Logo
×

Follow Us

খেলাধুলা

ফিফপ্রো একাদশে মেসি, কেইনকে টপকে ইয়ামালের বিশ্বরেকর্ড

Icon

ত্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

ফিফপ্রো একাদশে মেসি, কেইনকে টপকে ইয়ামালের বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসি। ছবি: ফিফা

ফুটবল বিশ্বে ফের বয়সের সীমানা ভেঙে নতুন ইতিহাস। পেশাদার সতীর্থদের ভোটে রেকর্ড ১৮তমবারের মতো ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশে নিজের নাম লিখিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 

তবে মেসি ও উঠতি সেনসেশন ইয়ামালের অর্জনের আলো কিছুটা হলেও ম্লান হয়েছে ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইনের অপ্রত্যাশিত বাদ পড়ার ঘটনায়।

৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের রায়ে গঠিত ২০২৬ সালের এই বিশ্ব একাদশে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ১৯ বছর বয়সী লামিন ইয়ামালের কীর্তি। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই টানা দুইবার ফিফপ্রো একাদশে সুযোগ পেয়ে ফুটবল ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার। 

গত আগস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৩৯ বছর বয়সী মেসি ২০২৩ সালের পর আবারও ফিরলেন বিশ্বমঞ্চের এই মর্যাদাকর একাদশে।

আক্রমণভাগে মেসির সঙ্গে জায়গা পেয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও তরুণ তুর্কি ইয়ামাল। এছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা রদ্রি, পাউ কুবার্সি ও দাভিদ রায়াও জায়গা করে নিয়েছেন এই সেরাদের তালিকায়। 

তবে বায়ার্ন মিউনিখের জার্সিতে বুন্দেসলিগা জয় এবং ইংল্যান্ডকে বিশ্বকাপ সেমি-ফাইনালে নেতৃত্ব দেওয়ার পরও হ্যারি কেইনের এই একাদশ থেকে ছিটকে পড়া বিশ্ব ফুটবলে জন্ম দিয়েছে তীব্র আলোচনার।

অন্যদিকে, ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশে রেকর্ড নবমবারের মতো জায়গা পেয়ে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ড ও চেলসির রাইট-ব্যাক লুসি ব্রোঞ্জ। ৬৪টি দেশের নারী ফুটবলারদের ভোটে গড়া এই একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র প্রতিনিধি হিসেবে দ্যুতি ছড়িয়েছেন জাম্বিয়ান ফরোয়ার্ড বারব্রা বান্দা। 

প্রত্যাশিতভাবেই সেখানে নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী দুই স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি ও আলেক্সিয়া পুতেয়াস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫