Logo
×

Follow Us

খেলাধুলা

হামজার কারুকাজে শমিতের গোল, শুরুতেই এগিয়ে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

হামজার কারুকাজে শমিতের গোল, শুরুতেই এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি: বাফুফে

জাতীয় স্টেডিয়ামে তখন একের পর এক আক্রমণের ঢেউ। শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রেখে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা বাংলাদেশের। আর সেই আক্রমণের বড় ভরসা হয়ে উঠেছেন হামজা চৌধুরী ও রাকিব হোসেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম বড় সুযোগ। ডান প্রান্ত থেকে রাকিবের নিখুঁত ক্রস প্রায় খুঁজে পেয়েছিল হামজাকে। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেন। ফিরতি বল পেয়ে আবারও আক্রমণে যান রাকিব। তাকে ফাউল করা হয় বক্সের ঠিক সামনে। ফ্রি কিক থেকে হামজার শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট।

তবে বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ হয়নি। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ! ডান দিক থেকে হামজার বাড়ানো বল সামলাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি তিনি। বল লাগে এক ডিফেন্ডারের গায়ে, চলে আসে শমিত সোমের সামনে। প্রথম শট আটকে গেলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি এই মিডফিল্ডার। বল জালে, আর গর্জে উঠল জাতীয় স্টেডিয়াম! হামজার তৈরি করে দেওয়া সুযোগে শমিতের ফিনিশিং—বাংলাদেশের ১-০ লিড।

গোলের পরও আক্রমণ থামেনি বাংলাদেশের। ডান প্রান্ত দিয়ে রাকিব বারবার গতি বাড়িয়েছেন, সতীর্থদের জন্য বল তৈরি করেছেন। একবার তো হামজাকে প্রায় পেয়েই গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সামনে এসে দাঁড়ান শ্রীলঙ্কার ডিফেন্ডার। পরে ব্যাক হিলে গোলের চেষ্টা করেও সফল হননি হামজা।

২০ মিনিট পেরোতেই কুলিং ব্রেক। এই বিরতিতে সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় অধিনায়ক হামজাকে। মাঠে যতক্ষণ খেলা হয়েছে, বলের দখল ও আক্রমণের ধার—দুই জায়গাতেই এগিয়ে বাংলাদেশ।

এদিকে গ্যালারিতেও উত্তাপ কম নয়। জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, কয়েকটি গেট ভেঙে দর্শকেরা ঢুকে পড়েছেন স্টেডিয়ামে। পশ্চিম গ্যালারি ছাড়া বাকি গ্যালারিগুলো প্রায় পূর্ণ। মাঠের লড়াই যেমন জমে উঠেছে, গ্যালারির উন্মাদনাও তেমন তুঙ্গে। শমিতের সেই গোলেই এখন এগিয়ে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫