তপুকে ফেরানোর চেষ্টা, শ্রীলঙ্কা ম্যাচে নতুন সমীকরণ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। ছবি : বাফুফে
ভুটান জয় দিয়ে শুরু, এবার শ্রীলঙ্কা পরীক্ষার পালা! প্রথম ম্যাচের স্বস্তি আর আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই দ্বিতীয় জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সবার আগে হাজির বিশ্বনাথ ঘোষ। এরপর একে একে যোগ দেন তারিক, ইব্রাহিম, জামাল, রাকিবরা।
সতীর্থদের হাসি-ঠাট্টা, খুনসুটি আর প্রাণবন্ত উপস্থিতিতে অনুশীলনের শুরুতেই ছিল স্বস্তির আবহ। তবে মাঠের এই উচ্ছ্বাসের আড়ালে চলছে পরের ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ।
ভুটান ম্যাচের পর শুক্রবার রিকভারিতে সময় কাটান ফুটবলাররা। শনিবার থেকে আবারও মূল অনুশীলনে ফেরেন কোচ টমাস ডুলির শিষ্যরা। পাসিং, বলের নিয়ন্ত্রণ, লং পাস—সবকিছুতেই ছিল মনোযোগ। অনুশীলনের ফাঁকে বিশ্বনাথকে নিয়ে সতীর্থদের ‘বিশু-বিশু’ ডাক আর খুনসুটি। অন্যদিকে সুকি ইতোফুসাকে ঘিরে চলেছে ‘চোর-পুলিশ’ খেলার ছলে পাসিং অনুশীলন। লং পাসে ফাহামিদুলের শট নিতে গিয়ে বলের সঙ্গে সংযোগ না হওয়ায় হাসির রোলও পড়ে সতীর্থদের মধ্যে।
তবে সবার হাসিখুশি মেজাজের বাইরে আলাদা নজর ছিল অধিনায়ক তপু বর্মণের দিকে। ভুটান ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পেয়ে মাঠে নামতে পারেননি তিনি। শনিবারও ট্রেনারের সঙ্গে আলাদাভাবে অনুশীলন করেছেন এই ডিফেন্ডার। শ্রীলঙ্কা ম্যাচের আগে তার ফিটনেস তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে অনুশীলনের বিরতিতে গণমাধ্যমের মুখোমুখি হন শেখ মোরসালিন। ভুটান ম্যাচে জ্বরের কারণে খেলতে না পারলেও এখন নিজেকে শতভাগ ফিট বলে জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষকে নিয়েও সতর্ক মোরসালিন। প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়া শ্রীলঙ্কাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস থাকলেও পরের ম্যাচে আরও কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েও মোরসালিনের রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। তার মতে, বড় ব্যবধানে জয় কখনো কখনো আত্মতুষ্টি তৈরি করতে পারে। অল্প ব্যবধানের জয় বরং দলের মধ্যে গোলের ক্ষুধা ও জয়ের তাড়না ধরে রেখেছে।
আগামী বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এবার লক্ষ্য আরও পরিণত ফুটবল উপহার দেওয়া। কারণ, এই ম্যাচের ফলই নির্ধারণ করবে সেমিফাইনালের পথে বাংলাদেশের অবস্থান কতটা শক্ত হবে।
