অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল, প্রথমার্ধে বাংলাদেশের দাপট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি: বাফুফে
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ, আর তাতেই গোল করে নেতৃত্বের অভিষেক স্মরণীয় করে রাখলেন হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে যেন তার গোল করার আলাদা গল্প আছে। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত পাঁচবার জালের দেখা পেয়েছেন এই মিডফিল্ডার, প্রতিটি গোলই এই মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে তার দুর্দান্ত নৈপুণ্যে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
শুরুর গোলটি আসে অষ্টম মিনিটে। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো বল সামলাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তার ক্লিয়ারেন্স গিয়ে লাগে সতীর্থ এক ডিফেন্ডারের গায়ে। সেখান থেকে বল পেয়ে প্রথম প্রচেষ্টা আটকে গেলেও দ্বিতীয় চেষ্টায় জাল খুঁজে নেন শমিত সোম। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়াম।
এরপরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ডান দিক দিয়ে রাকিব হোসেন বারবার গতি বাড়িয়ে শ্রীলঙ্কার রক্ষণে অস্বস্তি তৈরি করেছেন। চতুর্থ মিনিটে তার ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল হামজার কাছে। বাধা হয়ে দাঁড়ান ডিফেন্ডার স্টিভেন। পরে রাকিবকে বক্সের ঠিক বাইরে ফাউল করা হলে ফ্রি কিক পান হামজা। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
২৬ মিনিটে আবারও আলোচনায় হামজা। রাকিবের দারুণ পাস পেয়ে ডি-বক্সে ঢোকার চেষ্টা করেন তিনি। সামনে ডিফেন্ডার থাকায় ব্যাক হিলে গোলের চেষ্টা, কিন্তু বল আর জালে পৌঁছায়নি। কুলিং ব্রেকেও সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে কথা বলতে দেখা যায় অধিনায়ককে।
অন্যদিকে ৩৮ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ডান দিক থেকে আসা চমৎকার ক্রসে পা ছোঁয়াতে পারলেই বিপদ হতে পারত বাংলাদেশের। কিন্তু কেউ বলের নাগাল পাননি। কিছুক্ষণ পর ফারহানও আক্রমণে উঠেছিলেন, তবে তা থেকে গোলের সুযোগ তৈরি হয়নি।
এরপর আসে হামজার সেই দুর্দান্ত মুহূর্ত। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস পান বক্সের বাইরে। সামনে এগিয়ে যাওয়ার পথে পেছনে ফেলে দেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর তার নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। অধিনায়কত্বের প্রথম ম্যাচেই গোল! আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে হামজার পঞ্চম, আর এই জাতীয় স্টেডিয়ামেই সব কটি গোল।
প্রথমার্ধের পরিসংখ্যানও বাংলাদেশের দাপটের কথা বলছে। শ্রীলঙ্কার গোলমুখে ১০টি শট নিয়েছে বাংলাদেশ, যার তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি থেকেই এসেছে গোল। বিপরীতে শ্রীলঙ্কার তিনটি প্রচেষ্টার একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
