Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ওপেন এআইয়ের গাণিতিক প্লাবন এবং প্রজ্ঞার সাংস্কৃতিক অভিঘাত

Icon

আসিফ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ওপেন এআইয়ের গাণিতিক প্লাবন এবং প্রজ্ঞার সাংস্কৃতিক অভিঘাত

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি ঘটেছে। এটা বিজ্ঞান ও প্রযুক্তির প্রচলিত গণ্ডি ছাড়িয়ে এক অভূতপূর্ব আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে গণিতের মতো বিশুদ্ধ ও জটিল তাত্ত্বিক শাখায় এআইয়ের এন্ট্রি গবেষকদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। 

সায়েন্টিফিক আমেরিকান (Scientific American)-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই (OpenAI) গণিত ও তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের ৩৭২টি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বা উন্মুক্ত সমস্যার সমাধান কিংবা উল্লেখযোগ্য অগ্রগতি প্রকাশ করেছে। এটি এমন একসময়ে ঘটল যখন গণিতবিদরা ঠিক এর আগের একটি বিশাল গাণিতিক যুগান্তকারী সাফল্য হজম করার চেষ্টা করছিলেন।

এই নতুন ঘটনাটি বিশুদ্ধ গণিতের ভবিষ্যৎ এবং মানুষ বনাম এআইয়ের সম্পর্কের সমীকরণকে চিরতরে বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ওপেনএআই তাদের একটি শক্তিশালী অভ্যন্তরীণ মডেলের মাধ্যমে ৩৩৭টি বা মোট ৩৭২টি গবেষণালব্ধ ফলাফল গিটহাব রিপোজিটরিতে উন্মুক্ত করেছে। এর মধ্যে ৪-মাত্রিক কাকেয়া অনুমান বা কনজেকচারের সমাধান, কম্পিউটার অ্যালগরিদমের উন্নয়ন এবং গণিতের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি—রিমান হাইপোথিসিসের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি অন্তর্ভুক্ত রয়েছে। এই ফলাফলগুলোর একটি বড় অংশ ‘লিন’ নামে প্রোগ্রামিং ভাষায় যাচাই করা হয়েছে, যার মাধ্যমে প্রমাণের লজিক বা যুক্তি নিখুঁতভাবে নিশ্চিত করা যায়। ফলে এগুলো যে গাণিতিকভাবে সঠিক, সে বিষয়ে সন্দেহের অবকাশ খুব কমই থাকে।

তবে এই বিশাল অগ্রগতি এক ধরনের ধাক্কা হিসেবে এসেছে। প্রচলিত নিয়মে গণিতের একটি মাত্র কঠিন সমস্যা সমাধান করতে বছরের পর বছর, এমনকি দশকের পর দশক সময় লেগে যায়। সেখানে এআইয়ের মাধ্যমে এত অল্প সময়ে শত শত জটিল সমস্যার সমাধান আসার বিষয়টি গণিতবিদদের জন্য এক বিশাল বিস্ময় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওপেনএআই দাবি করেছে যে তাদের নতুন মডেলটি একটি মাত্র এআই এজেন্টের কাছে মাত্র একটি প্রম্পট দেওয়ায় এই ফলাফলগুলো উৎপাদন করেছে। এর আগে নাভিয়ার-স্টোকস সমস্যা সমাধানে ১০ হাজার এজেন্টের একটি বিশাল দল এবং কোটি কোটি ডলারের কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়েছিল। কিন্তু এবারের দাবি অনুযায়ী, এই অভূতপূর্ব গাণিতিক ক্ষমতা ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালেও চলে আসতে পারে।

তা সত্ত্বেও এই দাবির পেছনে রয়েছে গভীর সংশয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ অনেক বিশেষজ্ঞই ওপেনএআইয়ের এই ‘এক পলকে সমাধান’ বা ওয়ান-শটিং দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, মডেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত না করা পর্যন্ত এবং স্বাধীনভাবে তা যাচাই না করা পর্যন্ত এ ধরনের দাবির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত—‘আমাদের রসিদ বা প্রমাণ দেখতে হবে।’

এর আগে নাভিয়ার-স্টোকস সমস্যার প্রকাশকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে ওপেনএআই গণিতবিদদের নিয়ে একটি স্বাধীন উপদেষ্টা গ্রুপ গঠন করেছিল। সেই গ্রুপ সুপারিশ করেছিল যে, এআই উৎপাদিত কোনো গাণিতিক ফলাফল প্রকাশ করতে হলে সংশ্লিষ্ট মডেল, সঠিক প্রম্পট ও কম্পিউটিং সময় জনসমক্ষে আনতে হবে। তবে ওপেনএআই এই প্রম্পটগুলো গোপন রেখে শুধু গড় কম্পিউটিং সময়ের কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে, যা বৈজ্ঞানিক স্বচ্ছতার মানদণ্ডে কিছুটা দূরত্ব তৈরি করেছে।

এই পরিস্থিতিতে বৈজ্ঞানিক মহলে দুই ধরনের মত রয়েছে। একদল গবেষক মনে করেন, এআই যদি জটিল গাণিতিক সমস্যার উত্তরগুলো খুঁজে দিতে পারে, তবে তা লুকিয়ে রাখার কোনো মানে হয় না। এটি গণিতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। অন্যদিকে টেরেন্স তাওসহ বিশ্বখ্যাত গণিতবিদরা ফ্রন্টিয়ার এআই ল্যাবগুলোর এই অতিদ্রুত গাণিতিক ফলাফল প্রকাশের দৌড় বা ‘ইনসান পেস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। 

ওপেনএআইয়ের ভেতরের গবেষকরাও স্বীকার করেছেন যে, তাদের মডেলের তৈরি অনেক ফলাফল তাদের নিজেদের গণিতবিদরাও এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি।

তবে ওপেনএআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই গতি কমাচ্ছে না। তাদের কাছে এই জটিল গণিত সমস্যাগুলো কেবল লক্ষ্য নয়, বরং তাদের এআই সত্যিই আগের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠছে কি না তা যাচাই করার একটি অপরিহার্য মানদণ্ড।

ওপেন এআইয়ের এই অভাবনীয় সাফল্য মানবজাতির জ্ঞানচর্চায় এআইয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশুদ্ধ গণিত যেখানে বহু শতাব্দী ধরে মানুষের মননশীলতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের চূড়ান্ত প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে, সেখানে আজ অ্যালগরিদম ও নিউরাল নেটওয়ার্কের পদচারণ এক নতুন যুগের সূচনা করেছে। এটি যেমন গাণিতিক গবেষণার গতিকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে, তেমনি মানব গবেষকদের সৃজনশীলতা ও অস্তিত্বের লড়াইকে এক নতুন মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।

গণিতের জগৎ এখন আর আগের মতো নেই—এ এক পরিবর্তিত বাস্তবতা, যার শেষ কোথায়, তা সময়ই বলে দেবে।

তথ্যসূত্র : Scientific American পত্রিকা অবলম্বনে

লেখক : বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫