Logo
×

Follow Us

খেলাধুলা

সাফকে চ্যালেঞ্জ, ৫০০ ডলারের ধাক্কা মুতাইরির

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

সাফকে চ্যালেঞ্জ, ৫০০ ডলারের ধাক্কা মুতাইরির

শ্রীলঙ্কান কোচ মুতাইরি। ছবি: এএফপি

ফাইনাল নিয়ে আগেই তুলেছিলেন ষড়যন্ত্রের অভিযোগ! এবার সেই মন্তব্যেরই বড় মাশুল গুনতে হচ্ছে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে। সাফের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য, আয়োজকদের নিয়ে প্রশ্ন, এমনকি বৈষম্যের অভিযোগও তুলেছিলেন তিনি। এবার আর কথার লড়াই নয়, সরাসরি শাস্তির মুখে এই কুয়েতি কোচ।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মুতাইরিকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে সাফের শৃঙ্খলা কমিটি। সোমবার অনলাইন বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে তাকে। ব্যর্থ হলে দায় পড়বে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। তারাও টাকা দিতে গড়িমসি করলে সাফ টুর্নামেন্টের বকেয়া বা খরচের হিসাব থেকেই কেটে নেবে অর্থ।

কিন্তু কেন এত ক্ষুব্ধ সাফ? বিতর্কের শুরু ভুটানের বিপক্ষে ড্রয়ের পর। মুতাইরির অভিযোগ, আয়োজক দেশগুলো বাড়তি সুবিধা পায়। এমনকি ব্যবসায়িক মুনাফার জন্য বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চায় সাফ—এমন বিস্ফোরক দাবিও করেন তিনি।

এরপর কারণ দর্শানোর নোটিশ পেয়েও থামেননি মুতাইরি। বাংলাদেশের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরও সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে সাফের নোটিশ নিয়েই বেশি ক্ষোভ ঝাড়েন। আরব কোচদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ভবিষ্যতে এই অঞ্চলের টুর্নামেন্টে আর না আসার হুমকিও দেন।

কিন্তু শেষ পর্যন্ত তার সেই প্রতিবাদের জবাব এসেছে শাস্তির মাধ্যমে। এখন প্রশ্ন, ৫০০ ডলারের জরিমানাতেই কি থামবে এই বিতর্ক, নাকি সাফ ও মুতাইরির দ্বন্দ্ব আরও দূর গড়াবে?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫