Logo
×

Follow Us

প্রতিবেদন

পদত্যাগ করলেন ওসমান ফারুক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

পদত্যাগ করলেন ওসমান ফারুক

ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।

মঙ্গলবার জাতীয় সংসদে তার পদত্যাগের বিষয়টি সংসদে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ই-মেইল বার্তার প্রেক্ষিতে আজ বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে আসন শূন্য ঘোষণা করেন স্পিকার।

ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি ওসমান ফারুক। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি–জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৮৬ বছর বয়সী ওসমান ফারুক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫