Logo
×

Follow Us

খেলাধুলা

বাংলাদেশহীন ফাইনাল, ১ হাজারের টিকিট ২০০ টাকা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

বাংলাদেশহীন ফাইনাল, ১ হাজারের টিকিট ২০০ টাকা

ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নেই, তাই কি দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন? সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠ ভরানোর চ্যালেঞ্জে এবার টিকিটের দামেই বড় ছাড় দিতে হলো আয়োজকদের। এক ধাক্কায় ৮০০ টাকা কমিয়ে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য নামিয়ে আনা হয়েছে মাত্র ২০০ টাকায়।

মঙ্গলবার ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান। অথচ এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কতটা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ফাইনালের সাধারণ গ্যালারির টিকিট এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অথচ শুরুতে এর মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার টাকা। অর্থাৎ মূল দামের চার ভাগের এক ভাগে নামিয়ে আনতে হয়েছে টিকিটের মূল্য।

অথচ মাত্র ২৪ ঘণ্টা আগেও ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর জাতীয় স্টেডিয়াম পরিণত হয়েছিল উৎসবের মঞ্চে। প্রায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারিতে সেদিন উপস্থিত হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন। কানায় কানায় পূর্ণ গ্যালারিতে সমর্থকদের উল্লাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম।

কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের সঙ্গে সঙ্গেই যেন বদলে গেছে ফুটবল উৎসবের আবহ। যে গ্যালারি একদিন আগেও ছিল উপচে পড়া দর্শকে পূর্ণ, সেই গ্যালারিতেই এবার দর্শক টানতে টিকিটের দাম কমানোর পথে হাঁটতে হচ্ছে আয়োজকদের।

বাংলাদেশের স্বপ্নভঙ্গের পর ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হলেও গ্যালারিতে সেই উত্তাপ কতটা ছড়াবে, এখন সেটিই বড় প্রশ্ন। বাংলাদেশের দর্শকহীনতায় শেষ পর্যন্ত ফাইনালের গ্যালারি কতটা ভরে, সেটিই দেখার অপেক্ষা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫