Logo
×

Follow Us

খেলাধুলা

সেমির প্রথমার্ধে গোলের দেখা পেল না বাংলাদেশ-পাকিস্তান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

সেমির প্রথমার্ধে গোলের দেখা পেল না বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। ছবি : বাফুফে

পোস্ট যেন বাংলাদেশের আর পাকিস্তানের মাঝে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য দেয়াল! দুই দলের শটেই কেঁপেছে গোলবার, কিন্তু প্রথমার্ধ শেষে জালের দেখা পায়নি কেউ। সাফের সেমিফাইনালে শুরু থেকেই উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।

শুরুতেই বাংলাদেশকে বড় বিপদ থেকে বাঁচান গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। শমিত সোমের মিস পাস থেকে পাওয়া পাকিস্তানের আক্রমণে লক্ষ্যে শট, কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দুই হাতে বল ঠেকিয়ে দেন শ্রাবণ। পরের মিনিটেও আক্রমণে ওঠে পাকিস্তান। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহের শট ছিল লক্ষ্যে, তবে তাতে তেমন পরীক্ষা দিতে হয়নি পাকিস্তানের গোলকিপারকে।

এরপর দুই দলই সুযোগ খুঁজেছে, কিন্তু গোলের দরজা খোলেনি। বাংলাদেশের আক্রমণ বারবার পাকিস্তানের বক্সের সামনে গিয়ে আটকে যাচ্ছিল। অন্যদিকে পাকিস্তানও কম যায়নি। ৩০ মিনিটের কুলিং ব্রেকের পর আরও ভয়ংকর হয়ে ওঠে তাদের আক্রমণ। তারিক কাজীর মার্কিংয়ের ফাঁক গলে বল পেয়ে যান আব্দুস সামাদ। তার শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ।

তবে গোলের সবচেয়ে বড় সুযোগটি আসে বাংলাদেশের সামনে। শমিত সোমের হেড থেকে বল পেয়ে দুর্দান্ত শট নেন রাকিব। প্রথম দফায় তা ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। কিন্তু বল হাত ফসকে চলে যায় পোস্টের দিকে, সেখানেও গোলের দেখা নেই! পোস্টে লেগে ফিরে আসে বাংলাদেশের স্বপ্নের সেই শট। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা বাড়ে লাল-সবুজের শিবিরে।

শেষ দিকে দুই দলের আক্রমণের ধার কিছুটা কমে আসে। পাকিস্তানের রক্ষণভাগের শারীরিক সক্ষমতার সঙ্গে লড়াই করে বাংলাদেশের আক্রমণগুলো বক্সের সামনে আটকে যায়। পাকিস্তানও আর জালের দেখা পায়নি।

এভাবেই গোলের জন্য মরিয়া দুই দলকে আটকে দেয় দুই গোলবার! প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ফাইনালের টিকিট পেতে দ্বিতীয়ার্ধে এখন চাই নিখুঁত ফিনিশিং, আর ভুলের কোনো সুযোগ নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫