Logo
×

Follow Us

খেলাধুলা

ইব্রাহীমের জাদুকরী গোল, সাফে দারুন শুরু বাংলাদেশের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

ইব্রাহীমের জাদুকরী গোল, সাফে দারুন শুরু বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপের আঙিনায় লাল-সবুজের পতাকা ওড়ার দিনে স্নায়ুচাপ আর রোমাঞ্চের জমজমাট এক মিশেল দেখলেন পল্টন ময়দানের দর্শকরা। বিকালে ভারত-পাকিস্তানের উত্তাপ ছড়ানো লড়াই আর সন্ধ্যার চোখ জুড়ানো আতশবাজির আলোয় বর্ণিল উদ্বোধনের পর মাঠের আসল উত্তাপটা ঠিকই ছড়িয়ে দিলেন জামাল ভূঁইয়ারা। 

কোচ থমাস ডুলির শিষ্যরা ভুটানের বিপক্ষে কষ্টার্জিত হলেও মহামূল্যবান ১-০ গোলের জয় দিয়ে রাঙাল সাফের ১৫তম আসরের মিশন। বদলি নেমে মোহাম্মদ ইব্রাহীমের পা থেকে আসা একমাত্র জয়সূচক গোলটিই গড়ে দিল ম্যাচের ভাগ্য, যা ভুটানের বিপক্ষে এই টুর্নামেন্টে অপরাজিত থাকার সোনালী রেকর্ডকে আরও সমৃদ্ধ করল।

বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফে দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে এই ব্যবধানে হারায় বাংলাদেশ। 

ফিফার পরিসংখ্যান অনুযায়ী কেবল সাফে এর আগে দুই দলের সাতবারের মোকাবিলায় ছয়বার জিতেছিল বাংলাদেশ, আর একবার হয়েছিল ড্র। আজকের জয়ে সেই আধিপত্যের ধারা আরও পোক্ত হলো। 

এর আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০০৩ সালের সাফজয়ী এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আতশবাজির ঝলকানি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই মহাযজ্ঞের।

ম্যাচের শুরুর দিকে আক্রমণের কমতি রাখেনি স্বাগতিকরা। আসি আসি করেও কাঙ্ক্ষিত সুযোগটি আসল ম্যাচের ১৭তম মিনিটে। ডান দিক থেকে রাকিব হোসেনের দারুণ এক ক্রসে ছোট বক্সের সামনে লাফিয়ে হেডও নিয়েছিলেন বিশ্বনাথ, তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৫তম মিনিটে প্রথমে ফাহিমের শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। 

ফিরতি বলে জোরালো শট নেন সমিত, তবে সেটিও ফিরে আসে রক্ষণের বাধায়। বাংলাদেশ হ্যান্ড বলের জোরালো আবেদন করলেও রেফারি তাতে কর্ণপাত করেননি। ঠিক ওই মিনিটেই জটলার মধ্যে বিশ্বনাথের টোকায়ও জালের দেখা মেলেনি। ৩৯তম মিনিটে রাকিব হোসেনের চমৎকার এক রক্ষণচেরা পাসে বল পেয়ে যান বিশ্বনাথ, কিন্তু নম্বর নাইন হিসেবে খেলা বিশ্বনাথ শট নেন পোস্টের পাশ দিয়ে। ফলে গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ফাহিমের বদলি হিসেবে ফাহামেদুল ইসলামকে মাঠে নামান কোচ ডুলি। তবে আক্রমণে তাতে খুব একটা ধার বাড়েনি। উল্টো ম্যাচের ৪৫ থেকে ৬৪ মিনিট পর্যন্ত সময়জুড়ে ভুটান মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে এবং বাংলাদেশের রক্ষণে কয়েকবার ভালোই ভীতি ছড়ায়। ম্যাচের মোড় ঘুরে যায় ৬৫তম মিনিটে। 

অধিনায়ক জামালের জায়গায় সোহেল রানা এবং বিশ্বনাথের বদলি হিসেবে মোহাম্মদ ইব্রাহীম মাঠে নামার সঙ্গে সঙ্গেই দৃশ্যপট বদলে যায়। দুজন মাঠে নামার ওই মিনিটেই ফাহামেদুল বাঁ প্রান্ত ধরে এক লম্বা দৌড় দিয়ে বক্সে ঢুকে শট নেন, যা ভুটানি গোলকিপার গিয়েলশেন জাংপো ফিস্ট করে ক্লিয়ার করেন।

এর তিন মিনিট পর ৬৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই সোনালী মুহূর্ত। বক্সের বাইরে জায়ানের বাড়ানো লং বলে রাকিব হেডে বল পেছনে বাড়ালে, সমিতের ফিরতি হেড ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়ে চলে আসে ইব্রাহীমের কাছে। 

সুযোগ সন্ধানী ফর্মে থাকা এই ফরোয়ার্ড আর কোনো ভুল করেননি। ডান পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ফর্টিস এফসির এই ফুটবলার বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত লিড। ম্যাচের বাকি সময় ওই ১-০ গোলের ব্যবধান শক্ত হাতে ধরে রেখে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের সমর্থকেরা।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচটি আগামী ১১ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানরা অবশ্য তার আগে ৮ নভেম্বর ভুটানকে মোকাবিলা করবে। এর আগে দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের উত্তাপ ছড়ানো লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ভারত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫