Logo
×

Follow Us

খেলাধুলা

প্রতিপক্ষের কোচও ফারহানের ভক্ত, তুলে দিলেন জার্সি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

প্রতিপক্ষের কোচও ফারহানের ভক্ত, তুলে দিলেন জার্সি

ফারহান আলী ওয়াহিদ। ছবি : বাফুফে

কিছু স্বীকৃতি আসে ট্রফি জয়ের পর, কিছু আসে প্রতিপক্ষের কাছ থেকেও। ফারহান আলী ওয়াহিদের জন্য তেমনই এক মুহূর্ত তৈরি হলো জাতীয় স্টেডিয়ামে। সাফ শুরুর আগেই যার প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি, সেই কোচের হাতেই এবার নিজের জার্সি তুলে দিলেন ফারহান। কথার সঙ্গে কাজেরও মিল রাখলেন দুজন!

সাফের আগে ফারহানকে নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুতাইরি। এমনকি তরুণ এই ফুটবলারের জার্সি পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হতেই পূরণ হলো সেই চাওয়া। ক্যামেরার চোখে ধরা পড়ল দারুণ এক দৃশ্য—ফারহান নিজের জার্সি খুলে তুলে দিচ্ছেন মুতাইরির হাতে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে ফুটবলের সৌন্দর্য যেন ধরা দিল এই ছোট্ট মুহূর্তে।

মুতাইরির দল অবশ্য বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। অন্যদিকে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। পাঁচ গোল করেও এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে লাল-সবুজের দল। সমান এক পয়েন্ট পেয়েও বেশি গোল হজম করায় শ্রীলঙ্কার বিদায়, রানার্সআপ হয়ে শেষ চারে ভুটান।

গ্যালারিতেও ছিল ফারহান-মুতাইরিকে ঘিরে আলাদা আয়োজন। এআই দিয়ে তৈরি তাদের একটি ছবি দিয়ে বানানো বিশাল ব্যানারে লেখা ছিল, ‘ডোন্ট ক্রাই, গো ব্যাক হোম’—অর্থাৎ, ‘কেঁদো না, বাড়ি ফিরে যাও’। ব্যানারটি নজর কেড়েছে দর্শকদের।

এবার সেমিফাইনালের পালা। আগামী ১৪ নভেম্বর দিনের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ভুটান। আর রাত ৮টা ৩০ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মুতাইরি আগেই দেখেছিলেন ফারহানের মধ্যে বড় তারকা হওয়ার সম্ভাবনা। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ গোল করে সেই প্রতিভার ঝলকও দেখিয়েছেন তরুণ এই ফুটবলার। এবার তার জার্সি হাতে নিয়ে সেই মুগ্ধতারই যেন স্বীকৃতি দিলেন লঙ্কান কোচ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫