Logo
×

Follow Us

খেলাধুলা

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজসহ যেসব ক্রিকেটার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজসহ যেসব ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন।

গত বছর মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।

এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৯ মৌসুম। ২০১৬ সালে আইপিএলে অভিষেকেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। 

জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্রিকেটার যুক্ত করে দল সাজাবে। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই। নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দিয়ে কিংবা ধরে রেখেই নিলামে অংশ নেবে দলগুলো।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। 

তবে নিলামে প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে, তা এখনই চূড়ান্ত নয়। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে নিলামে খরচের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট অর্থের পরিমাণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫