রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও এলাকায় একটি বাজার ও পাশের সেতুতে সামরিক বাহিনীর বিমান হামলার পরের ধ্বংসযজ্ঞ। ছবি: এএফপি
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত বহুল আলোচিত এই মামলার রায় দেবেন।
প্রায় এক দশক আগে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেই ঘটনার বিচার চেয়ে করা মামলাটি আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থার ক্ষেত্রে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে।
আইসিজে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দেননি। তাই মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সিদ্ধান্ত শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আন্তর্জাতিক আইন ও ভবিষ্যতের গণহত্যা সংক্রান্ত মামলাগুলোর জন্যও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাতেও এর প্রভাব পড়তে পারে।
মিয়ানমারে জাতিসংঘের সাবেক মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি বলেন, আইসিজের এ রায় বিশ্বজুড়ে রোহিঙ্গা নির্যাতনের শিকার মানুষ ও তাদের পরিবারের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। তিনি বলেন, নয় বছর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করতে এ সুযোগ কাজে লাগাতে হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গত সাত বছর ধরে আদালতের বিচারকেরা এ মামলার বিভিন্ন তথ্য-প্রমাণ ও অভিযোগ পর্যালোচনা করেছেন।
আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধের পেছনে উদ্দেশ্য প্রতিষ্ঠা করা। কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে কোনো কাজ করা হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।
নির্যাতনের শিকার শত শত মানুষের আইনি প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল) প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মালভি বলেছেন, আদালত মিয়ানমারকে পুরোপুরি দায়ী করবেন বলে তিনি আশাবাদী। তার মতে, মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা থেকেই একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, গ্রামগুলোতে একই কায়দায় হামলা চালানো হতো। বেসামরিক মানুষদের ওপর আক্রমণ, গ্রামে আগুন দেওয়া, নারী ও পুরুষদের আলাদা করা এবং যৌন সহিংসতা চালানো ছিল এসব হামলার অংশ। মানুষ পালিয়ে যাওয়ার সময়ও তাদের হত্যা করা হতো।
মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার অংশ হিসেবে আদালত কীভাবে বিবেচনা করেন। মালভি জানান, তার দল নির্যাতনের শিকার নারীদের কাছ থেকে এমন অনেক ঘটনার বিবরণ সংগ্রহ করেছে, যেখানে সেনারা নারীদের সঙ্গে বীভৎস আচরণ করেছেন।
তিনি বলেন, মানুষকে চিহ্নিত করা বা তাদের গায়ে স্থায়ী দাগ বসিয়ে দেওয়ার জন্য এসব করা হয়। একই সঙ্গে এর উদ্দেশ্য হতে পারে তাদের প্রজননক্ষমতা নষ্ট করা। তার মতে, একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণে যৌন সহিংসতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানুষকে দলবদ্ধভাবে ধর্ষণ করতে হবে এমন নয়। তাদের চোখের সামনে সন্তানদের হত্যা করা, শরীর বিকলাঙ্গ করা কিংবা এসব প্রকাশ্যে করারও প্রয়োজন নেই। এসবের মূল উদ্দেশ্য হলো একটি জনগোষ্ঠীকে ধ্বংস করা। এর আগে বলকান অঞ্চলের নৃশংসতা নিয়ে আইসিজেতে দুটি মামলা হয়েছিল। সেসব মামলায় কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হয়নি। তবে স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে আইনগতভাবে দায়ী করা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে আইসিজে রুদ্ধদ্বার শুনানির আয়োজন করেন। এতে বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবির থেকে যাওয়া রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিরা সরাসরি সাক্ষ্য দেন।
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের তথ্য অনুযায়ী, একজন সাক্ষী জানিয়েছেন, তার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ছুরিকাঘাত করা হয় এবং আগুনে ছুড়ে ফেলা হয়। আরেকজন গণকবরে মরদেহের স্তূপ দেখার বর্ণনা দিয়েছেন।
শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, এ মামলা আন্তর্জাতিক আইনের কোনো জটিল তাত্ত্বিক বিষয় নিয়ে নয়। এটি বাস্তব মানুষ ও একটি জনগোষ্ঠীর জীবনের সঙ্গে জড়িত। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সেনাবাহিনীর অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে।
কয়েক দশক ধরে রোহিঙ্গারা মিয়ানমারে নাগরিকত্ব থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নও বেড়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের মধ্যেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। ২০১৭ সালের গ্রীষ্মে একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী গেরিলা কায়দায় হামলা চালায়। জবাবে মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে পরিচিত।
ওই সময় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা গার্ডিয়ানকে তুলা তুলি গ্রামে সংঘটিত হত্যাযজ্ঞের বিবরণ দিয়েছিলেন।
তাদের ভাষ্য, সেনারা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষদের গুলি করে হত্যা করে। এমনকি শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনাও ঘটে। পরে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, তুলা তুলি গ্রামটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব সাক্ষ্য ও তথ্য-প্রমাণের পাশাপাশি বছরের পর বছর ধরে সংগ্রহ করা আরও কয়েক ডজন প্রত্যক্ষদর্শীর বিবরণ গণহত্যার মামলাটিকে শক্তিশালী করেছে।
মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দিলে দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। ২০১৬ থেকে ২০১৭ সালের রোহিঙ্গা নির্যাতনের সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করেন তিনি। এরপর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) পৃথক তদন্ত চলছে।
আইসিজে রাষ্ট্রের বিচার করে, অন্যদিকে আইসিসি ব্যক্তির অপরাধের বিচার করে। বিতর্কিত নির্বাচনের পর গত এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই নির্বাচনকে ব্যাপকভাবে প্রহসন হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানানো হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।
মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার রায় শুধু রোহিঙ্গা সংকটের মধ্যেই সীমদ্ধ থাকবে না। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাতেও এর প্রভাব পড়তে পারে। দুটি মামলার মধ্যে বেশ কিছু মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই একটি জনগোষ্ঠী শক্তিশালী সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল অনেক বেশি কূটনৈতিক সমর্থন পেয়ে থাকে।
এমন এক সময়ে রায়টি আসছে, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপও রয়েছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রোহিঙ্গা সংকটকে ইতিমধ্যে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সতর্ক করে বলেছেন, আইসিজেকে এমন কোনো মানদণ্ড নির্ধারণ করতে দেওয়া উচিত নয়, যা মিত্র দেশের সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। তার এ বক্তব্য ইসরায়েলি সেনাদের ক্ষেত্রেও প্রাসঙ্গিক।
মিয়ানমারের বিরুদ্ধে মামলার সমর্থনকারীরা মনে করেন, আদালতের রায়ের পর বিভিন্ন দেশের উচিত দেশটিতে অস্ত্র ও জেট জ্বালানি সরবরাহ বন্ধ করা। আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। তবে অতীতে বিভিন্ন দেশ আদালতের রায় মেনে চলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতবিরোধ থাকায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিতে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। অন্যদিকে মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা রয়েছেন বলে ধারণা করা হয়।
মিয়ানমারের ভেতরে বসবাসরত বাস্তুচ্যুত এক রোহিঙ্গা গার্ডিয়ানকে বলেন, তিনি আশা করেন, আদালতের এ রায় দীর্ঘদিনের নির্যাতন ও বৈষম্যের অবসানে সহায়তা করবে। তিনি বলেন, আমরা শুধু সহানুভূতি চাই না। আমরা ন্যায়বিচার, স্বীকৃতি, সমান অধিকার এবং এমন একটি ভবিষ্যৎ চাই, যেখানে আমাদের সন্তানেরা নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।
