Logo
×

Follow Us

উপসম্পাদকীয়

যুগে যুগে প্রাসঙ্গিক মওলানা ভাসানী

Icon

গাজী তানজিয়া

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম

যুগে যুগে প্রাসঙ্গিক মওলানা ভাসানী

১৭ নভেম্বর ২০২৬। আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। গত ৫০ বছরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে রাজনৈতিক ধারায় ও ধারণায়; কিন্তু এদেশের সাধারণ মানুষের জীবনে একজন মওলানা ভাসানীর মতো নেতার প্রয়োজন ফুরিয়ে যায়নি। 

ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদের মতে, ‘উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিকতাবিরোধী শীর্ষ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মজীবন দীর্ঘতম’। তার এই দীর্ঘতম রাজনৈতিক ও ব্যক্তিজীবন ছিল একাধারে সংগ্রামবহুল ও বৈচিত্র্যময়। ১৯১৭ থেকে ১৯৭৬—মৃত্যু পর্যন্ত প্রায় ৬০ বছর তিনি জাতীয়তাবাদী রাজনীতির মূল স্রোতের সাথে ছিলেন। 

তবে অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের সাথে তার পার্থক্য এই যে, তিনি অবিচ্ছিন্নভাবে দরিদ্র কৃষক ও গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য জমিদার-মহাজন থেকে সরকার প্রভৃতি শোষক ও শাসক শ্রেণির বিরুদ্ধে লড়াই করেছেন।

ঔপনিবেশিক আমলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সেসব সংগঠনের মধ্যে ছিল বিপ্লবী অনুশীলন দল, ভারতীয় জাতীয় কংগ্রেস, স্বরাজ দল এবং মুসলিম লীগ। তিনি বরাবর অসাম্প্রদায়িক সংগঠনেই থাকতে চেয়েছেন, কিন্তু একসময়ে বাধ্য হয়ে মুসলিম লীগে যোগ দেন। ১৯৪০ এর দশকে তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। ওই সময়ে আসাম বিধানসভারও সদস্য ছিলেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা পরে আওয়ামী লীগ হয়।

সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে আওয়ামী লীগের অন্যতম নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের সঙ্গে তার মতপার্থক্য হলে তিনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি সংক্ষেপে ‘ন্যাপ’।   

তার রাজনৈতিক কর্মকাণ্ডের শুরুতে তিনি প্রথাগত কোনো দল বা মতাদর্শের অনুসারী ছিলেন না। শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার রক্ষায় কিছু পদক্ষেপ তাকে সাধারণের মধ্যে অসাধারণ করে তোলে। দেওয়ান গোলাম মোর্তজা ‘ভাসানী জীবনের অলিখিত অধ্যায়’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, ‘সন্তোষে তখন গো-হত্যা বা গো-মাংস খাওয়া এক প্রকার নিষিদ্ধ। এ সময়ে মহারাজার নির্দেশে এক মুসলিম প্রজাকে গরুর মাংস রান্না করার জন্য শাস্তি প্রদান করে পঙ্গু করে দেওয়া হলে, খবরটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মওলানা ভাসানী রাণীগঞ্জে হাজির হন এবং সত্যতা নিশ্চিত হয়ে ব্যথিত হৃদয়ে নিজে ঢোল পিটিয়ে এলান করেন ৫০০ গরু জবাই করে জেয়াফত করার।’

শুরুতে এলাকাবাসী ভয়ে সম্মত না হলেও তিনি তাদের অধিকার সম্পর্কে বোঝাতে সক্ষম হন এবং নির্দিষ্ট দিনে জেয়াফতের জন্য তৈরি থাকতে বলেন। মওলানা রাণীগঞ্জ বাজারে ঢোল পেটানোর পর এই আয়োজন করার জন্য মাসের পর মাস গ্রামের দরিদ্র সাধারণ মানুষ ও ধনী মুসলিমদের সম্মত করতে সক্ষম হন যে জালেম জমিদারের বিরুদ্ধে এটি একটি প্রতিশোধ। 

দাওয়াত ছড়িয়ে পড়ার পর মওলানার নামে হুলিয়া জারি হয় সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলার অভিযোগে। নির্দিষ্ট দিনে জিয়াফত ঠেকাতে দু'ডজন গোর্খা পুলিশ এল। তবুও হাজার হাজার মানুষের পদভারে রাণীগঞ্জ মুখরিত হলো। ভয় পেয়ে পুলিশ গেল জমিদারবাড়ি। সেদিন ৫০০ নয়, গরু কোরবানি হয়েছিল এক হাজারের ওপরে। কিছু উগ্র লোক গরু জবাই দিতে চাইল জমিদারের বাড়িতে। তিনি কঠোরভাবে বাধা দেন। 

তিনি বলেন, ‘আমরা জুলুমের প্রতিবাদ করতে এসেছি, অন্যের ধর্ম নষ্ট করতে নয়।’ হাজার হাজার জনতার স্লোগানে দিগন্ত মুখরিত হলো—‘মওলানা আব্দুল হামিদ, জিন্দাবাদ!’ রাণীগঞ্জের সেই খবর দৈনিক পত্রিকার শিরোনাম হয়ে গেল। মওলানার নাম জানল দেশবাসী, এমনকি কলকাতার নেতারাও। দৈনিক আজাদ সম্পাদক মওলানা আকরাম খাঁ মওলানাটিকে কলকাতায় যাওয়ার আমন্ত্রণ জানালেন। কিন্তু কলকাতায় গিয়ে তিনি যখন ‘বেকার হোস্টেলে’ উঠলেন, সেখানে তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার মোখলেছুর নামের এক যুবকের পরিচয় হয়।

তিনি তাকে বলেন, ‘রাণীগঞ্জে আপনি যা করেছেন, সেটা যদি for the cause of Muslims হয়, ইতিহাসে আপনি একজন ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত হবেন। আর এই কাজটিকে যদি আপনি দুর্বলের ওপর সকল অন্যায়-অত্যাচারের প্রতিবাদ হিসেবে দেখেন অথবা কারো জন্মগত বা ধর্মগত অধিকার প্রতিষ্ঠার ইস্যু হিসেবে দেখেন, ইতিহাসে আপনি একজন বিজয়ী মজলুম নেতা হিসেবে পরিচিত হবেন। ইতিহাসে আপনি নিজেকে কীভাবে পরিচিত করাবেন, সে সিদ্ধান্ত আপনার। আপনার যেমন বিপুল পরিমাণ কাজ করার ক্ষমতা আছে, তেমনই আছে অদম্য সাহস ও মনোবল। কিন্তু সেই অপরিসীম ক্ষমতার আপনি অপচয় করে চলেছেন। এটাই আফসোস।’ মোখলেসুরের কথায় প্রভাবিত হয়ে তিনি চরমপন্থী বিপ্লবী দলে যোগ দেন। সেখানে অত্যাচারী জোতদার-জমিদারদের গোলাঘর জ্বালিয়ে দেওয়া, হামলা ইত্যাদি তাকে মানসিক স্বস্তি না দেয়ার কারণে ওই পন্থা তিনি ত্যাগ করলেও তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। মওলানা ভাসানী প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন ১৯১৭ সালে। 

এর আগে দশ বছর তিনি মূলত নানা সংগঠনের সঙ্গে কাজ করে নিজেকে জাতির বৃহত্তর স্বার্থে নিয়োজিত করার জন্য প্রস্তুত করছিলেন। কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পর উচ্চবিত্ত পাতি বুর্জোয়া রাজনৈতিক নেতাদের কার্যকলাপ ও আচরণের ভেতর অসাম্প্রদায়িক ও গণমুখী রাজনীতির অভাব তাকে হতাশ করে। তিনি ভাবলেন, অত্যাচার ও শোষণের কবল থেকে বাঙালি দরিদ্র কৃষকদের মুক্তির জন্য কাজ করবেন এবং তিনি আসামে অবস্থান গড়েন ও আসামের বিখ্যাত লাইনপ্রথা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। 

মওলানা ভাসানীর সংগ্রামী জীবনে আসাম অধ্যায় অত্যন্ত রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ। সেখানে বহিরাগত বাঙালিদের অধিকার আদায়ের জন্য তার যে আত্মত্যাগ ও সংগ্রাম, তা তাকে কিংবদন্তি নায়কে পরিণত করেছিল।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের ১৩ ডিসেম্বর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের টেলিভিশনের সব কেন্দ্র থেকে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ও আরও কিছু ব্যাপারে মন্তব্য করে মওলানা ভাসানী রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।

মূলত ঊনসত্তরের গণ-আন্দোলন বা তারও আগে ১৯৪৮ সালে শুরু হওয়া ভাষা আন্দোলন থেকেই মওলানা ভাসানী পূর্ণ পাকিস্তানের স্বাধীনতার বীজ বুনতে শুরু করেন। আইয়ুবের পতনে ভাসানী যে অবদান রেখেছিলেন, সে জন্য সমগ্র বিশ্বে তাঁর নাম ছড়িয়ে পড়ে। ভারত ও ব্রিটেনসহ বিভিন্ন দেশের পত্রপত্রিকায় তিনি সংবাদ শিরোনাম হয়ে দেখা দেন। সাপ্তাহিক ‘টাইমস’ তাকে ‘প্রফেট অব ভায়োলেন্স’ অভিধায় ভূষিত করে। 

১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পর ১৯৭১ সালের ১২ জানুয়ারি ঢাকায় ইয়াহিয়া ও শেখ মুজিবুর রহমান ১০০ মিনিটব্যাপী এক বৈঠকে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা কী আলোচনা করেছেন এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শেখ মুজিব বলেন, ‘আমাদের আলোচনা সন্তোষজনক।’ ১৪ জানুয়ারি ১৯৭১ ইয়াহিয়া পিন্ডি যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের কাছে বলেন, শেখ মুজিবুর রহমান দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। 

ওইদিন রাজশাহীতে এক জনসভায় মওলানা ভাসানী বলেন, তিনি স্বাধীন সার্বভৌম পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবেন। ২৬ জানুয়ারি ১৯৭১ তিনি হবিগঞ্জের এক জনসভায় বলেন, ‘স্বাধীনতার জন্য যদি দরকার হয়, তবে শেষ রক্তবিন্দু দেবো।’ এ দেশের মানুষ স্বাধীনতা চায় কি না, তা প্রমাণের জন্য তিনি গণভোটের আহ্বান জানান। 

৭ মার্চ রেসকোর্সের ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণের পর ৯ মার্চ পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী ৭ কোটি বাঙালির মুক্তি ও স্বাধীনতার দাবি জানান। তিনি বলেন, ‘১৩ বছর আগে আমি কাগমারী সম্মেলনে আসসালামু আলাইকুম বলেছিলাম, তোমরা তোমাদের শাসনতন্ত্র কায়েম করো, আমরা আমাদের শাসনতন্ত্র প্রণয়ন করি।’ এ ছাড়া স্বাধীন বাংলাদেশে পানির দাবিতে ফারাক্কা লংমার্চসহ আমৃত্যু তিনি তার রাজনৈতিক সংগ্রাম জারি রেখেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫