রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
টেনিস কোর্টের রাজত্ব শেষ করে এবার ফুটবলের সবুজ গালিচায় নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। দীর্ঘদিনের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন এই স্প্যানিশ কিংবদন্তি। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শৈশব থেকেই লস ব্লাঙ্কোসদের অন্ধ ভক্ত নাদাল ২০১৭ সালের মার্চ মাস থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এবার সরাসরি পরিচালনা পর্ষদের অংশ হয়ে ক্লাবটির বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখায় নিজের অভিজ্ঞতা ও দূরদর্শিতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।
প্রস্তাব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শৈশবের একটি আবেগঘন ছবি শেয়ার করেন নাদাল। ছোটবেলায় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানো সেই ছবির ক্যাপশনে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং পুরো পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘রিয়াল মাদ্রিদ ও পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই দায়িত্ব থেকে যতটা সম্ভব শিখতে এবং ক্লাবকে অবদান রাখতে চাই।’
নাদালের মতো একজন বৈশ্বিক ক্রীড়াব্যক্তিত্বকে বোর্ডে পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বুধবার ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ এবং সব মাদ্রিদিস্তার জন্য এটি অপরিসীম সম্মানের যে, তার মতো ক্রীড়া ও মানবিক মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তিত্ব, স্পেন ও বিশ্ব ক্রীড়াঙ্গনের এক অনুকরণীয় চরিত্র আমাদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন।’
ক্লাবটি কেবল নাদালের টেনিস কৃতিত্বকেই নয়, বরং তার ব্যক্তিজীবনের মূল্যবোধেরও উচ্চ প্রশংসা করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘নাদালের ক্রীড়া ক্যারিয়ার কিংবদন্তিতুল্য, তবে তার ব্যক্তিত্ব অর্জনের চেয়েও অনেক বড়। প্রতিভা, ত্যাগ স্বীকারের মানসিকতা, বিনয়, প্রতিপক্ষ ও সতীর্থদের প্রতি সম্মান এবং সহমর্মিতা তাকে কোর্টের ভেতরে ও বাইরে অনন্য করে তুলেছে। এসব মূল্যবোধ রিয়াল মাদ্রিদেরও পরিচয়ের অংশ।
২০২৪ সালে পেশাদার টেনিস কোর্ট থেকে চিরতরে বিদায় নেন ৪০ বছর বয়সী রাফায়েল নাদাল। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে তিনি জয় করেছেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। যার মধ্যে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি তাকে ক্লে কোর্টের অবিসংবাদিত ‘সম্রাট’ বানিয়ে রেখেছে। এর পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৩৬টি মাস্টার্স শিরোপা এবং দুটি অলিম্পিক স্বর্ণপদক।
পরিচালনা পর্ষদে রাফায়েল নাদালের এই ঐতিহাসিক নিয়োগ সম্পূর্ণ চূড়ান্ত হতে রিয়াল মাদ্রিদের সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ক্লাবটির সাধারণ পরিষদের বৈঠকে তার এই নিয়োগ অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে তোলা হবে। সেখানে সর্বসম্মতিক্রমে তার নাম পর্ষদে চূড়ান্ত হবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
