কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বে তার আগমন হয়েছিল ভবিষ্যতের মহাতারকা হিসেবে। মাত্র ১৯ বছর বয়সে জিতে বুঝিয়ে দিয়েছিলেন, কেন তাকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি ভাবা হচ্ছে। গোল, রেকর্ড, ব্যক্তিগত অর্জন—কোনো কিছুতেই পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পে। অথচ ক্যারিয়ারের এতগুলো বছর পেরিয়ে গেলেও অধরা রয়ে গেছে একটি পুরস্কার। ব্যালন ডি’অর। সেই অপেক্ষা কি কখনো ফুরাবে ফরাসি তারকার?
২০২৬ সালের ব্যালন ডি’অরে আবারও খুব কাছে গিয়েও ছুঁতে পারলেন না সেই স্বপ্নের ট্রফি। মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে হ্যারি কেইনের কাছে হেরে দ্বিতীয় হয়েছেন এমবাপ্পে। কেইনের পয়েন্ট ১০৫৫, এমবাপ্পের ১০২৭। ব্যবধান এতটাই সামান্য যে, ভোটের সামান্য হেরফেরেই বদলে যেতে পারত বিজয়ীর নাম। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষাটাই দীর্ঘ হলো এমবাপ্পের।
ব্যালন ডি’অরের মঞ্চে এমবাপ্পের উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০১৭ সালে সপ্তম হয়ে প্রথমবার জায়গা করে নিয়েছিলেন সেরা দশে। পরের বছর বিশ্বকাপ জয়ের পর উঠে আসেন চতুর্থ স্থানে। এরপর ২০১৯ সালে ষষ্ঠ, ২০২১ সালে নবম, ২০২২ সালে ষষ্ঠ, ২০২৩ সালে তৃতীয়, ২০২৪ সালে ষষ্ঠ এবং ২০২৫ সালে সপ্তম হন। এবার দ্বিতীয়। অর্থাৎ গত এক দশকে বারবার সেরাদের তালিকায় থেকেছেন তিনি। কিন্তু সোনার বলটা এখনো অধরা।
এখানেই এমবাপ্পের গল্পটা অন্য রকম। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার সময় তার বয়স ছিল মাত্র ১৯। সেই আসরে গোলও করেছিলেন ফাইনালে। চার বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন। বিশ্বকাপ ফাইনালে ১৯৬৬ সালের পর প্রথম হ্যাটট্রিক ছিল সেটি। তবু ব্যালন ডি’অর জেতা হয়নি। ২০১৮ সালে পুরস্কার জেতেন লুকা মদরিচ, ২০২২ সালে লিওনেল মেসি।
এমবাপ্পের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগও কম। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের দ্বিতীয় (২০২৫-২৬) মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল। লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করে দুই প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বিশ্বকাপেও ১০ গোল ও চারটি অ্যাসিস্ট নিয়ে জিতেছেন টানা দ্বিতীয় গোল্ডেন বুট। বিশ্বকাপে তার মোট গোল এখন ২২, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।
কিন্তু ফুটবল তো কেবল গোলের হিসাব নয়। ব্যক্তিগত সাফল্যের সঙ্গে দলীয় অর্জনের সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ। সেবার এমবাপ্পের ১৫ চ্যাম্পিয়নস লিগ গোলও রিয়ালকে শিরোপা এনে দিতে পারেনি। বিশ্বকাপে ১০ গোল করেও ফ্রান্সকে সেমিফাইনালের বাধা পেরোতে সাহায্য করতে পারেননি। অন্যদিকে কেইনের গোলের সঙ্গে ছিল বায়ার্নের লিগ ও কাপ শিরোপা এবং বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় স্থান।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে দীর্ঘদিন পিএসজির হয়ে খেলেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন নিয়েই ২০২৪ সালে পাড়ি জমান মাদ্রিদে। অথচ তার বিদায়ের পর পিএসজি জিতেছে সেই অধরা ইউরোপিয়ান শিরোপা। সেটিও টানা দুইবার। রিয়ালের জার্সিতে ব্যক্তিগত পারফরম্যান্স ও গোলের ধারাবাহিকতায় থাকলেও দলীয় সাফল্যের অভাব তার ব্যালন ডি’অরের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জেতাও হয়নি চ্যাম্পিয়নস লিগ।
এখন এমবাপ্পের বয়স ২৭। আগামী ডিসেম্বরে ২৮ পূর্ণ করবেন। বয়সের হিসাবে এখনো সামনে অনেকটা পথ। কেইন প্রথম ব্যালন ডি’অর জিতেছেন ৩৩ বছর বয়সে। করিম বেনজেমা জিতেছেন ৩৪ বছরে, লুকা মদরিচ ৩৩-এ। তাই এমবাপ্পের সামনে সময় শেষ হয়ে যায়নি। তবে তার জন্য অপেক্ষাটা একটু বেশি চাপের। কারণ কৈশোর থেকেই তাকে ঘিরে ছিল ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা।
এদিকে লামিনে ইয়ামালের মতো নতুন প্রজন্মও নিয়মিত জায়গা করে নিচ্ছেন সেরাদের তালিকায়। ২০২৫ সালে দ্বিতীয় হওয়ার পর এবার তৃতীয় হয়েছেন তিনি। অর্থাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপ্পের প্রতিদ্বন্দ্বী ক্রমাগত বাড়ছে।
এমবাপ্পে একসময় ছিলেন ব্যালন ডি’অরের নিশ্চিত ভবিষ্যৎ। এখন সেই ভবিষ্যৎই তার কাছে অসমাপ্ত এক স্বপ্ন। প্রতিবারই কাছাকাছি গিয়ে ফিরে আসতে হচ্ছে তাকে। প্রশ্নটা তাই তিনি কবে ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার জিতবেন শুধু তা নয়, বরং আর কতবার অপেক্ষা করতে হবে? তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই।
কিন্তু ব্যালন ডি’অরের ইতিহাসে নাম লেখাতে হলে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সাফল্যও যে জরুরি, এ বছরের ফল আবারও সেটাই মনে করিয়ে দিল।
