গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তারার মেলা, মনোনয়নে মেসি-রোনালদো-এমবাপে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বের তিন মহাতারকা, তিনটি পরিচিত নাম—লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপে। মাঠের লড়াইয়ে যাদের ঘিরে থাকে কোটি সমর্থকের উন্মাদনা, এবার তাদের ঘিরেই নতুন উত্তেজনা।
তবে প্রতিপক্ষ কোনো দল নয়, লড়াইটা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার। ২০২৬ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন এই তিন তারকা।
আগামী ২৮ ডিসেম্বর দুবাইয়ে বসবে ফুটবল বিশ্বের তারকাদের মিলনমেলা। জমকালো আয়োজনে ১৪টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। তবে আলোচনার কেন্দ্রে থাকবেন মেসি-রোনালদো-এমবাপে।
সৌদি আরবের ফুটবলে নিজের অবস্থান আরও একবার প্রমাণের অপেক্ষায় রোনালদো। গত আসরে সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আল নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ড। এবারও একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে আছেন জোয়াও ফেলিক্স, সাদিও মানে, রুবেন নেভেস, ইভান টনি ও এদুয়ার্দ মেন্দির মতো তারকারা।
অন্যদিকে, এক দশকেরও বেশি সময় পর আবারও গ্লোব সকারের সেরা পুরুষ খেলোয়াড়ের মনোনয়নে ফিরেছেন মেসি। ২০১৫ সালে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার সঙ্গে শ্রেষ্ঠত্বের দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, আর্লিং হালান্ড ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলে। পিএসজির চ্যাম্পিয়নস লিগ সাফল্যের পর দেম্বেলের সামনে রয়েছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।
শুধু তারকাদের ব্যক্তিগত লড়াই নয়, কোচদের মধ্যেও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পিএসজির লুইস এনরিকে, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক কোন মোহাম্মদইয়া ফার্মেসী ফ্যাব্রিগাস ও অ্যাস্টন ভিলার উনাই এমেরি।
নারী ফুটবলেও আলোচনার কেন্দ্রে আলেক্সিয়া পুতেয়াস, ইওয়া পাজোর ও মেলচি ডুমর্নে। তবে চোটের কারণে কঠিন সময় পার করা বার্সেলোনার আইতানা বোনমাতির অনুপস্থিতি নজর কেড়েছে।
এদিকে, সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডারসহ অন্যান্য বিভাগেও মনোনীত হয়েছেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একঝাঁক তারকা। ফলে এবারের আসরে শুধু ব্যক্তিগত অর্জন নয়, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সাফল্যও হয়ে উঠবে আলোচনার বড় বিষয়।
পুরস্কারের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা থাকবে সমর্থকদের। ১২টি বিভাগে ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় দর্শকদের ভোটের সঙ্গে যুক্ত হবে বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়ন। যেখানে থাকছেন মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগোর মতো ফুটবল ব্যক্তিত্ব।
সব মিলিয়ে বছরের শেষ প্রান্তে দুবাইয়ে বসতে যাচ্ছে ফুটবল তারকাদের শ্রেষ্ঠত্বের আসর। এখন অপেক্ষা একটাই—আলো ঝলমলে সেই মঞ্চে শেষ হাসি হাসবেন কে? মেসি, রোনালদো, নাকি এমবাপে?
