যা ছিল ভারতের সর্বহারা মাটিমাখা। বিষয়টির মানচিত্র অঙ্কন করতে পারলে তাকে একজন দার্শনিক এবং শোষিত মানুষের মুক্তিসংগ্রামী হিসেবে গভীরভাবে আবিষ্কার করা যায়। তিনি ক্ষমতার রাজনীতি থেকে বারবার সাধারণ মানুষের কুটিরে ফিরে এসেছেন, কিন্তু ক্ষমতার পরিবর্তন চেয়েছেন, মানুষ যেন তার অধিকার পায়। সর্বহারা চোখে দেখেছেন বিশ্বকে। এভাবে দেখলে ভাসানীর বিপ্লবী সত্তা এবং জীবনদৃষ্টি উপলব্ধি করা সহজ হয় শুধু নয়, যথাযথও হয়।
ভাসানীর রাজনীতি ক্ষমতার লোভ বা সিংহাসন দখলের লড়াই ছিল না; ছিল মাটি ও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। তিনি কিশোর বয়স থেকেই এই অধিকার আদায়ের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন।
জালেমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে নিয়ত, সদা ও সতত প্রতিবাদী। এটাই তার দর্শন। এই শিক্ষা তিনি কীভাবে পেলেন? তিনি যে বলেছেন, ‘মোল্লা মানুষ হইলাম রাজনৈতিক আন্দোলনকারী’ -এর ভেতর দিয়ে এসেছে। মোল্লা হলেন কেন এর উত্তর : আপনি কমিউনিস্ট হয়েছেন একটি শ্রেয়নীতি মেনে, তারা মোল্লা হয়েছিলেন একটি শ্রেয়নীতি মেনে, এর আগে যারা হিন্দু হয়েছেন তারাও একটি শ্রেয়নীতি মেনে তা হয়েছেন।
ছয় বছর বয়সে পিতাহারা হন, পরের তিন বছরের ভেতর মা এবং ভাই-বোনকে হারান। প্রথমে চাচা ইব্রাহিম খান পরে পীর সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদি তাকে লালন করেন। তার গুণ দেখে তাকে তালিম দেওয়ার মানসে পীর সাহেব তাকে ব্রহ্মপুত্রের তীরে আসামের জলেশ্বরে নিয়ে যান (১৮৯৭ সাল) এবং কোরআন-হাদিস ফিকাহ শিক্ষা দেন। পীর সাহেব তাকে ফানাফিল্লাহ শেখান। মওলানা যে সারা জীবন নিরহংকারী ছিলেন তা তিনি শেখেন এই পীরের কাছ থেকেই। ফকিরী ও জিকিরীও তার কাছ থেকে পান। আর পান সহবত তথা সর্বহারা মানুষকে ভালোবাসার শিক্ষা। মাটি ও ছনের বা টিনের ঘরেই, সামান্য খেয়ে, ঘুমিয়ে তিনি জীবন যাপন করেছিলেন। এই আসমান জমিনের মালিক ব্রিটিশ বা জমিদার নয়—আল্লাহ, শিক্ষা পান তিনি। শিক্ষাটাকে বাড়ানোর জন্যে পীর তাকে দারুল উলুম, দেওবন্দ (উত্তর প্রদেশ) পাঠান। যেখানে পাঁচ বছর (১৯০৭-১৯১২) বিদ্যাচর্চা করেন ভাসানী এবং ফিরে আসেন। তখন থেকে তার নাম হয় মওলানা।
১৮৬৬ সালে প্রতিষ্ঠিত এই জামেয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হলো ব্রিটিশ উৎখাতের শুধু নয়, ভারতের ধারা রক্ষার বিপ্লবী আন্দোলনের অন্যতম সূতিকাগার। খ্যাতিমান শিক্ষকদের সংস্পর্শ পান ভাসানী এবং দেশের ও বাইরের নানা আন্দোলন বিষয়ে ধারণা লাভ করেন। তার শিক্ষক শায়খুল হিন্দ মওলানা মাহমুদুল হাসান ও সৈয়দ হোসাইন আহমদ মাদানি ছিলেন রেশমি রুমাল বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা। তারা এই তীক্ষèধী স্নেহাস্পদ ছাত্র ভাসানীর অন্তরে বিদেশি এবং অত্যাচারী ব্রিটিশ শক্তিকে উৎপাটিত করার বিপ্লবী বীজ বুনে দেন; মানুষের অন্যতম যে জিহাদি সত্তা, যার উদ্ভব ঘটে বৈষম্যবিরোধী সাম্যচিন্তা থেকে (ফুক্কা কুল্লে নেজামিন) তার বীজ বুনে দেন ভাসানীর অন্তরে।
তখন অনুশীলন-যুগান্তরও ব্রিটিশবিরোধী আন্দোলন করছিল। এদের সঙ্গেও ভাসানীর সম্পর্ক ছিল। রুশ বিপ্লব ভাসানীর মনে গভীর ছায়াপাত করেছিল। যেমন তাকে পরে প্রভাবিত করেছিল চীন বিপ্লব। সিরাজগঞ্জ-টাঙ্গাইলের আন্দোলনগুলো যে তিনি করেছিলেন তার সমসাময়িক পটভূমি ছিল এসবই। যখনই কৃষক কোনো অন্যায় বা শোষণের শিকার হয়েছেন, তখনই তিনি হয়ে উঠেছেন জনতার কণ্ঠস্বর। অবশ্য এর জন্য কোনো মতবাদের শিক্ষা অত্যাবশ্যকীয় নয়। যাদের অনুভব করার ক্ষমতা আছে, তারা প্রকৃতি ও পরিবেশ থেকে এসব শিখে ফেলেন এবং ২০ থেকে ২৫ বছরের আন্দোলন থেকেই তিনি হন ব্রিটিশ সরকার এবং তার তল্পিবাহক সন্তোষের জমিদারের কাছে persona non grata (১৯২৬), তখন তার বয়স কমবেশি ৪৬ বছর। সন্তোষ ও পূর্ব বাংলা থেকে তাকে সরকারিভাবে বহিষ্কার করা হয় ও নির্বাসিত করা হয়, তিনি ধুবড়িতে গিয়ে ঘাঁটি গাড়েন।
ধুবড়িতে গিয়ে তিনি স্বাধীন সাঁওতাল রাজা (বিদ্রোহের অধিনায়ক) সিধুকানুদের জন্মান্তরের আহ্বান শালপাতার মুকুট মাথায় ধারণ করেছিলেন, যা তিনি বহন করছিলেন তালপাতার টুপির আদর্শেই। তাই তিনি হলেন আসামের ভূমিপুত্র-জঙ্গল হলো আবাদভূমি-ভাগনাডিহিতে যা করেছিল সিধুকানুরা। জলা হলো মাছের কারখানা। কি অর্থপিশাচ বেনিয়া ব্রিটিশ আর তদ্বীয় বন্ধু জমিদাররা সাঁওতাল পরগণার মতো এখানেও আবাদী জমির জন্য বেশি করে খাজনা ধরা শুরু করল, এখানেও তারা ছোটবিবি বড়বিবি ওজন (কেনার সময় বেশি, বেচার সময় কম—কেনারাম বেচারাম) চালু করল আর সর্বোপরি চালু করল ডিভাইড অ্যান্ড রুল, মানে লাইন প্রথার খেলা; ব্যবহার করল ধর্ম-বর্ণ-জাতিসত্তা- বাঙালীকে তারা অভিবাসী বানাল এবং অসমিয়াকে আফিমখোর বানিয়ে দিল, অথচ একই দেশ।
কাজেই ভাসানীকে নামতে হলো লাঙল যার জমি তার, জাল যার জলা তার আন্দোলনে; ধর্ম-বর্ণ-জাতিসত্তার বাইরে দাঁড়িয়ে নামতে হলো শ্রেণি-সংগ্রামে। স্মর্তব্য, এই শ্রেণি-সংগ্রামকে শোষকেরা পরে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করেছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ কেবল পানির অধিকার রক্ষার আন্দোলন ছিল না, ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী স্মারক—এ হলো আর এক শ্রেণি-সংগ্রাম।
কী করে জেলখানাকে, নদী ও পাহাড়কে আন্দোলনের পক্ষে কাজে লাগাতে হয় তা তিনি জানতেন। বুর্জোয়াদের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কীভাবে প্রতিটি কথা সর্বহারার পক্ষে বলতে হয়, আসাম আইনসভায় প্রায় ১০ বছর নির্বাচিত সদস্য থাকাকালে সংসদের ভেতরে-বাইরে কীভাবে আন্দোলন করতে হয় তার জীবন্ত প্রমাণ ভাসানী। মানুষের নিপীড়িত হওয়াকে যে মেনে নেওয়া যায় না, প্রতিবাদ জানাতে হবে এবং ন্যায্য অধিকার আদায় করতে হবে—এই চিন্তা তার জীবনে কখনো ভুলতে পারেননি। উনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনি আবিষ্কার ও ব্যবহার করেছিলেন ঘেরাও, বয়কট, দিবস পালন, ইতিহাসের দৃষ্টান্ত উল্লেখ করে ভবিষ্যৎ দেখানো, চরমপত্র দান, হাট হরতাল, মিছিল ও লালটুপি। ভাসানী শুধু সরকারের পতন ঘটাতে সক্ষম হননি (আইয়ুবের পদত্যাগ ২৫ মার্চ ১৯৬৯), পূর্ব পাকিস্তানকে স্বাধীনতার দরোজায় এনে দাঁড় করিয়েছিলেন।
আজকের দ্রুত পরিবর্তনশীল ও ভোগবাদী, ফ্যাসিবাদী ও নব্য জঙ্গলবাদী, যুদ্ধবাদী পৃথিবীতে মওলানা ভাসানীর আদর্শ আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। ক্ষমতার মোহে রাজনীতি যখন পথ হারায়, তখন ভাসানীর জীবন আমাদের মনে করিয়ে দেয়—নেতৃত্ব মানে আদেশ করা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো।
১৯২০-এর দশকে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী রাজনীতিতে ভাসানী সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং সন্ত্রাসবাদী, খেলাফত ও অসহযোগ আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেন। পরে তিনিই হন এ দেশের কমিউনিস্ট আন্দোলনকারীদের অন্যতম ধারক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং জমিদার-মহাজনদের শোষণের বিরুদ্ধে সাধারণ কৃষকদের সংগঠিত করার অপরাধে তাকে ঔপনিবেশিক সরকারের খড়গের মুখে পড়তে হয়। এই সময় ব্রিটিশ রাজত্ববিরোধী কর্মকাণ্ড ও জনমত গঠনের অপরাধে তাকে কারাবরণ করতে হয় এবং তিনি বেশ কিছুদিন কারাবাস করেন। এই কারাবাস তার রাজনৈতিক জীবনে এক নতুন মোড় এনে দেয়, যা তাকে আমৃত্যু সাম্রাজ্যবাদ ও অবিচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী হিসেবে গড়ে উঠতে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।
উল্লেখ্য, তিনি প্রায় ৯৬ বছর জীবিত ছিলেন। এর বেশিরভাগ সময় তিনি হয় নির্বাসনে অথবা কারাগারে বা গৃহবন্দি ছিলেন। ভাসানী শিবচর কৃষক সম্মেলনে (১৯৭২.০৪.২৯) বলেছেন, তিনি ৩০ বছর ১০ মাস জেলে ছিলেন। হিসাব করলে দেখা যায় আসামে তিনি নির্বাসিত ছিলেন প্রায় ২১ বছর, এ সময় তাকে জেলে নেওয়া হয় আটবার। ইউরোপে নির্বাসিত ছিলেন এক বছর। ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর জেল খাটেন পূর্ব পাকিস্তানে। আইয়ুব, ইয়াহিয়া ও শেখ মুজিব তাকে বহু বছর গৃহবন্দি করে রাখেন। ১৯৭১ সালে তিনি ইন্দিরার দ্বারা গৃহবন্দি ছিলেন। এটা প্রমাণ করে তিনি শাসন-শোষণের বিরুদ্ধে কত শক্তিশালী অবস্থানে ছিলেন।
মওলানা ভাসানী জীবনের শুরুতে শিক্ষক এবং পীর সাহেবদের কাছে শিখেছিলেন। পরের পর্যায়ে খেলাফত আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের সময় তিনি এমন কিছু প্রথিতযশা ও দূরদর্শী নেতার সান্নিধ্যে এসেছিলেন, যাদের সাহচর্য তার রাজনৈতিক চেতনা গঠনে গভীর প্রভাব ফেলেছিল—দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মওলানা মুহম্মদ আলী, মওলানা আজাদ সুবহানীসহ এমন আরো অনেকে। একই সঙ্গে আমরা যদি তার সময়কার রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কাজের সঙ্গে মওলানার কাজ পাশাপাশি রাখি তবে মওলানার দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি প্রতিফলিত হবে—নজরুল, গান্ধী, জিন্নাহ, নেহরু, আজাদ, সোহরাওয়ার্দী, ফজলুল হক, হাশিম, মুজিব, সাদুল্লাহ প্রমুখ।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু দিবস (১৭ নভেম্বর ২০২৬) শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য কয়েকটি কর্মসূচি প্রস্তাব করা হলো :
১. ১৭ নভেম্বর ২০২৬, সারা দেশে সব ধরনের সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী দিবস পালন। ১৯৫৩ সালের ১১ নভেম্বর ভাসানী সারা দেশে সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালন করেন।
২. এদিন সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে সব ধরনের সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী দিবস পালনের আহ্বান করা। সব জাতীয় ও সম্ভাব্য আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর পৌঁছাতে হবে।
৩. ১৭ নভেম্বর ২০২৬ জাতীয় ও আন্তর্জাতিক পানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ফারাক্কা লং মার্চ করা। ক্রসবর্ডার নদীর পানির ন্যায্য ভাগ দিতে হবে। উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৬ মার্চ ভাসানী ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দেন।
৪. ১৭ নভেম্বর বা দু-এক দিন আগে ও পরে একটি দিন ঠিক করে সব ধরনের পাতালের পানি উত্তোলনকারী এবং নদী ও সমুদ্র দখলকারী ভূমিদস্যু ও ডেভেলপার প্রতিষ্ঠানের সামনে ঘেরাও কর্মসূচি পালন। পাতালের পানি জনগণের, তা উঠিয়ে বিক্রি করা যাবে না, জনগণকে ফ্রি দিতে হবে। ঘেরাওয়ের জনক মওলানা। ভাসানী ১৯৬৯ সালের ৬ ডিসেম্বর ‘জুলুম প্রতিরোধ দিবস’ পালন করেন। এই উপলক্ষে পল্টন ময়দানে বিশাল জনসভা হয়।
সভা শেষে ভাসানীর নেতৃত্বে গভর্নর হাউস/বঙ্গভবন ঘেরাও করতে অগ্রসর হয়। জনতার সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এরই প্রতিবাদে সারা দেশে তীব্র প্রতিবাদ হতে থাকে। ভাসানীর ডাকে ২৯ ডিসেম্বর সারা দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষ রাস্তায় নেমে আসে। তারা সরকারি অফিসগুলো ঘেরাও করে, ঘেরাও তখন আন্দোলনের ভাষা ও রূপ। জালাও-পোড়াও চলে। নড়াইল ও নরসিংদীতে পুলিশ ও ইপিআরের গুলিতে কয়েকজন শহীদ হন।
আইয়ুবের মসনদ কেঁপে ওঠে। ৪ জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দেয়। ২০ জানুয়ারি নরসিংদীর আসাদ ঢাকায় গুলিতে শহীদ হন। ১৭ ফেব্রুয়ারি পল্টন ময়দানে ভাসানী ১১ দফা মানার জন্য দুই মাসের সময় দিয়ে চরমপত্র দেন। ১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ভেঙে রাজবন্দিদের মুক্ত করেছিল, বিপ্লব করেছিল।
মওলানা বলেন, অবিলম্বে রাজবন্দিদের মুক্তি না দিলে বাস্তিলের মতো জেলের তালা ভেঙে তাদের মুক্ত করবেন। মওলানা তার দেশের ও জীবনের একটি সংগ্রামী সময় তখন তৈরি করছিলেন। ২২ ফেব্রুয়ারি রাজবন্দিদের মুক্তির পর আইয়ুব গোলটেবিল বৈঠক ডাকেন। ভাসানী সে বৈঠক বয়কট করেন। শেখ মুজিবকে বয়কট করতে বলেন, কিন্তু শেখ মুজিব তার কথা শোনেননি। আইয়ুব খান ২৫ মার্চ ক্ষমতা থেকে পড়ে যান। বাংলাদেশ স্বাধীন হয়।)
৬. বয়কট : যতদিন ভারত ন্যায্য পানি দেবে না ততদিন ভারতে ভ্রমণ বন্ধ এবং ভারতীয় চিকিৎসা বয়কট করা যেতে পারে। আমাদের দেশে বয়কট ব্যবহার করেন ভাসানী।
৭. হাট হরতাল : কৃষিতে দেশি বীজ, সার ও পানির ভয়াবহ বিপর্যয় চলছে। জেনেটিক বীজ বর্জনপূর্বক দেশি বীজ রক্ষা ও ব্যবহার; বিষাক্ত ও রাসায়নিক সার বর্জন করে দেশি সবুজ সারের ব্যবহার এবং চাষের পানিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করতে হবে। ভূমি সংস্কার করতে হবে। উল্লেখ্য, ভাসানী হাট হরতাল ডেকে আইয়ুবের পতন নিশ্চিত করেন। হাট হরতালে কৃষক আসবেন মাথায় লালটুপি পরে।
৮. শিক্ষাব্যবস্থায় বেতনবৈষম্য দূর করতে হবে। এ আন্দোলন করবে ছাত্ররা, অন্যেরা তাতে যোগ দেবে।
৯. গণস্বাস্থ্যকে জাতীয়করণ করতে হবে।
১০. পানিসভ্যতা আমাদের দেশের প্রাণ। তাকে জাগাতে হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য জীবন, সংগ্রাম ও তার ঐতিহাসিক অবদান নিয়ে আমাদের আলোচনায় সব দেশপ্রেমিক পক্ষকে আনন্দের সঙ্গে আহ্বান জানানো হয়েছে। তার আপসহীন জীবনদর্শন, কৃষক-শ্রমিকের পক্ষে তার লড়াই এবং বিশ্ব রাজনীতির নানা সমীকরণে তার অনন্য ভূমিকার মূল কথা হলো সর্বহারার মুক্তি। এই রচনায় সর্বহারা চোখে ভাসানীকে দেখার চেষ্টা করা হয়েছে। আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায়।
লেখক: চিন্তক
