যৌথ আয়োজনে কক্সবাজারে বসছে জাতীয় বিচ ভলিবলের আসর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। ছবি: সাম্প্রতিক দেশকাল
একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্যদিকে বালুর বুকে বলের লড়াই! কক্সবাজারের সৈকত এবার মাতবে বিচ ভলিবলের উত্তেজনায়। শুধু খেলার প্রতিযোগিতা নয়, খেলাকে ঘিরে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরারও এক নতুন উদ্যোগ।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় আগামী ১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬। পুরুষ ও নারী—দুই বিভাগেই থাকছে দেশের সেরা দলগুলোর অংশগ্রহণের সুযোগ।
সৈকতের বালুর ওপর শক্তি, গতি, ক্ষিপ্রতা আর কৌশলের লড়াইয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের চ্যালেঞ্জ নেবেন খেলোয়াড়েরা।
এই আয়োজন সামনে রেখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম এবং কোষাধ্যক্ষ মো. ইমরান হায়দার কাঞ্চন।
সাক্ষাতের মূল লক্ষ্য, ক্রীড়া ও পর্যটন খাতের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রতিযোগিতাটিকে সফল করে তোলা। কারণ, বিচ ভলিবল শুধু একটি খেলা নয়, আন্তর্জাতিক অঙ্গনে সমুদ্রসৈকতকে পরিচিত করে তোলারও দারুণ মাধ্যম। বিশ্বের বিভিন্ন দেশে সৈকতকেন্দ্রিক ক্রীড়া আয়োজন পর্যটকদের আকর্ষণ করে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশও।
কক্সবাজারের মতো বিশ্বখ্যাত পর্যটন গন্তব্যে এমন আয়োজন দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে পারে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বিচ ভলিবলকে জনপ্রিয় করার সুযোগও তৈরি হবে।
খেলার মাঠ আর পর্যটনের সম্ভাবনা—দুইয়ের মেলবন্ধনে তাই এবারের আয়োজন ঘিরে প্রত্যাশা অনেক। এখন অপেক্ষা ১৮ নভেম্বরের। কক্সবাজারের বালুচরে বলের লড়াইয়ে কারা জিতবেন শ্রেষ্ঠত্বের মুকুট, আর সেই সঙ্গে কতটা উজ্জ্বল হবে বাংলাদেশের পর্যটনের ছবি—সেদিকেই নজর সবার।
