ভারত-বাংলাদেশ ফাইনাল চাইলে বাকিদের বাড়ি পাঠান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
শ্রীলংকার জাতীয় দলের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ছবি: বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ার পর রেফারি ও টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। পল্টন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে শ্রীলঙ্কা।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পুরো সময় জুড়েই রেফারিং ও টুর্নামেন্টের আয়োজন নিয়ে নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেন দলটির হেড কোচ।
রেফারির ভুল সিদ্ধান্ত ও ভিএআর না থাকা প্রসঙ্গে মুতাইরি বলেন, গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকত, তবে ভুটানের করা দ্বিতীয় গোলটি স্পষ্ট অফসাইড থাকত এবং শ্রীলঙ্কাও একটি পেনাল্টি পেত। ভুটানের বিপক্ষেই যদি এমন ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাদের কী পরিণতি হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
পাশাপাশি আয়োজকদের এক হাত নিয়ে তিনি মন্তব্য করেন যে, বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে যেন বাকি দলগুলোকে আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা না হয়। ভিএআর চালুর খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, পর্যাপ্ত খরচ বা প্রযুক্তির ব্যবস্থা না থাকলে এমন টুর্নামেন্ট আয়োজন করার কোনো মানে হয় না এবং কেন শুধু সেমিফাইনাল ও ফাইনালে গিয়ে ভিএআর চালু করা হবে।
তবে এতকিছুর পরও আসন্ন বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো ধরনের ভয় বা সংশয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। নিজের দৃঢ় আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করে তিনি বলেন যে তিনি কেবল তার বাবাকে ভয় পেতেন, তাই কাউকে বা কোনো কিছুকেই তিনি ভয় পান না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জনের এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে।
আগামী ১১ নভেম্বর রাতে গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ওই ম্যাচে হারলে লঙ্কানদের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে, তবে সেমিফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করতে তাদের জন্য একটি ড্রই যথেষ্ট।
