টেস্ট চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশের সামনে কঠিন পথ
অপূর্ব রায়
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের ফাইনালে ওঠার লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছে বাংলাদেশ। হাতে-কলমে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও বাকি পাঁচ টেস্টে জয় এবং প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট হারানোর দিকেই তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তদের।
গত ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ পয়েন্ট তালিকায় ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে কিউইরা। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার শতাংশ পয়েন্ট ৭১.৪৩, আর অস্ট্রেলিয়ার ৬৯.২৩। তিন দলের পয়েন্ট ব্যবধান খুব বেশি না হওয়ায় বাকি সিরিজগুলোর ফলই শেষ পর্যন্ত ফাইনালিস্ট নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
বর্তমান অবস্থান ও সূচি বিবেচনায় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে এগিয়ে রাখা গেলেও অস্ট্রেলিয়াকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাদের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি এবং ভারতের বিপক্ষে পাঁচটি টেস্ট রয়েছে। নিউজিল্যান্ডকেও ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। এসব সিরিজে পয়েন্ট হারালে শীর্ষ দুইয়ের হিসাব বদলে যেতে পারে।
এদিকে দক্ষিণ আফ্রিকার সামনেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সাত টেস্টে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৪৭.৬২। তালিকায় ভারতের অবস্থান চতুর্থ (৫১.৫২)।
বাংলাদেশের বাকি রয়েছে পাঁচটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (চলমান) একটি, দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি।
এই পাঁচ টেস্টের সব কটিতে জিতলে বাংলাদেশের শতাংশ পয়েন্টের হার সর্বোচ্চ ৬৯.৪৪-এ পৌঁছাতে পারে। অর্থাৎ গাণিতিকভাবে ফাইনালে ওঠার সুযোগ এখনো রয়েছে। কিন্তু সর্বোচ্চ পয়েন্টের হার অর্জন করলেই জায়গা নিশ্চিত হবে না। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে ম্যাচ হেরে যথেষ্ট পয়েন্ট হারাতে হবে। আর বাংলাদেশকে টপকে যেতে হবে তাদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দল সমানসংখ্যক ম্যাচ খেলে না। তাই মোট পয়েন্ট নয়, বরং একটি দল যত পয়েন্ট অর্জন করতে পারত তার কত শতাংশ পেয়েছে, সেই হিসেবেই অবস্থান নির্ধারণ করা হয়।
টেস্ট জিতলে ১২ পয়েন্ট, ড্র হলে চার পয়েন্ট এবং টাই হলে ছয় পয়েন্ট করে পায় দুই দল। ধীরগতির ওভার রেটের জন্য পয়েন্টও কাটা যেতে পারে। চক্র শেষে পয়েন্টের হারে শীর্ষ দুই দল ২০২৭ সালের ফাইনালে খেলবে।
