Logo
×

Follow Us

উপসম্পাদকীয়

পুঁজিবাদের নৈতিকতা: জাপান ও আমাদের অবস্থা

Icon

আলমগীর খান

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

পুঁজিবাদের নৈতিকতা: জাপান ও আমাদের অবস্থা

জাপান ও বাংলাদেশ একই মহাদেশে অবস্থিত হওয়া সত্ত্বেও শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদিতে ব্যবধান মহাদেশ কিংবা মহাসাগরের চেয়ে অনেক বেশি। এই ব্যবধান গড়ে ওঠার পেছনে বহু কারণ বিদ্যমান। তবে দুটি কারণ প্রধান—উন্নত মানসম্মত শিক্ষা এবং নীতি, নিয়ম ও নৈতিকতার প্রতি শ্রদ্ধা। 

জাপানের অবিশ্বাস্যরকম উন্নতি লাভের পেছনে শিক্ষা যদি কাজ করে হাতিয়ারের মতো, তবে সর্বক্ষেত্রে নীতি, নিয়ম ও নৈতিকতা ছিল তার চালক। শিক্ষা যে জাপানসহ এশিয়ার অন্যান্য দেশের উন্নতি লাভের পেছনে হাতিয়ার স্বরূপ কাজ করেছে তা অনেকের আলোচনায়ই এসেছে। সেই তুলনায় তাদের উন্নতির পেছনে নীতি, নিয়ম ও নৈতিকতার চালিকাশক্তি কম আলোচিত। 

অথচ দিনে দিনে স্পষ্ট হচ্ছে, নীতি-নৈতিকতার ক্ষেত্রটি অবহেলিত রেখে শিক্ষার মতো বিষয়কে উন্নতি লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার সম্ভব হবে না। কিন্তু চব্বিশের বিরাট পরিবর্তনের পেছনে তো মানুষের আশা ও স্বপ্ন ছিল উন্নত জীবনযাপন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের।

আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৭ বছর পর দেশে ফিরে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’ এক কথাতেই মানুষের মন জয় করেছিলেন তিনি। এই কথাটি ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রগতিশীল নেতা বিশ্বনন্দিত মার্টিন লুথার কিংয়ের ১৯৬৩ সালের ভাষণে বলা ‘আই হ্যাভ আ ড্রিম’ কথাটির প্রতিধ্বনি। 

প্ল্যান থাকলে তার পেছনে ড্রিম আছে এ কথা সবাই ধরে নিয়েছিলেন। এমনটাই স্বাভাবিক, কেননা জনগণের মন স্বপ্নে ভরা ছিল। স্বপ্ন, বিশ্বাস ও পরিকল্পনার পর বাস্তবায়নের পর্ব, যা সবচেয়ে কঠিন। এ জন্য জানা প্রয়োজন, বাস্তবায়নের পথে বাধা কী, গলদ কোথায় এবং কীভাবে এসব দূর করে স্বপ্ন, বিশ্বাস ও পরিকল্পনার পথ ধরে এগিয়ে যাওয়া যাবে।

এই পথের প্রধান বাধা দুর্নীতি, আর গলদের নাম অনৈতিকতা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পথে এটিই ছিল অন্যতম বাধা, যা দিনে দিনে বেড়েই চলেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে নেমে এসেছে—হত্যা, ধর্ষণ ও দুর্নীতির খবরে সামাজিক মাধ্যম ভরপুর। এমন এক সামাজিক অবস্থায় কোনো পরিকল্পনাই কি বাস্তবায়ন সম্ভব? 

কোনো ইতিবাচক সামাজিক পরিবর্তন ও গঠনমূলক রাষ্ট্রনৈতিক কার্যক্রমের জন্য একটা শক্ত নৈতিক ভিত্তি প্রয়োজন। মুক্তিযুদ্ধের মতো বিরাট গৌরবজনক ইতিহাস যে জনগোষ্ঠীর রক্ত ও আত্মত্যাগে তৈরি সম্ভব হয়েছিল, তা কি আজ আছে? তখনকার রাজনীতিবিদ ও এখনকার রাজনীতিজীবীদের পাশাপাশি রেখে আলোচনা করা দুরূহ। অবশ্য এই প্রশ্ন ছাত্র-শিক্ষক, শিল্পী, কবি, চিকিৎসক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমলা, ব্যবসায়ীসহ সবার বেলায়ই প্রযোজ্য। 

নৈতিক ভিত্তি, স্তম্ভ বা জমিন তো দেখা যায় না কিংবা স্পর্শ করা যায় না—তাহলে তার থাকা আর না থাকায় কী আসে যায়? অথচ যেহেতু দেখা যায় না কিংবা স্পর্শ করা যায় না, তাই বস্তুগত ভিত্তি কিংবা স্তম্ভের চেয়ে অনেক অনেক বেশি আসে-যায়। অক্সিজেনকে দেখা না গেলেও, তার অস্তিত্ব বোঝা না গেলেও, অনস্তিত্ব বোঝা যায় প্রাণের বিনিময়ে। অর্থাৎ অক্সিজেনের অভাব হওয়া মাত্র আমরা তার অস্তিত্বের চাক্ষুস প্রমাণ পাই। নীতিনৈতিকতারও। সমাজ ও রাষ্ট্র গঠনে এর কোনো বিকল্প নেই, বস্তুগত তো নয়ই।  

ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইতে দার্শনিক ও নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এমন একটি তুলনাই দিয়েছেন পুঁজিবাদের বিকাশে নীতি-আদর্শের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুঁজিবাদের গড়ে ওঠা ও বিকাশের পেছনে নীতি-আদর্শের গুরুত্বপূর্ণ ভূমিকা। বইটির একাদশ অধ্যায়ে তিনি লিখেছেন, ‘অলাভজনক মনোভাব যে পুঁজিবাদের সাফল্যে একটা ভূমিকা রেখেছে এটা নতুন কথা নয়। 

যদিও এর পক্ষে বিপুল ঐতিহাসিক সাক্ষ্য ও অকাট্য যুক্তি রয়েছে, সমসাময়িক অর্থশাস্ত্রের আলোচনায় তা হামেশাই অবহেলিত। ভালো ব্যাবসায়িক আচরণের নৈতিক কাঠামো অক্সিজেনের মতো : আমরা এর উপস্থিতি টের পাই যখন এর অনুপস্থিতি ঘটে, যা জুরিখ বা লন্ডন অথবা প্যারিসে বিস্ময় বা চমক তৈরি করে না, তার অনুপস্থিতিই আবার কায়রো বা বোম্বে বা লাগোসে প্রবল অনুভূত হতে পারে কার্যকর বাজার অর্থনীতির আদর্শিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির চলমান সংগ্রামে।’ 

আমাদের রাষ্ট্র নিঃসন্দেহে বৃহত্তর পরিচয়ে পুঁজিবাদী। কিন্তু এটি এমন এক লুণ্ঠনবৃত্তির পুঁজিবাদ যে কেবল এই সমান পরিচয়ে পৃথিবীর বহু আধুনিক পুঁজিবাদী দেশ নিশ্চিত লজ্জিত হবে। কেননা কিছু মৌলিক নীতি-আদর্শকে দৃঢ়ভাবে ধারণ না করে কোনো পুঁজিবাদই বিকশিত হতে বা অগ্রগতি লাভ করতে সক্ষম হয় না। অমর্ত্য সেন এরপর উদাহরণ টেনে লিখেছেন, ‘সাম্প্রতিক দশকগুলোতে পূর্ব এশীয় অর্থনীতির সাফল্য কিংবা আরো পেছনের সময় থেকে বিশেষ করে জাপানের সাফল্য পুঁজিবাদকে প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের ওপর দাঁড় করানো নিয়ে প্রশ্ন উত্থাপন করে।

পুঁজির ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে শুদ্ধ চরম লাভ অর্জনের ব্যবস্থা হিসেবে পুঁজিবাদকে দেখলে অনেক কিছু বাদ পড়ে যায়, যা সম্পদ ও আয় বৃদ্ধিতে এই ব্যবস্থাকে এতটা সফল করেছে।’ 

পুঁজিবাদের সবচেয়ে সফল উদাহরণ হিসেবে যে জাপানকে দেখানো হয়, তার উত্থানের পেছনে আরো যেসব অলক্ষিত কারণ বিভিন্ন বিশেষজ্ঞের বরাত দিয়ে চিহ্নিত হয়েছে, তার কিছু উল্লেখ করেছেন অমর্ত্য। যেমন জাপানি নৈতিকতা, কনফুসিয়ান নৈতিকতা, সহযোগিতা ও আদর্শিক আচরণ, প্রতিশ্রুতি রক্ষা, সামুরাই সংস্কৃতি এবং অন্যান্য 

সাংস্কৃতিক ও আচরণগত বৈশিষ্ট্য। অমর্ত্য সেন লিখেছেন, “ওয়াল স্ট্রিট জার্নালে যে ভ্যাবাচ্যাকা খাওয়া দাবি তোলা হয়েছিল এর মধ্যে কিছু সত্য আছে বৈকি : ‘জাপান হচ্ছে এখনো সফল একমাত্র কমিউনিস্ট দেশ।’ এই হেঁয়ালিপূর্ণ মন্তব্যটি ইঙ্গিত করছে তার বহু অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের পেছনে অলাভজনক মনোভাবের চালিকাশক্তিকে। 

আমাদের বুঝতে হবে, পৃথিবীর সবচেয়ে সফল পুঁজিবাদী রাষ্ট্রগুলোর একটি জাপান যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে, তা নিছক আত্মস্বার্থ চরিতার্থ থেকে আলাদা। যাকে কি না এতকাল পুঁজিবাদের ভিত্তি বলে মনে করা হতো।”

কোনো স্বপ্ন ও পরিকল্পনাই এখানে হালে পানি পাবে না, যদি না আমরা রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে প্রাত্যহিক জনজীবন পর্যন্ত একটা দৃঢ় নৈতিক ভিত্তি গড়ে তুলতে সক্ষম হই। নৈতিক ভিত্তি নদী ও বন-বনানীর মতোই ধ্বংস করা সহজ, আর রাতারাতি গড়ে তোলাও যায় না। প্রয়োজন আমাদের সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও বিদ্যমান নৈতিক সংস্কৃতিকে রক্ষা, লালন ও বিকশিত করা। 

শিক্ষা, ভালো নাটক, উন্নত চলচ্চিত্র ইত্যাদি এ ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার। ঐতিহ্যকে ধারণ করা, নিজের ভাষাকে যথাযথ সম্মান করা ও নিজের সংস্কৃতিকে লালন করে অন্য সংস্কৃতি থেকে যা ভালো সব গ্রহণ করা—এটাই উন্নত সমাজ ও রাষ্ট্রগঠনের জমিন তৈরির পথ।

দুঃখজনক সত্য হলো, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেসব সরকার এসেছে তারা যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল কে কত বেশি পাহাড়, নদী ও বনানী ধ্বংস করতে পারে। কেবল প্রকৃতি নয়—একই সঙ্গে আমাদের মনোজীবনের নৈতিক পাহাড়, নদী ও বনানীও। এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে, কেননা আমাদের নৈতিক সংস্কৃতির শিকড় পরিশ্রমী জনজীবনের গভীরে প্রোথিত। তাকে লালন ও বিকশিত করলে নিকট ভবিষ্যতেই জাপানের মতো এমন এক পুঁজিবাদী দেশ গঠন করা যায়, যাকে ‘সমাজতান্ত্রিক’ বলে লোকে হাসাহাসি করবে। 

জাপানের মতো উন্নতি লাভের ইচ্ছা হয়তো এই মুহূর্তে অনেক বড় আশা, যা এখনই সম্ভব নয়। কিন্তু অন্তত অর্ধেক অবশ্যই সম্ভব। আর অর্ধেক হলে বাকি অর্ধেকও সম্ভব না হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। শুধু ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে নৈতিক শক্তির জাগরণ প্রয়োজন।

লেখক: সম্পাদক, বিজ্ঞান ও সংস্কৃতি পত্রিকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫