Logo
×

Follow Us

খেলাধুলা

পাইওনিয়রকে হারিয়ে দ্বিতীয় বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন এলিট স্পোর্টিং

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

পাইওনিয়রকে হারিয়ে দ্বিতীয় বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন এলিট স্পোর্টিং

এলিট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্তারা। ছবি : ভলিবল ফেডারেশন

ভলিবলের কোর্টে জমজমাট লড়াই, আর শেষ হাসি হাসল এলিট স্পোর্টিং ক্লাব! দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পাইওনিয়র স্পোর্টস ক্লাবকে হারিয়ে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এলিট স্পোর্টিং ক্লাব।

শনিবার ঢাকার পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২৪-২৬, ২৫-২৩, ২৫-১৮ ও ২৫-২৩ পয়েন্টে ৩-১ সেটে জয় পায় এলিট। প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নীল সাগর স্পোর্টিং ক্লাবকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে ঝিনুক ক্রীড়া চক্র।

প্রতিযোগিতায় সেরা সেটারের পুরস্কার পেয়েছেন এলিট স্পোর্টিং ক্লাবের হৃদয়। সেরা লিবারো পাইওনিয়রের বাদশা, সেরা অ্যাটাকার এলিটের শান্ত এবং সেরা ব্লকার হয়েছেন পাইওনিয়রের সাকিব। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন এলিটের রুবেল।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শোয়াইব ও বিমল ঘোষ ভুলু, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে ট্রফি ও মেডেল বিতরণের মধ্যদিয়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫