Logo
×

Follow Us

খেলাধুলা

পাকিস্তান বধে ৮ প্রবাসী নিয়ে ডুলির ঐতিহাসিক একাদশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

পাকিস্তান বধে ৮ প্রবাসী নিয়ে ডুলির ঐতিহাসিক একাদশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে

আট বছর আগের স্মৃতি, আবারও কি পাকিস্তান বধের গল্প লিখবে বাংলাদেশ? ২০১৮ সালের সাফে তপু বর্মণের একমাত্র গোলে পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজরা। সেই ঢাকাতেই আট বছর পর আবার মুখোমুখি দুই দল। 

তবে এবার লড়াইটা আরও বড়, সাফের ফাইনালে ওঠার লড়াই। আর সেই মহারণে পাকিস্তানকে চেপে ধরতে একাদশে নতুন সমীকরণ সাজিয়েছেন কোচ থমাস ডুলি।

শুরুর একাদশে দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রক্ষণ সামলানোর দায়িত্ব পেয়েছেন রহমত মিয়া। আর মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে আক্রমণভাগে ফিরেছেন শুকি ইতোফুসা। অর্থাৎ রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সঙ্গে গোলের নেশায় মাঠে নামবেন জাপানি বংশোদ্ভূত এই ফুটবলার। তিনজনের গতি, ড্রিবলিং আর আক্রমণাত্মক ফুটবলে পাকিস্তানের রক্ষণে ঝড় তোলার পরিকল্পনা ডুলির।

মাঝমাঠে থাকছে বাংলাদেশের শক্তির বড় ভরসা। হামজা চৌধুরীর সঙ্গে শমিত সোম ও সৈয়দ শাহ কাজেম কিরমানি সামলাবেন খেলার নিয়ন্ত্রণ। প্রতিপক্ষের আক্রমণ থামানোর পাশাপাশি সামনে বল জোগান দেওয়ার দায়িত্বও থাকবে তাদের কাঁধে। আর রক্ষণে তারিক রায়হান কাজী, জিদান আলেকজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ ও রহমত মিয়া। গোলপোস্টের নিচে শেষ ভরসা মেহেদী হাসান শ্রাবণ।

তবে এই একাদশের বাইরেও আছে কিছু গুরুত্বপূর্ণ গল্প। ২০১৮ সালের সেই জয়ের নায়ক তপু বর্মণ চোট কাটিয়ে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন। গত দুই ম্যাচে চোটের কারণে ছিলেন না তিনি। অন্যদিকে ফাহমিদুলও ফিরেছেন চূড়ান্ত স্কোয়াডে। তবে শেখ মোরসালিনের জায়গা হয়নি আজকের ২৩ জনে। মাহে খান, স্বাধীন ও তাজ উদ্দিনও থাকছেন না ম্যাচের চূড়ান্ত দলে। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে গেছেন পুরো দল থেকেই।

ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট শুরু হওয়ায় ২৮ জনের স্কোয়াড রেখেছে বাংলাদেশ। সেখান থেকে প্রতিটি ম্যাচের আগে বেছে নেওয়া হচ্ছে ২৩ জনকে। কিন্তু এখন হিসাব একটাই—এই একাদশে পাকিস্তানের বাধা পেরোনো।

আট বছর আগে তপুর গোলে লেখা হয়েছিল পাকিস্তান বধের ইতিহাস। এবার কি হামজা, ফারহান, রাকিব কিংবা শুকির পায়ে রচিত হবে নতুন কোনো মহাকাব্য? ঢাকার মাটিতে অপেক্ষা আরেকটি স্মরণীয় রাতের। লক্ষ্য একটাই—পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫