Logo
×

Follow Us

খেলাধুলা

এক ম্যাচেই ৫৩ লাল কার্ড, নজিরবিহীন বিশ্বরেকর্ড ব্রাজিলে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

এক ম্যাচেই ৫৩ লাল কার্ড, নজিরবিহীন বিশ্বরেকর্ড ব্রাজিলে

ব্রাজিলে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচ৷ ছবি: সংগৃহীত

সবুজ ঘাস গালিচার মাঠটি মুহূর্তেই পরিণত হয়েছিল এক রনক্ষেত্রে। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলের সেই রোমাঞ্চকর সেমিফাইনালে তখন মামোরে ৩-১ গোলে এগিয়ে জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু কে জানত, সেই আনন্দই ডেকে আনবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঝড়।

মামোরের তৃতীয় গোলের পর উদযাপনের সময় এক ফুটবলারের সামান্য এক বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গিই যেন ঘৃতাহুতি দিল উত্তপ্ত আগ্নেয়গিরিতে। মুহূর্তের মধ্যে সব নিয়ন্ত্রণ হারিয়ে দুই দলের খেলোয়াড় আর কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়লেন রক্তক্ষয়ী সংঘাতে।

উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও রাগের চোটে সোজা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি রূপ নেয় উন্মত্ততায়। মাঠের চত্বর তখন পরিণত হয়েছে কুস্তিগীরদের আখড়ায়। কিল, চড়, আর ধস্তাধস্তিতে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। প্রাণের ভয়ে রেফারি ও আয়োজকরা খেলা বন্ধ রাখতে বাধ্য হন টানা প্রায় ৪০ মিনিট। শুধু কি মাঠের লড়াই? মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে ড্রেসিংরুমেও।

ম্যাচ শেষে দুপক্ষেরই অভিযোগের তীর একে অপরের বুকে—উবেরলান্দিয়ার কর্তারা গুড়িয়ে দিয়েছেন মামোরের সরঞ্জাম, আর মামোরের ক্ষিপ্ত ছেলেরা প্রতিপক্ষের ড্রেসিংরুমে চালিয়েছে তছনছ। পরিস্থিতি এতটাই ভয়ংকর রূপ নিয়েছিল যে, সংঘর্ষের সময় একে অপরকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয় এবং রেফারি ফার্নান্দো প্যাট্রিক সরাসরি পুলিশের শরণাপন্ন হন।

আর এখানেই জন্ম নেয় ফুটবলের সবচেয়ে অবিশ্বাস্য ও কলঙ্কজনক বিশ্বরেকর্ডের। পকেট থেকে একের পর এক লাল কার্ড বের করতে করতে রেফারি যেন ক্লান্ত হয়ে পড়েছিলেন। ম্যাচ চলাকালীন ৩ জন তো বটেই, ঝামেলার পর আরও ৪০ জন খেলোয়াড় এবং ৮ জন কর্মকর্তাকে লাল কার্ড দেখান তিনি। বাদ যাননি উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের ২ সদস্যও। 

সবমিলিয়ে এক ম্যাচে অবিশ্বাস্যভাবে মোট ৫৩ জনকে বহিষ্কার করে ইতিহাস গড়ে ফেললেন রেফারি ফার্নান্দো। ভেঙে চুরমার হয়ে গেল ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম বিভাগে ঘটা ৩৬ লাল কার্ডের দীর্ঘ চৌদ্দ বছরের পুরোনো গিনেজ রেকর্ড। ফুটবলের সবুজ মাঠে এমন মহানাটকীয়তা ও রেকর্ড পরিমাণ কার্ডের বরুণ বৃষ্টি এর আগে দেখেনি বিশ্ববাসী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫