Logo
×

Follow Us

খেলাধুলা

বাটলারের ফেরার অপেক্ষা নয়, বিকল্প কোচের খোঁজে বাফুফে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

বাটলারের ফেরার অপেক্ষা নয়, বিকল্প কোচের খোঁজে বাফুফে

নারী দলের কোচ পিটার বাটলার। ছবি : বাফুফে

বাংলাদেশ নারী ফুটবলের ডাগআউটে আপাতত দেখা যাচ্ছে না পিটার জেমস বাটলারকে। কবে ফিরবেন, আদৌ সিঙ্গাপুর সফরের আগে ফিরতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তর নেই এখনো। ইংল্যান্ডে চিকিৎসাধীন এই কোচের মেডিকেল রিপোর্টও আশাব্যঞ্জক নয়। 

অসুস্থতার কারণে ঢাকায় ফেরার সম্ভাবনাও আপাতত ক্ষীণ। ফলে কোচের অপেক্ষায় বসে না থেকে নতুন একজনের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাটলারের অসুস্থতা নিয়ে নানা আলোচনা, এমনকি ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে নিজের রোগ নিয়ে বিস্তারিত জানাতে চাননি এই ইংলিশ কোচ। তার কণ্ঠে আশাবাদ, ‘আমি একজন লড়াকু মানুষ। ফিরে আসব। তবে কখন কী হয়, তা তো বলা যায় না।’

বাটলারের এই প্রত্যয়ের বিপরীতে দাঁড়িয়ে কঠিন বাস্তবতা। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও সময় প্রয়োজন। সেটি বুঝেই বিকল্প কোচ নিয়োগে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। শুধু অনুমতিই নয়, নিজেই বলেছেন নতুন কোচ নেওয়ার কথা। 

বাটলারের ভাষায়, ‘এটা নিয়ে আমরা কথা বলেছি। বিকল্প কোচ নেওয়ার জন্য তাদেরকে বলেছি। তারা অনুমতি চেয়েছিল আমার কাছে, আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কেননা, আমার সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।’

ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে নতুন কোচের সন্ধানে নেমেছে বাফুফে। সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, বাটলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের। দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমন প্রত্যাশাও ফেডারেশনের। তবে দলের প্রস্তুতি ও আসন্ন ম্যাচের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও এগিয়ে নিচ্ছে তারা।

গত ৩০ অক্টোবর থেকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে সহকারী কোচ আবুল হোসেনের অধীনে অনুশীলন করছেন ঋতুপর্ণা, আফঈদারা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ফরাসি কোচ এরিক মেয়েরের নাম। উয়েফা-এ লাইসেন্সধারী এই কোচের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাফুফে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ১ ও ৫ ডিসেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। সময় হাতে খুব বেশি নেই। তাই একদিকে বাটলারের সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা, অন্যদিকে নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি—দুই পথেই এগোতে হচ্ছে বাফুফেকে। আপাতত সবচেয়ে বড় লড়াইটা মাঠের বাইরে, যেখানে অনিশ্চয়তার মধ্যেই ঠিক করতে হচ্ছে নারী ফুটবলের পরবর্তী পদক্ষেপ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫