জন্য একটি বড় সতর্কবার্তা। প্লাস্টিক দূষণ যে কেবল পরিবেশের ক্ষতি করছে তা নয়, বরং আমাদের শরীরের অভ্যন্তরে কোষে কোষে এক নীরব ও দীর্ঘমেয়াদি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বৈশ্বিক পর্যায়ে প্লাস্টিক ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করা এবং বিকল্প পরিবেশবান্ধব উপাদান আবিষ্কারের বিকল্প নেই। অন্যথায়, আমাদের শরীরের ভেতর চলতে
থাকা এই ক্ষুদ্র প্লাস্টিকের রাসায়নিক কারখানা মানবস্বাস্থ্যকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে।
সূত্র: Scientific American পত্রিকা অবলম্বনে
