Logo
×

Follow Us

প্রতিবেদন

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

হরমুজ চলবে ইরান-ওমানের নিয়মে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

হরমুজ চলবে ইরান-ওমানের নিয়মে

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: আল-জাজিরা

হরমুজ প্রণালির যাবতীয় নিয়মকানুন ইরান এবং ওমানের আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান গালিবাফ। 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাসের যুদ্ধ অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথটির তদারকির বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রণালিতে কোনো “মুক্ত জলসীমা” (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী।’

স্পিকার গালিবাফ জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। শান্তি আলোচনার জন্য ইরানের সাতটি শর্তও জানানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

প্রধান আলোচক হিসেবে গালিবাফ জানিয়েছেন, ইরান যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থসম্পদ মুক্ত করা, সব ফ্রন্টে লড়াই বন্ধ করা এবং যুদ্ধ বন্ধের সুস্পষ্ট ঘোষণা দেওয়া।

তিনি বলেন, ‘জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।’

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করে, বরং আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’ তিনি আরও বলেন, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

গালিবাফ জানান, মস্কো সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করানোর অনুরোধ করেছিলেন মার্কিন কর্মকর্তারা।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকেও তিনি রাজনৈতিক চাপের মুখে পড়বেন।

গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’, এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সামরিক সক্ষমতাসহ একটি টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী এবং হুতিদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, ‘এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’

আনসার আল্লাহ নামেও পরিচিত হুথি গোষ্ঠীকে একটি সশস্ত্র সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইয়েমেন সরকার ও সৌদি আরব উভয় পক্ষ চাইলে সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’

গত অক্টোবরেও সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান। সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে তেহরান ওই প্রস্তাব দেয়। সম্প্রতি সৌদি রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫