সমালোচনার মুখে ব্রাজিল, আনচেলত্তির কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ এএম
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
ব্রাজিলের গায়ে যে হলুদ জার্সি, একসময় সেটিই ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক! প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে নামটাই যথেষ্ট ছিল সেলেসাওদের। অথচ সময়ের পালাবদলে সেই ব্রাজিলই এখন নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার লড়াইয়ে! মাঠে পারফরম্যান্সের অস্থিরতা, বাইরে সমালোচনার ঝড়।
জাপানের কাছে হারের পর তো উঠেছে কোচ কার্লো আনচেলত্তিকে বিদায়ের দাবিও। কিন্তু এত কিছুর পরও নিজের পরিকল্পনা থেকে একচুলও সরতে নারাজ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
বরং ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটিতে পরিণত করার প্রত্যয় ঝরেছে তার কণ্ঠে। আনচেলত্তি মনে করেন, পথটা ঠিকই আছে, তবে গন্তব্যে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি।
দায়িত্ব নিয়ে যা করছেন, তাতে সন্তুষ্ট হলেও নিজের কাজকে যথেষ্ট মনে করছেন না তিনি। আরও উন্নতি করতে চান, আরও কিছু দিতে চান ব্রাজিলকে।
জাপানের কাছে ৩-২ গোলের হার যেন সেই অপূর্ণতাগুলোই নতুন করে সামনে এনেছে। বিশেষ করে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে চিন্তিত আনচেলত্তি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে বছরের শেষ ম্যাচেও নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা তার।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল চারটায় মাঠে নামবে দুই দল। তবে জাপানের বিপক্ষে লাল কার্ড দেখায় ডাগআউটে থাকতে পারবেন না ব্রাজিল কোচ।
অবশ্য আনচেলত্তির সামনে চ্যালেঞ্জটা কেবল একটি ম্যাচ জেতার নয়। দীর্ঘদিনের ব্যর্থতা পেছনে ফেলে নতুন প্রজন্মকে নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার। বিশ্বকাপের আগে সময় খুব বেশি নেই, প্রত্যাশার চাপও পাহাড়সম। তার ওপর রোমারিওর মতো কিংবদন্তিরাও তুলছেন প্রশ্ন। তবু হাল ছাড়ছেন না ৬৭ বছর বয়সী কোচ।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে সাফল্যের অভাব নেই, অভাব এখন সেই পুরোনো দাপটের। আর সেই দাপট ফিরিয়ে আনতেই আনচেলত্তির এই লড়াই। প্রশ্ন একটাই, কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সের মিল কত দ্রুত ঘটাতে পারবেন তিনি?
