১৫ ডিসেম্বর খুলবে বিশ্বকাপের ভাগ্য, হামজাদের সামনে কারা?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ এএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে
বিশ্বকাপের মঞ্চে একদিন খেলার স্বপ্ন দেখে বাংলাদেশ। সেই স্বপ্নের পথে এবার অপেক্ষা করছে প্রথম পরীক্ষা। তবে লড়াইও সোনা টা শুরু থেকেই সহজ হচ্ছে না হামজা-শমিত-ফারহানদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ের সমীকরণে বাছাইপর্বের প্রথম ধাপ থেকেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আর সেই প্রথম লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে কারা আসতে পারে, তা নিয়েই এখন বাড়ছে কৌতূহল।
আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ও ২০৩১ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। এশিয়ার ৪৬ দেশের মধ্যে ৩৭তম হওয়ায় সরাসরি দ্বিতীয় রাউন্ডে জায়গা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের।
র্যাঙ্কিংয়ের হিসাব বলছে, প্রথম রাউন্ডে বাংলাদেশের সামনে আসতে পারে এশিয়ার ২৭ থেকে ৩৬ নম্বরে থাকা যেকোনো একটি দল। সম্ভাব্য সেই দশ প্রতিপক্ষ হলো—তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া কিংবা নেপাল।
নামের তালিকায় পরিচিত প্রতিপক্ষ যেমন আছে, তেমনি আছে কঠিন পরীক্ষার ইঙ্গিতও। কারণ বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে শুরুতেই দুই লেগের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে হবে বাংলাদেশকে। আগামী ২৫ ও ৩০ মার্চ ২০২৭, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ম্যাচ। দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থাকা দলই পাবে পরের ধাপে যাওয়ার টিকিট।
তবে এই প্রথম বাধা পেরোতে পারলেই খুলে যাবে সম্ভাবনার নতুন দরজা। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার ৩৬ দলের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে ভালো করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০৩১ এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেওয়ার স্বপ্নও বাস্তবতার কাছাকাছি আসবে।
অর্থাৎ, বিশ্বকাপের স্বপ্ন এখনো অনেক দূরের পথ। কিন্তু সেই পথের প্রথম দরজায় কড়া নাড়ার সময় এসে গেছে। প্রশ্ন একটাই—১৫ ডিসেম্বরের ড্রয়ে বাংলাদেশের সামনে কোন প্রতিপক্ষের নাম ওঠে?
