কোচ বললে নেতৃত্ব দিতে রাজি, সাফ জয়ে মুখিয়ে হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরী। ছবি : বাফুফে
চোটের কারণে ভুটানের বিপক্ষে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক তপু বর্মন। অভিজ্ঞ এই ডিফেন্ডার এখনও পুরোপুরি ফিট না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লাল-সবুজের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড কার বাহুতে উঠবে—তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা।
সবার মুখে মুখে এখন একটাই নাম, ইংলিশ ফুটবলের স্বাদ নেওয়া তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে এসব গুঞ্জনে কান না দিয়ে বল পুরোটাই কোচ টমাস ডুলির কোর্টে ঠেলে দিয়েছেন এই তারকা।
মঙ্গলবার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা স্পষ্ট জানিয়ে দেন, কোচ যা বলবেন তিনি সেটাই করবেন।
দলে নিজের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কোচের নির্দেশ পেলে তিনি দলের নেতৃত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত। তবে তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে মাঠের একতা এবং দলীয় সাফল্যই সবকিছুর ঊর্ধ্বে।
গত সোমবারই ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় পৌঁছে সতীর্থদের সঙ্গে প্রথম ঘাম ঝরিয়েছিলেন হামজা। সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে লাল-সবুজের জার্সিতে অভিষেকের রোমাঞ্চ লুকাতে পারেননি তিনি। দীর্ঘ ২৩ বছর ধরে সাফ ট্রফি জয়ের যে আক্ষেপ বাংলাদেশের সঙ্গী, তা ঘুচিয়ে এবার ট্রফিটা দেশেই রাখতে চান এই মিডফিল্ডার।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাত আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে হামজার এমন তেজোদীপ্ত হুংকার প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট।
