Logo
×

Follow Us

প্রতিবেদন

‘আড্ডা প্রবর্তনায়’ তিন মাসের পিঠা উৎসব শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

‘আড্ডা প্রবর্তনায়’ তিন মাসের পিঠা উৎসব শুরু

পিঠা উৎসবে আগত অতিথিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

হেমন্তের মাঠে এখন আমন ধান কাটার মৌসুম। সেই নতুন ধানের চালের গুঁড়া, শীতের প্রথম খেজুরের গুড় আর নারকেলের পুরে রাজধানীতে শুরু হয়েছে পিঠার মৌসুম। 

সোমবার (১৬ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে আড্ডা প্রবর্তনায় শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পিঠা উৎসব। 

প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের ঠিক উল্টো দিকে এ আয়োজন চলবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ রমজান শুরুর আগ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) ও শস্য প্রবর্তনার এ উৎসব প্রতিবছরই হয়। এর আলাদা পরিচয় হলো পিঠার উপকরণ। কটক আর কার্তিকশাইলের মতো দেশি জাতের চালের গুঁড়া আসে নয়াকৃষি আন্দোলনের ঈশ্বরদী আরশিনগর বিদ্যাঘর কেন্দ্র থেকে। দুধও নয়াকৃষির। গুড় আখের নয়, খেজুরের, আর সেটা এই শীতেরই।

উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার জানালেন, তিনি সদ্য নাটোরের মাঠ ঘুরে এসেছেন। এবার আমনের ফলন খুব ভালো হয়েছে। 

তার ভাষায়, এ পিঠা সত্যিই নতুন ধানের, মাঠ থেকে সরাসরি আসা। ভাপা পিঠায় কার্তিকশাইল আর চিতইয়ে কটক চাল ব্যবহার হচ্ছে। সামনে টাঙ্গাইল থেকেও চাল আসবে। 

তিনি মনে করেন, পিঠা কোনো বয়স মানে না। এটি দেশের ঐতিহ্য, আর সেই ঐতিহ্য টিকয়ে রাখা দরকার শিশুদের জন্যই। হাসতে হাসতে অনুরোধও করলেন, ঘরে অতিথি এলে বিস্কুট বা কেক নয়, পিঠা খাওয়াবেন। দরকারে হোম ডেলিভারিতে পৌঁছে যাবে।

উবিনীগের পরিচালক সীমা দাস সীমু মনে করিয়ে দিলেন পিঠা-পার্বণের পুরোনো রীতির কথা। ছেলের শ্বশুরবাড়িতে, মেয়ের শ্বশুরবাড়িতে পিঠা পাঠানো বাংলার পারিবারিক সংস্কৃতিরই অংশ। এ উৎসব সেই রীতিকে নতুন করে মনে করিয়ে দেয়।

উৎসবে আছে ভাপা, দুধ চিতই, ডিম চিতই, নানা পদের ভর্তার সঙ্গে চিতই, সবজি ও নারকেল পুলি, তেলের পিঠা, মুগ পাকন, পাটিসাপটা আর নকশি পিঠা। সঙ্গে খোলাজা পিঠা আর হাঁসের মাংস। যারা রাতে ভাত খেতে চান না, তাদের জন্য আছে নানরুটি আর হাঁসের মাংস। বসে খাওয়া যায়, বাসাসয়েও নেওয়া যায়।

প্রথম দিনেই চুলার পাশে লম্বা লাইন। গরম ভাপা হাতে দাঁড়িয়ে ছিলেন উর্মি। জানালেন, প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে এখানে আসছেন। প্রবর্তনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত হাবিবা খাতুন বলেন, “অগ্রহায়ণের নতুন চালের ঘ্রাণ বাংলার একান্ত নিজস্ব। সেই স্বাদ পেয়ে তার মনে হচ্ছে বয়সটা যেন হঠাৎ কমে গেছে।” 

আরেক অতিথি সকালে ধানমন্ডি ৩২-এ একটি পিঠা উৎসব ঘুরে বিকেলে এখানে এসেছেন। তবে আক্ষেপ করে বললেন, ঘরের শিশুরা এখন পিঠা খেতে চায় না।

শহরে এখন পিঠা উৎসবের অভাব নেই। কিন্তু পুরোনো ক্রেতারা বলছেন, এখানে আসার কারণ উপকরণের প্রতি আস্থা। চাল কোন মাঠের, গুড় কোথাকার, সেটা জানা থাকে। আয়োজকরা জানান, পিঠা বানানোর চালের গুঁড়া, খেজুরের পাটালি, নারকেলসহ সব উপকরণ পাওয়া যাচ্ছে শস্য প্রবর্তনার আউটলেটগুলোতেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫