সাম্প্রতিক দেশকাল গ্রাফিক্স।
রাতের নিস্তব্ধতা ভেদ করে শব্দ উঠেছিল, হঠাৎ দুলে উঠে নৌকাটি টাল সামলাতে সামলাতে ঘুম ভাঙল সাজু মানতার। কোথায় কি হলো আঁচ করতে পারল না সে। ঘুমের রেশ কাটেনি। বহুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। বিছানায় একটু এপাশ ওপাশ করলেও চোখে কিছুই ঠাহর করতে পারল না।
উপলব্ধি হলো, রাইত অনেক হয়েছে, একেবারে সনসন করছে রাইত। তবে শব্দটা তো নৌকার গলুয়ে পা রাখার ধপাস শব্দ মনে অইল। নৌকানির্ভর মানতা সম্প্রদায়ের জীবন। বেদেদের মতো একই জায়গায় এরা দলবেঁধে থাকে। বাইরে থেকে চোর ডাকাতের আসার সুযোগ নেই এই জলজীবনে। তাহলে নৌকায় এই দুলুনি কেন? ভাবতে ভাবতে বিছানায় উঠে বসল সাজু মানতা। চারদিক ডুবে আছে একরাশ অন্ধকারের ভেতর। নৌকাটি আবার দুলছে। ব্যাপক নড়াচড়ার কারণে পাশেই অবিশ্রান্ত ঘুমের ঘোর কেটে উঠে বসল স্ত্রী রোকেয়া।
—‘উঃ, কি অইল তোমার, তামুকের তিরায় ধরেছে?’ —আরে না, কি একটা শব্দ হুনলাম—ধপাস কইর্যা উডল। —জবাব দিল সাজু। —আচমকা গলুইয়ের মাথা থেকে ডাক পাড়ল, ‘ও-মা, মুই ছায়া গো!’
‘ছায়া! এত রাইতে ছায়া!’ সাজু দম্পত্তির সভয়ে শরীর শিউরে উঠল। লণ্ঠনের আলোয় স্বামী-স্ত্রী একসঙ্গে দেখতে পেল, মূর্তিমতি চেহারা একমাত্র মেয়ে ছায়া নৌকার গলুয়ে দাঁড়িয়ে।
চোখ দুটো অস্থির, পা টলছে মেয়েটির। পাশের নৌকোটিতে লণ্ঠনের আলো দেখা যায়। কিন্তু মানুষ দেখা যায় না। এ নৌকার ভেতরে সাজুর মেয়ের-জামাই, বেয়াই, বেয়ান, আত্মীয়স্বজনের কোলাহল শোনা গেল। সাজু মানতার বুঝতে অসুবিধা হলো না যে, সর্বনাশ একটা হয়েছে, মেয়ে তার জামাইয়ের নৌকা ছেড়ে বাপের নৌকায় পা রেখেছে।
মেয়েকে মায়ের জিজ্ঞাসা—কি গো মা, এত্ত রাইতে সায়রে ঝাপ দিলা ক্যান? বুইজ্যা-হুইন্যা দিলা না, না-বুইজ্যাই দিলা?
ছায়া, ছায়ার মতো নিরুত্তর। লণ্ঠনের আলোয় ছায়ার চোখের জলে কষ্টের তুলনাহীন বেদনা শুধু প্রকাশ করতে পারে না। সে শুধু দীর্ঘ ছয় মাসের ঝগড়াঝাটির অবসান করতে পেরেছে বাপের নৌকায় পা রেখে। সাজু মানতা হাউমাউ করে কেঁদে বলল, ‘মোরা মানতা সম্প্রদায়, নদীর জঠরে মোগো জীবন। নদীই মোগো আহার জোগায়, তৃষ্ণা মিটায়; নদীই মোগো আত্মীয়—আশ্রয়দাতা, মোগো জন্ম-বিয়া-সংসার নদীতে, মুত্যুও নদীর বুকে—এত্তসব জাইন্যাও তুই কী করলি রে মা, তোর তো তালাক অইয়্যা গেল রে মা। এ তুই কী করলি?’
স্ত্রী রোকেয়া স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ, আকাশ যেন ভেঙে পড়ল তার মাথায়। কী শুনল সে, মেয়ের তালাক! অবাক কাণ্ড! সে বিলাপ করে কান্না শুরু করে দিল। কান্নার ধ্বনিতে বহরের অন্য নৌকার সবার ঘুম গেল ভেঙে। একে একে নৌকাগুলো ভাসতে ভাসতে সাজুর নৌকার কাছে এসে ভিড়ল। বহরের সর্দার মহর আলী উঠে এলো সাজুর নায়ে। বিলাপ থামিয়ে রোকেয়া ভানু সর্দারের কাছে জানতে চাইল—দাদা, মাইয়াডার কি সত্যই তালাক অইয়্যা গ্যাছে?
—তোমার মাইয়ায় যদি সোয়ামির লগে থাকবে না বইল্লা লাফ দিয়া বাপের নৌকায় পা রাখে তাইলে তো তালাকই অইছে। এডা তো আমাগো মানতা সম্প্রদায়ের জীবনাচার। —সর্দারের জবাব। —হ, হেইয়াই তো হরছে মাইয়ায়। —তয় তো মানতা সম্প্রদায় মতে বিয়া বিচ্ছেদ অইয়্যা গেল।
বহরের যারা এসে জুটেছিল বিভিন্ন নৌকার তারাও সর্দারকে সমর্থন করে বলল, সে একশ বার। যুগ যুগ ধইর্যা মানতা সম্প্রদায়ে এডাই তো অইয়্যা আইছে। এহোন আর কাইন্দা-কাইট্যা লাভ নাই।
অন্য নৌকার কালা বড়িয়াল হাঁক ছেড়ে বলে উঠল—আহাশে একটা তারাও দেহি না, ম্যাঘে ঘেরছে আহাশ। জোয়ারের পানি তরতর কইরা আইতাছে। বান আইবে মনে কয়।
বড়িয়ালের হাঁক শুনে মানতারা সকলে নদীর দিকে তাকায়। কলকল জলের শব্দ শোনে। জলজ জীব মানতারা নদীতে ভাসমান নৌকাপল্লীতে কাটিয়ে দেয় সারাজীবন। তাদের স্থলে কোনো আশ্রয় নেই, জমি-জিরাত নেই। কখন জোয়ার-ভাটা, কখন বান আসবে, ঝড় বইবে, জলোচ্ছ্বাসে ভাসাবে তাদের নৌকা—অকূল দরিয়ায় ভাসতে ভাসতে এটা আন্দাজ করতে পারে তারা। আরেক নৌকার গদাই মানতা হাঁক ছেড়ে জানিয়ে দেয় সকলকে —এহোন মাছ মারার সময়, সকলে দূর নদীতে জাল ফেলতে যাও।
গভীর রাত। সকলে ব্যস্ত হয়ে পড়ে। মাছ শিকারে নৌকাগুলো জাল ফেলতে নদীর সুবিধামতো স্থানগুলোতে চলে যায়। ততক্ষণে ছায়ার কাহিনি সকলের মন থেকে ভাটা পড়লেও জোয়ার থাকে মা-বাবার মনে। শুধু সাজু মানতার নৌকাটি মৎস্য শিকারে যায় না। সে মেয়ের দুর্ঘটনার কারণে অস্থির হয়ে পড়ে। বুক চাপড়ায় তীব্র ব্যথায়। গহিন নদীতে কেউ নেই, কোথাও নেই তাকে ব্যথা উপশমের ওষুধ দেবে। বেদনার—আত্মগ্লানির সীমা তার আর ছিল না। সে নদীর বুকে নৌকার বিছানায় লুটিয়ে পড়ল। মা-মেয়ে উভয়ে অনুপায়, তাকে নদী থেকে পাঁচ আঙুলের একত্রে এককোষ পানি দিল মুখে। ছায়া প্রচণ্ড ধ্বনিতে বাবার শিয়রে বসে ডাকল, বাবা...। বাবা জবাব দিল না। চিরতরে ঘুমিয়ে পড়ল না ফেরার ঘুমে চিরকালের তরে। আকাশ-বাতাস উতালপাথাল করে, কোথাও একটু উপশমের জন্য যাওয়ার সময় নেই যেন সাজু মানতার। চিরঘুম তার নেমে এসেছে।
পরদিন সকালে নদীর মাঝে এক করুণ দৃশ্যের অবতারণা হলো। মৎস্য শিকার শেষে মানতারা সবাই চলে এলো সাজু মানতার নৌকার কাছে।
মহর আলী নায়ের গলুয়ে দাঁড়িয়ে সকলের উদ্দেশে বলল, ভাইয়েরা-বোনেরা শোনো, মিলন-বিরহ-সংকটে এ নদীই মোদের আত্মীয়, পরম আশ্রয়দাতা, তাই সাজু মানতাকে নদীর তীরেই সমাহিত করতে হবে। আমরা মানতা, জলে বাস করি জীবন-মৃত্যু সবই আমাদের জলে। তখন স্রোতস্বিনী নদীতে তীব্র জোয়ার। তরতর করে বয়ে যাচ্ছে স্রোত।
সর্দারের নির্দেশে সাজুর লাশটা ভাসিয়ে দিল জলের বিছানায়। সব মানতারা কেঁদে কেঁদে সাজু মানতাকে বিদায় দিল। আকাশে তখন মেঘের গর্জন। গহিন জলের অতলে ডুবে গেল সাজু মানতার লাশ। প্রচণ্ড ঝড় ধেয়ে এলো সমুদ্র থেকে। নৌকাগুলো এই ঝড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলল। এই যাত্রা কোথায় গিয়ে শেষ হলো, তা জানল না কেউ।
