এক ভুলে ভেঙে গেল স্বপ্ন, অনুশোচনায় পুড়ছেন শ্রাবণ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
মেহেদী হাসান শ্রাবণ। ছবি: বাফুফে
দুই হাঁটুর ওপর হাত রেখে বিষণ্ন মনে মাঠে বসে আছেন মেহেদী হাসান শ্রাবণ। ছবিটি রঙিন নয়, সাদাকালো। যেন ছবির প্রতিটি রঙহীন ফ্রেমেই ফুটে উঠেছে পাকিস্তানের বিপক্ষে করা ভুলের অনুশোচনা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা আর নিজের প্রতি একরাশ অভিমান।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে বাংলাদেশের গোলপোস্ট সামলেছেন শ্রাবণ। দুটিতেই রেখেছেন ক্লিনশিট। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও ম্যাচের বেশির ভাগ সময় ছিলেন নির্ভরতার প্রতীক। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলই বদলে দেয় সব হিসাব। তার সেই ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ১-০ গোলে হেরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় লাল-সবুজের।
ম্যাচের শেষ দিকে সতীর্থদের উদ্দেশে লম্বা থ্রো করেছিলেন শ্রাবণ। কিন্তু মাঝমাঠে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। বল চলে যায় পাকিস্তানের হাইয়ান খাট্টাকারের পায়ে। সেখান থেকে আব্দুল সামাদ শেহজাদের কাছে বল পৌঁছালে নিচু শটে জাল খুঁজে নেন তিনি।
ঝাঁপিয়েও বলের নাগাল পাননি মিতুল মারমার পরিবর্তে সাফে গোলপোস্টের দায়িত্ব পাওয়া শ্রাবণ। মুহূর্তেই নায়ক থেকে সমালোচনার কেন্দ্রে চলে আসেন তরুণ এই গোলরক্ষক।
তবে সবচেয়ে বড় আঘাতটা হয়তো নিজেকেই দিয়েছেন শ্রাবণ। সতীর্থদের সঙ্গে ফাইনালে ওঠার স্বপ্ন ছিল তারও। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের ভুলের দায় স্বীকার করে লিখেছেন,
“গত রাতে আপনাদের সবার সঙ্গে উৎসব করার স্বপ্ন আমিও দেখেছিলাম। ভারী হৃদয়ে এই কথাগুলো লিখছি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এর কারণে যে হতাশার সৃষ্টি হয়েছে, তা আমি বুঝতে পারছি। এই মুহূর্তটিকে আমি একটি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।
