Logo
×

Follow Us

খেলাধুলা

শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, তবু ফুটবলারদের পাশে আমিনুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, তবু ফুটবলারদের পাশে আমিনুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: বাফুফে

৮৫ মিনিট পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সমানে সমান লড়াই। গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। কিন্তু শেষ মুহূর্তে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলই বদলে দিল সব হিসাব। তার হাত ফসকে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জালে পাঠান পাকিস্তানের আব্দুল সামাদ। 

তাতেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। আর ঘরের মাঠে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় বাংলাদেশকে।

এমন বিদায়ের পর হতাশা লুকাননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে একটি ম্যাচের ফল দিয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বিচার করতে নারাজ তিনি। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন সাবেক এই ফুটবলার।

ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে শ্রাবণের ভুল নিয়ে আক্ষেপ করেন আমিনুল। তার ভাষায়, ‘শেষদিকে গোল খেয়ে আমরা আশাহত হয়েছি। শ্রাবণ যে ভুল করেছে, তা না হলে ভালো হতো আরকি। এ ধরনের ম্যাচে এমন ভুল অপ্রত্যাশিত। যেহেতু হয়ে গেছে, কিছু তো করার নেই। একটা ম্যাচ দিয়েই ফুটবলের যে ব্যর্থতা, তা বিচার করা যায় না। আমরা আশাবাদী, দল আস্তে আস্তে এগোবে। এটা নিয়ে এত হুড়োহুড়ির কিছু নেই।’

শুধু গোলরক্ষকের ভুল নয়, পুরো ম্যাচে বাংলাদেশের খেলাতেও প্রত্যাশার ঘাটতি দেখেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে, জয়ের অতিরিক্ত চাপই মাঠে স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি ফুটবলারদের। আমিনুল বলেন, ‘আমি মনে করি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে বাংলাদেশ দলের কাছে যে প্রত্যাশা ছিল, তারা শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটি খেলেছে, পাকিস্তানের বিপক্ষে সেই খেলাটা খেলতে পারেনি। মনে হচ্ছিল, তারা চাপে ছিল। ফুটবলাররা শুরু থেকে জিততেই হবে—এমন চাপ নিয়ে খেলেছে। ফলে তাদের পাস, প্রেসিং ও আক্রমণে অনেক ঘাটতি ছিল। পাকিস্তান সুযোগের অপেক্ষায় ছিল, শেষ মুহূর্তে সেটি পেয়েই কাজে লাগিয়েছে।’

শেষ পর্যন্ত সমতায় থেকে ম্যাচকে টাইব্রেকারে নেওয়ার আশা করেছিলেন আমিনুলও। কিন্তু একটি ছোট ভুলেই সব সম্ভাবনা শেষ হয়ে যায়। হতাশার মধ্যেও তাই সামনের লড়াইয়ের প্রস্তুতির কথা বলেছেন তিনি। তার আশা, এই হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে আরও ভালো করবে বাংলাদেশ।

এদিকে বাংলাদেশের বিদায়ে আগামী ১৭ নভেম্বরের সাফ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে স্বাগতিকদের ছাড়া শিরোপার লড়াইয়ে আগের মতো উন্মাদনা থাকবে না বলেই মনে করেন আমিনুল। 

তার কথায়, ‘ফাইনাল তার রং হারিয়েছে। সেখানে আর উন্মাদনা থাকবে না। বাংলাদেশ যেহেতু নেই, সেখানে উন্মাদনার প্রশ্নই আসে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫