Logo
×

Follow Us

খেলাধুলা

শিরোপা ভারতের, সম্মানের লড়াইয়ে জিতল দুই দল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

শিরোপা ভারতের, সম্মানের লড়াইয়ে জিতল দুই দল

ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা। ছবি: বাফুফে

শিরোপার লড়াইয়ে কেউ চ্যাম্পিয়ন, কেউ রানার্সআপ। কিন্তু মাঠের লড়াই শেষ হতেই প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে যেন নতুন এক গল্প লিখল ভারত-পাকিস্তান। সাফের মঞ্চে রানার্সআপ পাকিস্তানকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাল চ্যাম্পিয়ন ভারত। পরে সেই সম্মান ফিরিয়ে দিয়ে ভারতকেও গার্ড অব অনার দিল পাকিস্তান। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে দুই দলের এই সৌহার্দ্য যেন হয়ে উঠল রাতের সবচেয়ে সুন্দর দৃশ্য।

অথচ মাঠের লড়াইয়ে ছিল না বিন্দুমাত্র ছাড়! প্রথমার্ধে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড দশম শিরোপা ঘরে তুলেছে ভারত।

শুধু ট্রফি নয়, ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা আর টুর্নামেন্টসেরা—তিনটি পুরস্কারই গেছে ব্লু টাইগারদের ঘরে।

গোলপোস্টের নিচে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ানো আর্শ শেখ জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। ফাইনালে পাকিস্তানের একের পর এক আক্রমণ সামলে ভারতের শিরোপা জয়ের পথ আগলে রেখেছিলেন তিনি।

আর গোলের গল্পে নায়ক সুহাইল ভাট। চার গোল করে সর্বোচ্চ গোলদাতা, সঙ্গে টুর্নামেন্টসেরার মুকুটও তার মাথায়। ফাইনালে ভারতের বিপর্যয়ের মুহূর্তে ৬০ মিনিটে তার সমতাসূচক গোলই বদলে দেয় ম্যাচের গতিপথ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল আর মালদ্বীপের বিপক্ষে এক গোল—পুরো আসরেই ছিলেন দুর্দান্ত।

একদিকে দশম শিরোপার উল্লাস, অন্যদিকে ব্যক্তিগত অর্জনের মুকুট। ৪০ হাজার ডলার পুরস্কার নিয়ে চ্যাম্পিয়ন ভারত, আর ১৫ হাজার ডলার নিয়ে রানার্সআপ পাকিস্তান। তবে ট্রফি আর অর্থের হিসাব ছাপিয়ে শেষ পর্যন্ত সাফের মঞ্চে থেকে গেল প্রতিপক্ষকে সম্মান জানানোর এক অনন্য দৃষ্টান্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫