বিবিএসের গণতন্ত্রায়ণ
সংখ্যার রাজনীতি পেরিয়ে উপাত্ত কি মানুষের হবে?
সৈয়দ রাইয়ান আমীর
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
সংখ্যা নিজে থেকে মিথ্যা বলে না। সংখ্যাকে দিয়ে মিথ্যা বলানো হয়। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে হয় এই সংখ্যার কারসাজি। ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির নামমাত্র হার কিংবা রপ্তানি আয়ের গরমিল—সব মিলিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিণত হয়েছে সরকারি সাফল্যের প্রচারযন্ত্রে। ফলাফল ভয়াবহ। বাস্তবতা আড়াল করা পরিসংখ্যান কাগজে সাফল্য দেখালেও মানুষের বাজারের অভিজ্ঞতা বদলায়নি। ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে নেওয়া ভ্রান্তনীতির খেসারত শেষ পর্যন্ত দিতে হয়েছে নাগরিককেই।
এই প্রেক্ষাপটে গত ৮ নভেম্বর ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে বিবিএস মিলনায়তনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বিবিএসকে সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে এর ‘গণতন্ত্রায়ণ’ করার ঘোষণা দিয়েছেন। তার সতর্কবার্তা—সরকার রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে পরিসংখ্যান নিয়ে কারসাজি করলে মূলত নিজের সঙ্গেই প্রতারণা করে এবং নিজস্ব নীতিকেই ব্যর্থ করে দেয়।
অতীতের পরিসংখ্যানের অসংগতি খুঁজতে অর্থমন্ত্রী ‘ফরেনসিক নিরীক্ষা’ বা গভীর অনুসন্ধানের কথা বলেছেন। তার ভাষায়, রোগের গভীরে না গেলে সমাধান মেলে না। এই পর্যালোচনা কেবল পূর্ববর্তী সরকারের ত্রুটি খোঁজার জন্য নয়, বরং সমস্যার মূল জায়গাটি চিহ্নিত করে সংশোধনের যাত্রা শুরু করার উপায়।
তিনি মনে করিয়ে দিয়েছেন, সরকারি উদ্যোগে সংগৃহীত হলেও তথ্যের প্রকৃত মালিক জনগণ। তবে প্রশ্ন হলো, বিবিএসের ‘গণতন্ত্রায়ণ’ বলতে আমরা ঠিক কী বুঝব? শুধু ওয়েবসাইটে কিছু প্রতিবেদন তুলে দেওয়া, নাকি রাষ্ট্রের তথ্যব্যবস্থায় নাগরিকের অধিকার ও নজরদারির জায়গা তৈরি করা?
উপাত্তের গণতন্ত্রায়ণ মানে জনস্বার্থসংশ্লিষ্ট সরকারি উপাত্ত নির্ভুল, সময়মতো এবং পুনর্ব্যবহারযোগ্য বিন্যাসে প্রকাশ করা; একই সঙ্গে তথ্য সংগ্রহের পদ্ধতি, নমুনা, সংজ্ঞা, সীমাবদ্ধতা ও সংশোধনের ইতিহাস জানানো। গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী, উদ্যোক্তা বা সাধারণ নাগরিক—কেউ যেন পরিচয় বা প্রভাবের অভাবে তথ্য থেকে বঞ্চিত না হন।
বাংলাদেশে এটি বাস্তবে কীভাবে সম্ভব? পরিসংখ্যান আইন, ২০১৩-তে বিবিএসকে নির্ভুল পরিসংখ্যান তৈরি ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের দায়িত্ব দেওয়া হলেও এর মহাপরিচালক ও উপমহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে। তাই পূর্ণ পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে জাতিসংঘের ‘ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব অফিশিয়াল স্ট্যাটিসটিকস’ অনুসরণ করে বিবিএসকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থায় রূপান্তর করতে হবে। মহাপরিচালক নিয়োগে স্বচ্ছ ও বহুপক্ষীয় প্রক্রিয়া, নির্দিষ্ট মেয়াদ এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে আইনি সুরক্ষা অপরিহার্য।
পাশাপাশি ২০২৬ সালের জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে উপাত্তের আগাম প্রকাশসূচি (রিলিজ ক্যালেন্ডার) বাধ্যতামূলক করা দরকার। অর্থমন্ত্রীর প্রস্তাবিত ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ এবং নতুন অনলাইন গবেষণা কেন্দ্রকে উন্মুক্ত এপিআই (API) ও যন্ত্রপাঠযোগ্য ডিজিটাল অবকাঠামোর সঙ্গে যুক্ত করতে হবে, যেখানে গবেষকদের জন্য পরিচয়মুক্ত মাইক্রো ডেটা এবং সাধারণ মানুষের জন্য সহজ সারাংশ ও চার্ট থাকবে। শুরুতে সব উপাত্তের বদলে মূল্যস্ফীতি, শ্রমবাজার, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যের মতো উচ্চ-জনস্বার্থের ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া যায়।
বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি ‘ব্যবহারকারী পরামর্শ-ফোরাম’ গঠন করা যেতে পারে, যাদের মতামতের জবাব বিবিএস প্রকাশ করবে।
বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে, কাজটি অসম্ভব নয়। অর্থমন্ত্রী নিজেই দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়েছেন; দেশটি ‘পাবলিক ডেটা অ্যাক্ট’ (Act on Promotion of the Provision and Use of Public Data) ও জাতীয় পোর্টালের (data.go.kr) মাধ্যমে সরকারি উপাত্ত জনগণের হাতের মুঠোয় এনেছে এবং তাদের পরিসংখ্যান সংস্থা (KOSTAT) রিয়েল-টাইম উপাত্ত প্রকাশ করে। যুক্তরাষ্ট্রে ২০১৮ সালের ‘ওপেন গভর্নমেন্ট ডেটা অ্যাক্ট’-এর মাধ্যমে সরকারি সংস্থাগুলোকে Data.gov পোর্টালে মেটাডেটাসহ যন্ত্রপাঠযোগ্য বিন্যাসে উপাত্ত প্রকাশের আইনি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য ২০০৭ সালের আইনের মাধ্যমে তাদের পরিসংখ্যান ব্যবস্থাকে মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত করে পার্লামেন্টের অধীনে নিয়ে আসে; সেখানে মন্ত্রীদের আগাম তথ্য দেখার সুযোগ সীমিত এবং ফধঃধ.মড়া.ঁশ ন্যাশনাল ডেটা লাইব্রেরির মাধ্যমে অর্থনীতি, পরিবেশ, ভূমি ও পরিবহনের উপাত্ত সাজিয়ে দিচ্ছে। কানাডা ২০১৭ সালে আইন সংশোধন করে প্রধান পরিসংখ্যানবিদের স্বাধীনতা নিদ্রি করেছে।
এস্তোনিয়া ‘এক্স-রোড’ প্রযুক্তির
মাধ্যমে সব সরকারি দপ্তরের তথ্যকে এক সুতায় গেঁথেছে এবং ২০২৫ সালে চালু করা ‘ডেটা পোর্টাল’-এ সরকারি ও তৃতীয় খাতের উপাত্ত পুনর্ব্যবহারের সুযোগ দিয়েছে। আর কেনিয়ার পরিসংখ্যান পোর্টালে উন্মুক্ত উপাত্তের সঙ্গে জাতীয় ডেটা আর্কাইভ ও শুমারির ডেটা ব্রাউজার যুক্ত আছে। সবখানেই মূল লক্ষ্য এক—তথ্যকে দপ্তরের নথি না রেখে জনসম্পদে রূপান্তর করা।
তাত্ত্বিক বিচারেও এই রূপান্তর সম্পূর্ণ যৌক্তিক। প্রথমত, ‘প্রিন্সিপাল-এজেন্ট’ তত্ত্বে নাগরিক হলেন মূল নিয়োগকর্তা (প্রিন্সিপাল), আর সরকার ও কর্মকর্তারা তাদের প্রতিনিধি (এজেন্ট)। প্রতিনিধি কী করছেন, তা জানার তথ্য না থাকলে জবাবদিহি নিশ্চিত করা অসম্ভব; উন্মুক্ত উপাত্ত এই ঘাটতি কমিয়ে প্রতিনিধির ‘নৈতিক স্খলন’ রোধ করে।
দ্বিতীয়ত, জোসেফ স্টিগলিটজ, জর্জ অ্যাকারলফ ও মাইকেল স্পেন্সের ‘অপ্রতিসম তথ্যের তত্ত্ব’ অনুযায়ী, এক পক্ষের কাছে তথ্য থাকলে এবং অন্য পক্ষ অন্ধকারে থাকলে বাজারব্যবস্থা ভেঙে পড়ে। রাষ্ট্র উপাত্ত গোপন বা বিকৃত করলে বিনিয়োগকারী ও ভোক্তারা ভুল সিদ্ধান্ত নেন; তথ্যের অবাধ প্রবাহ বাজারে ভারসাম্য আনে।
তৃতীয়ত, ডগলাস নর্থের ‘নব্য প্রাতিষ্ঠানিক অর্থনীতি তত্ত্ব’ বলে, স্বাধীন ও বিশ্বাসযোগ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাজারে ‘লেনদেন ব্যয়’ কমায় এবং নীতির গ্রহণযোগ্যতা বাড়ায়। চতুর্থত, ‘ওপেন গভর্নমেন্ট’ কাঠামো, ইয়ুর্গেন হাবা-রমাসের ‘জনপরিসর’ তত্ত্ব এবং ‘সামাজিক জবাবদিহি’ ধারণা অনুযায়ী, উন্মুক্ত তথ্য ব্যবহার করে নাগরিক, গণমাধ্যম ও নাগরিক সংগঠন সামাজিক নিরীক্ষা চালাতে এবং সিদ্ধান্তের ফল যাচাই করতে পারে। বিশ্বব্যাংকের ২০১৭ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনও বলেছে, তথ্যকে সহজলভ্য, ব্যবহারযোগ্য এবং জবাবদিহির সঙ্গে যুক্ত করাই আসল কাজ।
তবে সদিচ্ছা থাকলেই রাতারাতি বিবিএসের ভোল পাল্টাবে না। বাংলাদেশে নীতি বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সরকারের সামনে কয়েকটি বড় বাধা রয়েছে। এক. রাজনৈতিক ও প্রশাসনিক চাপ—১৯২৩ সালের ঔপনিবেশিক ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর সংস্কৃতি এখনো প্রবল; মূল্যস্ফীতি বা বেকারত্বের মতো অস্বস্তিকর পরিসংখ্যান প্রকাশে সরকারের অনীহা থাকলে স্বাধীনতা কাগজেই থেকে যাবে।
দুই. আমলাতান্ত্রিক জড়তা ও বিচ্ছিন্ন তথ্যভান্ডার-তথ্যকে ‘ক্ষমতার উৎস’ ভেবে ফাইলবন্দি রাখার মানসিকতা রয়েছে, আবার বিবিএস, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ইপিবির ডেটাবেইস বিচ্ছিন্ন এবং সূচকের সংজ্ঞা ও হিসাবপদ্ধতি ভিন্ন হওয়ায় সমন্বিত চিত্র পাওয়া কঠিন। তিন. দক্ষ জনবল, ডেটা সায়েন্টিস্ট, আধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও নিয়মিত অর্থায়নের ঘাটতি। চার. পুরোনো উপাত্তের ফরেনসিক নিরীক্ষা করে অসম্পূর্ণ রেকর্ড ও পদ্ধতিগত অসং-গতি সংশোধনে দীর্ঘ সময় লাগা এবং লাল ফিতার দৌরাত্ম্য। পাঁচ. ডিজিটাল বৈষম্য : গ্রাম, দরিদ্র জনগোষ্ঠী, প্রতিবন্ধী বা কম ডিজিটাল-দক্ষ নাগরিকরা শুধু অনলাইন পোর্টাল থাকলেই সমান সুবিধা পাবেন না। ছয়. ব্যক্তিগত, স্বাস্থ্য, আর্থিক বা অবস্থানসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং প্রকাশের সীমা নির্ধারণ করার জটিলতা।
এখানে মনে রাখতে হবে, উপাত্তের গণতন্ত্রায়ণ সব সময় অর্থনীতি বা দেশের জন্য নিঃশর্তভাবে ভালো ফল বয়ে আনে না। প্রথমত, অতিরিক্ত বিস্তারিত উপাত্ত থেকে ব্যক্তির পরিচয় অনুমান করা সম্ভব হতে পারে, যা গোপনীয়তা ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করে। আবার ব্যাংকিং বা সামষ্টিক অর্থনীতির সংবেদনশীল ও প্রেক্ষাপটহীন তথ্য তাৎক্ষণিক উন্মুক্ত করলে ভুল ব্যাখ্যা, গুজব, শেয়ার ও মুদ্রাবাজারে কৃত্রিম আতঙ্ক এবং পুঁজি পাচারের ঝুঁকি তৈরি হতে পারে।
দ্বিতীয়ত, গবেষক মাইকেল গারস্টেইনের ‘ইফেক্টিভ ডেটা ইউজ’ তত্ত্ব অনুযায়ী, সাধারণ মানুষের ডেটা-সাক্ষরতা না থাকলে উন্মুক্ত উপাত্ত কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ বড় করপোরেট ও ধনিক গোষ্ঠীকেই একচেটিয়া সুবিধা দেয়, যেখানে ক্ষুদ্র ব্যবসা বা সাধারণ মানুষ পিছিয়ে পড়ে। তাই সব খুলে দেওয়াও কোনো দায়িত্বশীল নীতি নয়।
তাই অঙ্গীকার বাস্তবায়নে প্রথম কাজ বিবিএসের স্বাধীনতা আইনে সুরক্ষিত করা, দ্বিতীয় কাজ তথ্য প্রকাশের নিয়মকে পূর্বানুমানযোগ্য করা এবং তৃতীয় কাজ নাগরিকের তথ্য ব্যবহারের সক্ষমতা বাড়ানো। মানুষ যখন তথ্য জানবে, যাচাই করবে এবং সেই তথ্য দিয়ে সরকারের কাছে জবাব চাইতে পারবে, শুধু তখনই সংখ্যার কারাগার থেকে মুক্তি পাবে বাংলাদেশের অর্থনীতি।
