বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি: বাফুফে
চার গোলের উৎসবে তখন মাতোয়ারা বাংলাদেশ। শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত, মাঠজুড়ে জয়ের উল্লাস। কিন্তু সেই আনন্দের মাঝেই নেমে এলো কালো মেঘ! চোটের কারণে সাফের বাকি অংশে আর খেলা হচ্ছে না সাদ উদ্দিনের।
শ্রীলঙ্কার বিপক্ষে ৮১ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। পরে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় ধরা পড়ে গোড়ালির টেন্ডনে চিড়। অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনো অনিশ্চিত। তবে নিশ্চিত হয়েছে, সাফে আর দেখা যাবে না তাঁকে।
দলের জন্য এটি বড় ধাক্কা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও রেখেছেন অবদান। তার অনুপস্থিতিতে এখন নতুন করে রক্ষণ সাজানোর চ্যালেঞ্জ কোচ টমাস ডুলির সামনে। ম্যাচ শেষে যে আশঙ্কা করেছিলেন কোচ, শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
তবে দুশ্চিন্তার মাঝেও কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। চোট কাটিয়ে প্রায় পুরোপুরি ফিট তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। দুজনই আজ দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন। সেমিফাইনালের আগে তাদের ফেরাটা হতে পারে ডুলির জন্য বড় স্বস্তি।
এদিকে শ্রীলঙ্কা ম্যাচের একাদশে থাকা ফুটবলাররা ছিলেন বিশ্রাম ও পুনর্বাসনে। বাকিরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন কিংস অ্যারেনায়।
একদিকে সাদের বিদায়ের বেদনা, অন্যদিকে তপু-বিশ্বনাথের ফেরার সম্ভাবনা। সেমিফাইনালের আগে বাংলাদেশের রক্ষণে তাই একসঙ্গে শোক আর স্বস্তির দুই গল্প!
