বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকার ফরাশগঞ্জে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক লালকুঠি। ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপনার পুরোনো নাম নর্থব্রুক হল। সময়ের পরিক্রমায় অবহেলা, জীর্ণতা ও ব্যবহারের অনুপযোগিতায় হারিয়ে যেতে বসেছিল এর ঐতিহাসিক সৌন্দর্য। দীর্ঘ সংস্কার ও সংরক্ষণ কাজ শেষে নতুন রূপে ফিরেছে দেড় শতাব্দীরও বেশি পুরোনো এই স্থাপনা। এতে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পুরান ঢাকার ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
লালকুঠির ইতিহাস ব্রিটিশ শাসনামলের। ১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে স্মরণীয় করে রাখতে নগরীর বিশিষ্ট ব্যক্তিরা একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। ঢাকার জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ১৮৮০ সালের ২৫ মে ভবনটি উদ্বোধন করা হয় এবং নর্থব্রুকের নাম অনুসারে এর নাম রাখা হয় নর্থব্রুক হল।
লাল ইটের নির্মাণশৈলী ও রঙের কারণে স্থানীয় মানুষের কাছে এটি পরিচিতি পায় ‘লালকুঠি’ নামে। ভবনটির স্থাপত্যে মোগল ও ইউরোপীয় শিল্পরীতির অপূর্ব সমন্বয় দেখা যায়। খিলান, অলংকৃত দেওয়াল, মিনারসদৃশ অংশ এবং নান্দনিক প্রবেশপথ স্থাপনাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। একসময় এটি ছিল ঢাকার সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে সভা, আলোচনা, নাট্যচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হতো।
১৮৮২ সালে ভবনটির সঙ্গে একটি গণগ্রন্থাগার যুক্ত হয়। পরে এটি নর্থব্রুক পাবলিক লাইব্রেরি নামে পরিচিতি লাভ করে। দেশ-বিদেশ থেকে বই সংগ্রহের মাধ্যমে গ্রন্থাগারটি সমৃদ্ধ হয়ে ওঠে। দক্ষিণ পাশে গড়ে ওঠে জনসন হল নামে একটি ক্লাবঘর। একসময় দুর্লভ বইয়ের সংগ্রহ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জ্ঞানচর্চার জন্য লালকুঠির বিশেষ খ্যাতি ছিল।
লালকুঠির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। ১৯২৬ সালের ফেব্রুয়ারিতে কবির ঢাকা সফরকালে তাকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। ৭ ফেব্রুয়ারি ঢাকা পৌরসভা ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কবির সম্মানে মানপত্র পাঠ করা হয়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে স্থাপনাটির জৌলুস কমতে থাকে। অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। একসময় ঐতিহাসিক ভবনটি গুদাম হিসেবেও ব্যবহৃত হয়েছে। গ্রন্থাগারের বহু পুরোনো বই ও আসবাব নষ্ট হয়ে যায়। মুক্তিযুদ্ধের সময়ও গ্রন্থাগারের সংগ্রহে বড় ধরনের ক্ষতি হয়। একপর্যায়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর লালকুঠির সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজে ভবনটির মূল কাঠামো ও ঐতিহাসিক স্থাপত্যশৈলী ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দেওয়ালের ক্ষয় রোধ, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, কাঠামোগত সংস্কার এবং পুরোনো নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন অংশ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। ভবনের সামনের অংশে স্থাপন করা হয়েছে কৃত্রিম ফোয়ারা। নতুন করে সাজানো প্রাঙ্গণ ও সংস্কার করা স্থাপত্যের কারণে লালকুঠির সৌন্দর্য বেড়েছে। তবে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের ক্ষেত্রে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর মূল উপকরণ, স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক নিদর্শন রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
লালকুঠি শুধু একটি ঐতিহাসিক ভবন নয়, পুরান ঢাকার অনেক মানুষের কাছে এটি শৈশব, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক জীবনের স্মৃতিবিজড়িত স্থান। ভবনটি নাটক, কবিতা আবৃত্তি, আলোচনাসভা, ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন মানুষের মিলনমেলায় পরিণত হতো।
তবে সংস্কারকাজ শেষ হওয়াই শেষ কথা নয়; স্থাপনাটির দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, নিয়মিত পরিচর্যা এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে ভবনটির ইতিহাস তুলে ধরতে তথ্যফলক স্থাপন, গ্রন্থাগার চালু এবং পরিকল্পিত সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হলে এর ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে স্পষ্ট হয়ে উঠবে। বু-ড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা লালকুঠি আজ অতীত ও বর্তমানের মধ্যে এক সেতুবন্ধ। এর দেওয়াল, খিলান ও অলংকরণে মিশে আছে ঔপনিবেশিক আমলের স্থাপত্য, ঢাকার সাংস্কৃতিক বিকাশ এবং বহু মানুষের স্মৃতি।
