Logo
×

Follow Us

গল্প

অনামিকার পৌরুষত্ব

Icon

মোবাররম হায়দার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

অনামিকার পৌরুষত্ব

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি

আঙুলে সংক্রমণ নিয়ে জাহাঙ্গীর ডাক্তার শফিকের কেবিনে ঢুকতেই দেখল, রুমটি লোকে লোকারণ্য। উপস্থিত প্রায় সবার অবস্থা তার মতো। কয়েক দিন আগে হঠাৎ তার হাতের শাহাদাহ আঙুলটিতে ফোলা দেখা দিয়েছিল। এরপর ধীরে ধীরে আঙুলের অগ্রভাগ থেকে পুঁজ জমতে শুরু করে। ব্যথার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

ডা. শফিক বিজ্ঞ মানুষ। চিকিৎসাবিজ্ঞানে দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা, দক্ষতা ও বিচক্ষণতায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কর্মজীবনে নানা অভিনব ও জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো বিচলিত হননি। অথচ আজ তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তীব্র গতিতে ঘুরতে থাকা পাখার বাতাসও তার কপালের ঘাম শুকাতে পারছে না। চিন্তায় কপাল কুঁচকে তিনি গভীর একটি নিঃশ্বাস ফেললেন।

তিনি বুঝতে পারছেন না, এই সংক্রমণের উৎপত্তি কোথায়, কিংবা এর প্রকৃত কারণই বা কী। সমস্যার সমাধান করতে হলে প্রথমে জানতে হবে, সমস্যাটির উৎপত্তি কেন এবং কীভাবে। আপাতত এর বাইরে যাওয়ার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। অবশেষে তিনি সবার কাছে একদিনের সময় চাইলেন। কিন্তু উপস্থিত লোকজনের পীড়াপীড়ি ও অব্যাহত প্রশ্নের মুখে তাকে কেবিন ছেড়ে বেরিয়ে যেতে হলো।

গভীর রাত। ল্যাবে বসে রোগীদের কাছ থেকে সংগ্রহ করা নমুনাগুলো গভীর মনোযোগে পরীক্ষা করছেন ডা. শফিক। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের রাসায়নিক পদার্থ, চিকিৎসাবিষয়ক যন্ত্রপাতি ও গবেষণার সরঞ্জাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করল জাহাঙ্গীর। এত রাতে জাহাঙ্গীরকে দেখে কিছুটা বিস্মিত হলেন তিনি।

এই সময়ে এখানে? আমি তো আপনাদের কাল আসতে বলেছি! এই ব্যথা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মনে হচ্ছে, প্রাণবায়ু বুঝি বেরিয়ে যাবে। আপনি এসব রাসায়নিক দিয়ে এমন কিছু একটা তৈরি করুন, যা আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে।

আপনি একটু শান্ত হোন। বসুন। ধীরস্থির হয়ে আমার কথাটা শুনুন। আপনি যা করার, তাড়াতাড়ি করুন। আর সহ্য হচ্ছে না।

ডা. শফিক কিছুক্ষণ নীরব থেকে বললেন, আপনাদের নমুনাগুলো আমি ভালোভাবে পরীক্ষা করেছি। গবেষণায় এমন কিছু বিষয় উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে... খুব দুঃখের সঙ্গে? আপনাদের এই সংক্রমণ অত্যন্ত ভয়াবহ। এর কি কোনো সমাধান নেই?

এখন পর্যন্ত সন্তোষজনক কোনো সমাধান খুঁজে পাইনি। তবে... তবে কী?

আমার গবেষণায় দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, এই সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। আর যদি তা-ই হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। গত কয়েক দিনে এই এলাকায় যেভাবে শতাধিক মানুষ সংক্রমিত হয়েছেন, তাতে আমার আশঙ্কা ক্রমেই বাস্তবতায় রূপ নিচ্ছে।

আপনি কী বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, এই সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে, তাহলে এর মোকাবিলা করা অত্যন্ত দুরূহ হয়ে উঠবে। হয়তো বহু মানুষের প্রাণহানির কারণ হবে এটি। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, এই এলাকার বাইরে যেন এখনো সংক্রমণ না ঘটে থাকে। এখন পর্যন্ত অন্য কোথাও সংক্রমণের খবর আমার কাছে পৌঁছায়নি। কিন্তু সংক্রমিত ব্যক্তিরা যদি এভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে থাকেন, তাহলে এটি ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগবে না।

(বিচলিত কণ্ঠে) তাহলে উপায়? উপায় বলতে আমার দ্বিতীয় গবেষণালব্ধ বিষয়টি আপনাকে জানাতে চাই। এই রোগের স্থায়ী সমাধান করতে হলে এর উৎপত্তিস্থলে আঘাত হানতে হবে। অর্থাৎ, একেবারে গোড়া থেকে সংক্রমণ নির্মূল করতে হবে।

কীভাবে? যারা ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন, তাদের একত্র করে সংক্রমিত আঙুলগুলো কেটে ফেলে দিতে হবে। তবেই আশা করা যায়, রোগটির বিস্তার রোধ করা সম্ভব হবে।

এটাই আপনার গবেষণার ফল? হ্যাঁ। এই বকওয়াস চিন্তার জন্য আমাদের একদিনের অপেক্ষায় রেখে দিলেন? এতক্ষণ ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করছি আমরা, আর আপনার সমাধান হলো আঙুল কেটে ফেলা!

জ্বী। আপনি চান, শত শত মানুষ অনামিকা ছাড়া ঘুরে বেড়াক? এই এলাকার নাম হয়ে যাক ‘অনামিকা মারা’?

আপনি কি রসিকতা করছেন? রসিকতার রস তো আপনিই পরিবেশন করেছেন! যে আঙুলে পুরুষের ব্যক্তিত্বের প্রকাশ, যে আঙুল দিয়ে একটি দেশ স্বাধীনতার পতাকা উঁচিয়ে ধরেছিল, যে আঙুল ছাড়া আমাদের চলতেই কষ্ট হবে, সেই আঙুল কেটে ফেলার পর পুরুষের পৌরুষত্বই বা কোথায় থাকবে? সবচেয়ে বড় কথা, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এই আঙুল উঁচিয়ে তাশাহহুদ পড়তে হয়। একজন মুসলমানের কাছে এর গুরুত্ব কি কম?

কিন্তু এই অনামিকার গর্বে যদি একসময় আপনার পুরো হাতটাই হারাতে হয়, তখন কী করবেন? সে তো অদূর ভবিষ্যতের কথা। ভবিষ্যতের আশঙ্কায় বর্তমানকে বিসর্জন দেওয়া যায় না। অনামিকা না উঁচিয়ে নামাজ পড়লে তো মনে হবে, নামাজটা পূর্ণ হলো না!

অথচ তাশাহহুদে আঙুল উঁচিয়ে রাখা ফরজ নয়। অন্যদিকে, এই আঙুলের কারণে আপনার ফরজ আমলগুলোই যদি একসময় আদায় করা অসম্ভব হয়ে পড়ে, সেই পরিণতির কথা কি একবারও ভেবেছেন?

ভালোই বুঝতে পারছি। কিন্তু আপনি এ কেমন আবিষ্কার করলেন! আপনি সামনের ভয়াবহতা দেখছেন না। কয়েক শ আঙুলের কথিত পৌরুষত্ব রক্ষার মূল্য যদি হাজার হাজার মানুষের প্রাণ দিয়ে দিতে হয়, তখন এই পৌরুষত্ব দিয়ে কী করবেন?

ডাক্তার সাহেব, আপনি তো চিকিৎসাবিদ্যা ছেড়ে ভবিষ্যৎ বক্তা হয়ে যেতে পারেন! নিজের ক্ষেত্রের অভিজ্ঞতা থেকে সম্ভাব্য বিপদ আঁচ করার মতো সামান্য যোগ্যতা আমার আছে। পাহাড়ের চূড়া থেকে যে দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায়, সমতলে দাঁড়িয়ে সেই দৃষ্টির বিস্তার ততটা হয় না।

ডাক্তার সাহেব, আপনার এই ফালসাফা বোঝার জন্য মধ্যরাতে এখানে আসিনি। যদি পারেন, একটা ভারসাম্যপূর্ণ সমাধান দিন।

আমার কাছে এমন কোনো সমাধান নেই, যা আপনাদের কোনো ত্যাগ ছাড়াই এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। আপনারা যে পথটি অপছন্দ করছেন, আপাতত সেটিই আমার গবেষণায় পাওয়া একমাত্র কার্যকর সমাধান।

এত রাসায়নিক পদার্থের স্তূপ, এত গবেষণা, এত আয়োজনের ফল কি শেষ পর্যন্ত এটুকুই গবেষণার ফল অন্তত এটুকু শিখিয়েছে যে, কখনো কখনো বৃহত্তর কল্যাণের জন্য ক্ষুদ্রতর ত্যাগ স্বীকার করতে হয়। একটি প্রদীপ নিজের তেল ও সলতে নিঃশেষ করে চারপাশে আলো ছড়ায়। তার এই আত্মক্ষয়েই অন্ধকার দূর হয়। আজকের সামান্য ত্যাগটুকু যদি আগামী দিনের বৃহত্তর বিপর্যয় ঠেকাতে পারে, তবে সেই ত্যাগকে অপচয় বলা যায় না। আজ অনামিকা হারানোর যে ভয় আপনাদের তাড়িয়ে বেড়াচ্ছে, কাল সেই অনামিকার সংক্রমণই হয়তো আপনাদের পুরো শরীরকে গ্রাস করবে। শুধু আপনাদের নয়, এই অঞ্চলের হাজারো মানুষের জীবন বিপন্ন হবে।

জাহাঙ্গীর আর কোনো উত্তর দিল না। মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে গেল।

পরদিন নির্ধারিত সময়ে অন্য রোগীরাও ডা. শফিকের কেবিনে ভিড় জমাল। কিন্তু সমাধানের কথা শুনে অধিকাংশই জাহাঙ্গীরের সুরে কথা বলল। কেউ কেউ চিকিৎসকের গবেষণাকে অবাস্তব বলল, কেউ তাঁর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলল। তবে কয়েকজন তাঁর কথার ওপর আস্থা রেখে সংক্রমিত আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত নিল।

তাদের এই সিদ্ধান্তের কথা এলাকায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগল না। বাজারে, হাটে, ঘাটে, চায়ের দোকানে তাদের নিয়ে হাসাহাসি শুরু হলো। অনেকে তাদের পৌরুষহীন বলেও কটাক্ষ করতে ছাড়ল না।

একদিন বাজারের মাঝখানে জাহাঙ্গীর এমনই একজনকে পেয়ে বসে বলল, কী ব্যাপার ভাই, বউকে শাসন করার সময় এখন কোন আঙুল উঁচিয়ে শাসান? অনামিকা তো আর নেই! এখন কি মধ্যমা দিয়ে শাসাতে হয়?

বাজারজুড়ে হাসির রোল পড়ে গেল। উপস্থিত লোকজনের হাসিতে সেই মানুষটির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল।

এদিকে ডা. শফিক জানতে পারলেন, তার কাছ থেকে ফিরে গিয়ে তারা অন্য এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। সেই চিকিৎসক তাদের ব্যথা উপশমের জন্য একটি ওষুধ তৈরি করে দিয়েছেন। ওষুধটি খেলে সাময়িকভাবে ব্যথা কমে যায়, স্বাভাবিক জীবনযাপনও কিছুটা সহজ হয়। কিন্তু এর কোনো স্থায়ী সমাধান নেই।

চিকিৎসক ছিলেন বেশ ধূর্ত। তিনি রোগীদের কাছে ওষুধের প্রকৃত সীমাবদ্ধতা প্রকাশ করেননি। বরং চড়া মূল্যে ব্যথানাশক বিক্রি করে বেশ ভালো আয় করেছেন।

ডা. শফিকের কাছে ফিরে এসে তার রোগীদের অনেকে অভিযোগ করল। তিনি শুধু বললেন, সামান্য ফুর্তি কখনো চিরস্থায়ী শান্তির বিকল্প হতে পারে না!

দিন যেতে থাকল। আর যা হওয়ার, তা-ই হলো।

সংক্রমণ আঙুল থেকে হাত বেয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করল। যারা প্রথম দিকে আক্রান্ত হয়েছিল, তাদের অনেকেই এর মধ্যে নিজেদের পরিবার, আত্মীয়স্বজন ও কাছের মানুষদের সংস্পর্শে গিয়ে রোগটি ছড়িয়ে দিয়েছে। একসময় যে সংক্রমণ ছিল কয়েকটি আঙুলের মধ্যে সীমাবদ্ধ, তা ক্রমে গোটা অঞ্চলের মানুষের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হলো।

জাহাঙ্গীরের চোখের সামনেই তার পাঁচ বছর বয়সী ফুটফুটে মেয়েটি অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় নিথর হয়ে গেল। ছোট্ট শরীরটির সমস্ত ছটফটানি থেমে গেল, বন্ধ হয়ে গেল নিঃশ্বাসের ওঠানামা।

জাহাঙ্গীর নির্বাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। যে আঙুলের পৌরুষত্ব রক্ষায় সে এতদিন সরব ছিল, সেই আঙুলের সংক্রমণই আজ তার বুকের ভেতরকার সমস্ত পৃথিবীটুকু কেড়ে নিয়েছে।

একসময় যে ত্যাগকে তারা পৌরুষহীনতা বলে উপহাস করেছিল, আজ সেই ত্যাগের মূল্য বুঝতে পারছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সংক্রমণ আর কোনো একটি আঙুলে কিংবা একটি হাতে সীমাবদ্ধ নেই। একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে। গোটা অঞ্চল যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। হাজারো মানুষের প্রাণের ওপর ভর করে দাঁড়িয়ে আছে কয়েক শ মানুষের কথিত পৌরুষত্ব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫