Logo
×

Follow Us

খেলাধুলা

দ্বিতীয় সারির দলেও অপ্রতিরোধ্য ভারত, সেমিতে পাকিস্তানও

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

দ্বিতীয় সারির দলেও অপ্রতিরোধ্য ভারত, সেমিতে পাকিস্তানও

ভারত বনাম মালদ্বীপ ম্যাচ। ছবি : বাফুফে

সাফের মঞ্চে ভারতের সাফল্যের গল্প যেন থামতেই চায় না। দল বদলায়, খেলোয়াড় বদলায়, কিন্তু শেষ চারে জায়গা করে নেওয়ার অভ্যাস বদলায় না। মূল দলের অনেক তারকাকে ছাড়াই এবার ঢাকায় এসেছে ভারত। তবু শিরোপার দৌড়ে তাদের গতি কমেনি। মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। অন্যদিকে বিদায়ঘণ্টা বেজেছে মালদ্বীপের।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারতের জয় ১-০ গোলে। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় প্রথমার্ধের একটি পেনাল্টি। ৩৯ মিনিটে স্পটকিক থেকে জাল খুঁজে নেন সুহাইল আহমদ ভাট। এবারের আসরে এটি তার তৃতীয় গোল। 

এর আগে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তিন গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার পাশে রয়েছেন পাকিস্তানের নাজিব উল্লাহ।

তবে গোলের ব্যবধান এক হলেও মাঠের লড়াইয়ে মালদ্বীপ একেবারে পিছিয়ে ছিল না। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে বরং এগিয়ে ছিল তারাই। ৫৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল মালদ্বীপ। কিন্তু সেই আধিপত্যকে বিপজ্জনক আক্রমণে রূপ দিতে পারেনি দলটি। কয়েকবার ভারতের রক্ষণে পৌঁছালেও শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে গোলের সুযোগ কাজে লাগাতে।

বিরতির পর সমতা ফেরাতে আরও মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। আক্রমণের পর আক্রমণে ভারতীয় রক্ষণকে পরীক্ষায় ফেলে তারা। কিন্তু গোলের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় ভারতের রক্ষণভাগ। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারতও। 

কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আবার কিছু প্রচেষ্টা আটকে দিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সুহাইলের পেনাল্টি গোলটিই হয়ে থাকে ম্যাচের একমাত্র ব্যবধান।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। একই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে উঠেছে শেষ চারে। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

সাফে ভারতের এই ধারাবাহিকতা অবশ্য নতুন নয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার দ্বিতীয় সারির দল নিয়েও সেই সাফল্যের পথেই এগোচ্ছে ভারত। পরিসংখ্যানও তাদের দাপটের সাক্ষী। ১৫ বার সাফে অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি। শিরোপা জিতেছে ৯ বার, রানার্সআপ হয়েছে ৪ বার। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়।

অর্থাৎ সাফে ভারতের কাছে শেষ চার যেন নিয়মিত ঠিকানা। এবারও সেই ধারায় ছেদ পড়ল না। এখন দেখার, দ্বিতীয় সারির দল নিয়েও কি দশম শিরোপার স্বপ্ন পূরণ করতে পারে তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫