ভুটান ম্যাচের একাদশে তিন পরিবর্তন, বিশ্বনাথকে নিয়ে নামছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
স্টেডিয়ামে প্রবেশ করছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি : বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচে কোচ থমাস ডুলি তার একাদশে এনেছেন গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। সর্বশেষ আসিয়ান কাপের ইন্দোনেশিয়া ম্যাচের একাদশ থেকে মোট তিনটি পরিবর্তন এনে সাজানো হয়েছে আজকের শুরুর একাদশ।
দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী এখনো ঢাকায় এসে পৌঁছাননি; তিনি দলের সঙ্গে যোগ দিয়ে শ্রীলঙ্কা ম্যাচে মাঠে নামবেন। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন।
তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, ফয়সাল আহমেদ ফাহিম এবং বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
দলে নিয়মিত স্ট্রাইকার রোনান সুলিভান না থাকায় ফরোয়ার্ড লাইনে কিছুটা সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটাতেই কোচ থমাস ডুলি বড় একটি কৌশলগত পরিবর্তন এনেছেন—ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলানো হচ্ছে নম্বর নাইন অর্থাৎ মূল স্ট্রাইকার পজিশনে! এর আগে সান মারিনো বিপক্ষে ম্যাচেও বিশ্বনাথ এই পরীক্ষামূলক ভূমিকায় সফলভাবে খেলেছিলেন।
